কখনো চোখের সংক্রমণ, প্রদাহ এমনকি গুরুতর রোগের লক্ষণ হিসেবেও চোখ লাল হতে পারে । ছবি : সংগৃহীতসকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে চোখের সাদা অংশ লালচে দেখলে অনেকেই বিষয়টিকে রাতের ঘুমের ঘাটতি বা ক্লান্তি বলে মনে করেন। কারও কারও ক্ষেত্রে চোখের ভেতরের ছোট ছোট রক্তনালিও স্পষ্ট হয়ে ওঠে। সাধারণত চোখের শুষ্কতা, অ্যালার্জি কিংবা ঘুমের অনিয়মের কারণে এমনটি হতে পারে। তবে সব সময় বিষয়টি সাধারণ সমস্যা নয়। কখনো চোখের সংক্রমণ, প্রদাহ এমনকি গুরুতর রোগের লক্ষণ হিসেবেও চোখ লাল হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চোখ লাল হওয়ার কারণ নির্ণয়ে এর সঙ্গে থাকা অন্যান্য উপসর্গও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যথা, দৃষ্টিশক্তির পরিবর্তন কিংবা আলোর প্রতি সংবেদনশীলতা থাকলে অবহেলা করা উচিত নয়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের এক প্রতিবেদনে সকালে ঘুম থেকে ওঠার পর চোখ লাল হওয়ার কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে।
১. ঘুমের আগে দীর্ঘ সময় পর্দায় তাকিয়ে থাকা
রাতে ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ফোন, কম্পিউটার কিংবা টেলিভিশন দেখলে চোখের ওপর চাপ পড়ে। একটানা পর্দার দিকে তাকিয়ে থাকলে স্বাভাবিকের তুলনায় পলক কম পড়ে। এতে চোখের আর্দ্রতা কমে গিয়ে শুষ্কতা ও লালচে ভাব তৈরি হতে পারে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর চোখ লাল দেখাতে পারে।
২. পর্যাপ্ত ঘুম না হওয়া
ঘুমের অভাব শরীরের পাশাপাশি চোখের ওপরও প্রভাব ফেলে। পর্যাপ্ত বিশ্রাম না পেলে চোখে ক্লান্তি ও শুষ্কতা দেখা দিতে পারে। এর ফলে চোখের সাদা অংশ লালচে হয়ে ওঠে। নিয়মিত ঘুমের ঘাটতি থাকলে এ সমস্যা আরও বাড়তে পারে।
৩. চোখের শুষ্কতা
ঘুমের সময় চোখের আর্দ্রতা বজায় রাখার প্রক্রিয়ায় পরিবর্তন আসে। যাঁদের আগে থেকেই ড্রাই আই বা চোখ শুষ্ক হওয়ার সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে চোখ বেশি লাল, খসখসে কিংবা জ্বালাপোড়াযুক্ত মনে হতে পারে। চোখে কিছু আটকে থাকার অনুভূতিও হতে পারে।
৪. অ্যালার্জি
বিছানার চাদর, বালিশের ধুলা, ধুলার মাইট, পোষা প্রাণীর লোম কিংবা ফুলের পরাগরেণু চোখে অ্যালার্জি তৈরি করতে পারে। এর ফলে চোখ লাল হওয়ার পাশাপাশি চুলকানি ও পানি পড়ার সমস্যা দেখা দেয়। রাতে এসব উপাদানের সংস্পর্শে থাকার কারণে সকালে উপসর্গ বেশি অনুভূত হতে পারে।
৫. ধুলাবালি ও ধোঁয়ার প্রভাব
বাতাসের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া এবং অতিরিক্ত শুষ্ক পরিবেশ চোখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এসব কারণে চোখের উপরিভাগের রক্তনালি প্রসারিত হয়ে লালচে ভাব দেখা দিতে পারে।
৬. অতিরিক্ত মদ্যপান
অতিরিক্ত অ্যালকোহল পানিশূন্যতা তৈরি করতে পারে। এতে চোখের স্বাভাবিক আর্দ্রতাও ব্যাহত হয়। ফলে আগের রাতে অতিরিক্ত মদ্যপানের পর সকালে চোখ লাল ও শুষ্ক দেখাতে পারে।
চোখ লাল হওয়ার পেছনে যেসব রোগ থাকতে পারে
চোখ লাল হওয়ার সঙ্গে অন্য উপসর্গ দেখা দিলে সেটি কোনো রোগের লক্ষণও হতে পারে। কয়েকটি সম্ভাব্য কারণ হলো—
ইউভাইটিস : চোখের মাঝের স্তর ইউভিয়ায় প্রদাহ হলে তাকে ইউভাইটিস বলা হয়। এতে চোখ লাল হওয়ার পাশাপাশি ব্যথা, ঝাপসা দেখা এবং আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হতে পারে। চোখের সামনে ভাসমান কালো দাগও দেখা যেতে পারে। দ্রুত চিকিৎসা না করালে দৃষ্টিশক্তির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
স্লিপ অ্যাপনিয়া : ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা বাধাগ্রস্ত হওয়ার সমস্যাকে স্লিপ অ্যাপনিয়া বলে। এ সমস্যায় সকালে মাথাব্যথা, দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব ও ক্লান্তি দেখা দিতে পারে। ঘুমের সমস্যা ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ একসঙ্গে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ঘুমের মধ্যে চোখ পুরোপুরি বন্ধ না হওয়া : কিছু মানুষের ঘুমের সময় চোখের পাতা পুরোপুরি বন্ধ হয় না। চিকিৎসাবিজ্ঞানে একে নকটার্নাল ল্যাগোফথ্যালমস বলা হয়। এতে ঘুমের মধ্যে চোখের উপরিভাগ শুকিয়ে যায়। সকালে চোখ লাল হওয়া, জ্বালাপোড়া, পানি পড়া কিংবা চোখে কিছু আটকে থাকার অনুভূতি হতে পারে।
চোখের রক্তনালি ফেটে যাওয়া : চোখের সাদা অংশে হঠাৎ উজ্জ্বল লাল রক্তের দাগ দেখা গেলে সেটি সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে। চোখের উপরিভাগের কোনো ছোট রক্তনালি ফেটে গেলে এমনটি ঘটে। অতিরিক্ত কাশি, চাপ প্রয়োগ কিংবা আঘাতের কারণেও এটি হতে পারে। সাধারণত এতে ব্যথা থাকে না এবং অনেক ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়। তবে চোখে আঘাতের পর এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ব্লেফারাইটিস : চোখের পাতার কিনারায় প্রদাহ হলে তাকে ব্লেফারাইটিস বলা হয়। এ সমস্যায় চোখ লাল হওয়ার পাশাপাশি চুলকানি, জ্বালাপোড়া এবং চোখের পাপড়ির গোড়ায় ময়লা বা খোসার মতো পদার্থ জমতে পারে। সকালে ঘুম থেকে উঠে চোখের পাপড়ি একসঙ্গে লেগে থাকার সমস্যাও দেখা যায়।
কনজাংটিভাইটিস বা চোখ ওঠা : ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা অ্যালার্জির কারণে চোখের বাইরের স্বচ্ছ আবরণে প্রদাহ হলে কনজাংটিভাইটিস হয়। এটি সাধারণভাবে চোখ ওঠা নামে পরিচিত। এতে চোখ লাল হওয়া, চুলকানি, পানি পড়া এবং কখনো পুঁজের মতো তরল বের হতে পারে। সকালে চোখের পাপড়ি আঠালো হয়ে একসঙ্গে লেগে থাকার সমস্যাও দেখা যায়।
অ্যাকিউট গ্লুকোমা : চোখের ভেতরের চাপ হঠাৎ অনেক বেড়ে গেলে অ্যাকিউট গ্লুকোমা হতে পারে। এতে চোখ লাল হওয়ার পাশাপাশি তীব্র ব্যথা, ঝাপসা দেখা, আলোর চারপাশে রঙিন বলয় দেখা, মাথাব্যথা ও বমি হতে পারে। এটি চোখের জরুরি অবস্থা। দ্রুত চিকিৎসা না নিলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে।
রিউমাটয়েড আর্থ্রাইটিস : এটি একধরনের অটোইমিউন রোগ, যেখানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা বিভিন্ন টিস্যুতে আক্রমণ করে। এর প্রভাব চোখেও পড়তে পারে। চোখ শুষ্ক ও লাল হওয়ার পাশাপাশি জয়েন্টে ব্যথা, দুর্বলতা এবং অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দিতে পারে।
চোখ লাল হলে কখন চিকিৎসকের কাছে যাবেন
সকালে ঘুম থেকে উঠে চোখ সামান্য লাল দেখালেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কিছু উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যেমন—
চোখে ব্যথা বা তীব্র অস্বস্তি হলে।
হঠাৎ ঝাপসা দেখা বা দুটি করে দেখার সমস্যা হলে।
আলোর দিকে তাকাতে কষ্ট হলে।
আলোর চারপাশে রঙিন বলয় দেখা গেলে।
চোখ থেকে পুঁজ বা অস্বাভাবিক তরল বের হলে।
চোখ লাল হওয়ার সঙ্গে মাথাব্যথা, বমি বমি ভাব বা বমি হলে।
চোখে আঘাত লাগার পর লালচে ভাব দেখা দিলে।
চোখের লালচে ভাব কয়েক দিনেও না কমলে বা বারবার ফিরে এলে।
বিশেষ করে তীব্র ব্যথা, হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া কিংবা চোখ লাল হওয়ার সঙ্গে বমি হলে অপেক্ষা না করে জরুরি চিকিৎসা নিতে হবে।
সকালে চোখ লাল হওয়ার পেছনে ঘুমের অভাব, শুষ্কতা বা অ্যালার্জির মতো সাধারণ কারণ থাকতে পারে। তবে একই সমস্যা বারবার দেখা দিলে কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ যুক্ত হলে অবহেলা করা ঠিক নয়। নিজের ইচ্ছামতো চোখের ড্রপ বা ওষুধ ব্যবহার না করে কারণ নির্ণয়ের জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।
সময়ের আলো/এসকে