বিভিন্ন কারণে মৃত্যুর অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকি উচ্চ রক্তচাপ। ছবি : সংগৃহীত একাধিক ওষুধের পরিবর্তে দুই বা তিন ধরনের উচ্চ রক্তচাপরোধী ওষুধে একত্রে তৈরি একটি বড়ি সেবনে রক্তচাপ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। দীর্ঘমেয়াদি এক গবেষণায় এমন ফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, প্রচলিত চিকিৎসার তুলনায় একক বড়ির সমন্বিত চিকিৎসায় রক্তচাপ দ্রুত কমে এবং দীর্ঘ সময় নিয়ন্ত্রণে থাকে।
যুক্তরাষ্ট্রের ইউটি সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের গবেষকদের সহ-নেতৃত্বে পরিচালিত গবেষণাটি ২০২৬ সালের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থাপন করা হয়। একই সঙ্গে গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী জামা-তে।
গবেষণায় নেতৃত্ব দেওয়া ইউটি সাউথওয়েস্টার্নের অধ্যাপক ডা. জিয়াং হে বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে একক বড়ির সমন্বিত চিকিৎসা কার্যকর, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পদ্ধতি হতে পারে। এতে রোগীদের নিয়মিত ওষুধ সেবনের প্রবণতা বাড়ে এবং চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টিও বৃদ্ধি পায়।’
বিশ্বজুড়ে হৃদরোগ, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, স্ট্রোক ও ডিমেনশিয়াসহ বিভিন্ন কারণে মৃত্যুর অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকি উচ্চ রক্তচাপ। উচ্চ আয়ের দেশগুলোতে এ রোগের প্রকোপ কমলেও নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বেড়েছে। যুক্তরাষ্ট্রে উচ্চ রক্তচাপে আক্রান্তদের মাত্র ২২ দশমিক ৫ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ হার আরও কম, মাত্র ১৩ দশমিক ৬ শতাংশ।
এই পরিস্থিতিতে একক বড়ির সমন্বিত চিকিৎসার দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাই করতে ‘ক্যারিবিয়ান অ্যান্ড সাউথ আমেরিকান টিম-বেসড স্ট্র্যাটেজি টু কন্ট্রোল হাইপারটেনশন’ বা ক্যাচ নামে একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হয়। চার বছর ধরে চলা এ গবেষণায় কলম্বিয়া ও জ্যামাইকার ৪০টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে আক্রান্ত ১ হাজার ৭০৬ জন রোগী অংশ নেন।
গবেষণায় রোগীদের দুটি দলে ভাগ করা হয়। এক দলকে প্রচলিত পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়। এ পদ্ধতিতে প্রথমে একটি ওষুধ দেওয়া হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে না এলে ধাপে ধাপে ওষুধের মাত্রা বাড়ানো বা নতুন ওষুধ যুক্ত করা হয়। অন্য দলকে দুই বা তিন ধরনের উচ্চ রক্তচাপরোধী ওষুধের সমন্বয়ে তৈরি একটি বড়ি দেওয়া হয়। পাশাপাশি বাড়িতে রক্তচাপ মাপার প্রশিক্ষণ এবং নিয়মিত ওষুধ সেবনে সহায়তা করেন স্বাস্থ্যকর্মীরা।
১৮ মাস পর দেখা যায়, একক বড়ি গ্রহণকারী রোগীদের সিস্টোলিক রক্তচাপ গড়ে প্রায় ১৯ পয়েন্ট কমেছে। প্রচলিত চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হ্রাস ছিল ৯ পয়েন্ট। একক বড়ি গ্রহণকারী দলের প্রায় ৭০ শতাংশ রোগীর রক্তচাপ ১৩০/৮০ মিমি পারদের নিচে নেমে আসে। অন্যদিকে, প্রচলিত চিকিৎসা নেওয়া দলের মাত্র ২৯ শতাংশ রোগী এই লক্ষ্যমাত্রা অর্জন করেন।
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ ফল হলো, ট্রায়াল শেষ হওয়ার ছয় মাস পরও একক বড়ি গ্রহণকারী দলের ৭৫ শতাংশ রোগী এই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তাদের রক্তচাপও তুলনামূলক ভালোভাবে নিয়ন্ত্রণে ছিল। এতে চিকিৎসা পদ্ধতিটির দীর্ঘমেয়াদি কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।
গবেষকদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে একক বড়ির চিকিৎসা পদ্ধতি নিয়ে আগের গবেষণাগুলো স্বল্পমেয়াদি ছিল। ফলে, দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। নতুন গবেষণাটি সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে, এ পদ্ধতির ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে আরও বড় পরিসরে ক্লিনিক্যাল গবেষণার প্রয়োজন রয়েছে।
গবেষণাটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের অধীন ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউটের অর্থায়নে পরিচালিত হয়েছে।
সূত্র : নিউজ মেডিকেল লাইফ সায়েন্স
সময়ের আলো/মহু