রান্নার কিছু অভ্যাস পরিবর্তন করলেই গ্যাসের অপচয় কমানো সম্ভব । ছবি : সংগৃহীত রান্নার খরচ কমাতে শুধু বাজারসদাইয়ের হিসাব রাখলেই হয় না, নজর দিতে হয় গ্যাসের ব্যবহারেও। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য একটি সিলিন্ডার কত দিন ব্যবহার করা যাচ্ছে, সেটি মাসিক বাজেটের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ক্ষেত্রে, রান্নার কিছু অভ্যাস পরিবর্তন করলেই গ্যাসের অপচয় কমানো সম্ভব।
বেশ কিছু সহজ উপায়ে গ্যাস সাশ্রয় করা যায়। পাশাপাশি চুলার বার্নার পরিষ্কার রাখা এবং গ্যাসের পাইপ ও রেগুলেটরের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।ভারতভিত্তিক সংবাদমাধ্যম টিভি৯ বাংলার একটি প্রতিবেদনে রান্নার গ্যাস সিলিন্ডার বেশি দিন ব্যবহার এবং এর নিরাপত্তা নিশ্চিতের কয়েকটি সহজ কৌশলের কথা বলা হয়েছে।
রান্নার আগেই প্রস্তুতি নিন
চুলা জ্বালানোর পর সবজি কাটা, মসলা তৈরি কিংবা প্রয়োজনীয় উপকরণ খোঁজার অভ্যাস অনেকেরই রয়েছে। এতে রান্না না হলেও অকারণে গ্যাস খরচ হয়। তাই চুলা জ্বালানোর আগেই সবজি কেটে রাখা, মসলা তৈরি এবং প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে গুছিয়ে নেওয়া ভালো। এতে রান্নার সময় যেমন কমবে, তেমনি গ্যাসের অপচয়ও কমবে।
পাত্রের ঢাকনা ব্যবহার করুন
রান্নার সময় হাঁড়ি বা কড়াই ঢেকে রাখলে ভেতরের তাপ সহজে বাইরে বের হতে পারে না। ফলে খাবার দ্রুত সিদ্ধ হয় এবং রান্নার জন্য তুলনামূলক কম সময় চুলা জ্বালিয়ে রাখতে হয়। বিশেষ করে ভাত, ডাল, সবজি ও ঝোল রান্নার সময় ঢাকনা ব্যবহার করলে গ্যাস সাশ্রয় হতে পারে। তবে খাবার উপচে পড়ছে কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে।
প্রেশার কুকারে রান্নার অভ্যাস করুন
ডাল, ছোলা, মাংস কিংবা শক্ত সবজি রান্না করতে দীর্ঘ সময় লাগে। এসব খাবার প্রেশার কুকারে রান্না করলে তুলনামূলক দ্রুত সিদ্ধ করা সম্ভব। এতে চুলা দীর্ঘ সময় জ্বালিয়ে রাখার প্রয়োজন হয় না। তবে প্রেশার কুকার ব্যবহারের ক্ষেত্রে প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলা জরুরি। নিয়মিত ভালভ ও সিল পরীক্ষা করতে হবে। চাপ সম্পূর্ণ বের হওয়ার আগে কখনো কুকারের ঢাকনা খোলা যাবে না।
খাবার ফুটে উঠলে আঁচ কমান
অনেকেই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ বেশি রাখেন। অথচ পানি, ডাল কিংবা ঝোল ফুটে ওঠার পর খাবারের ধরন অনুযায়ী আঁচ কমিয়ে দিলেই রান্না চালিয়ে নেওয়া যায়। এতে অপ্রয়োজনীয় গ্যাস খরচ কমে। পাশাপাশি পাত্রের আকার অনুযায়ী আগুনের শিখা ঠিক রাখতে হবে। শিখা পাত্রের তলা ছাড়িয়ে পাশ দিয়ে বেরিয়ে গেলে তাপের অপচয় হয়। তাই প্রয়োজনের তুলনায় বেশি আঁচ ব্যবহার না করাই ভালো।
বার্নার নিয়মিত পরিষ্কার করুন
চুলার বার্নারের ছিদ্রে ময়লা ও খাবারের অবশিষ্টাংশ জমলে আগুনের শিখা স্বাভাবিকভাবে জ্বলতে বাধা পেতে পারে। এতে চুলার কার্যকারিতা কমে এবং রান্নায় বেশি সময় লাগতে পারে। তাই নিয়মিত বার্নার পরিষ্কার রাখা জরুরি। পরিষ্কারের আগে চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে।
আগুনের শিখা দীর্ঘ সময় হলুদ বা কমলা থাকলে কিংবা অস্বাভাবিকভাবে জ্বললে দক্ষ মেকানিকের সাহায্য নেওয়া উচিত। বার্নারের ছিদ্র পরিষ্কারে ধারালো ধাতব বস্তু ব্যবহার করা বা গ্যাসের সংযোগ নিজে মেরামত করা নিরাপদ নয়।
রান্নার পরিকল্পনা করে নিন
একই সময়ে একাধিক খাবার রান্না করতে হলে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া ভালো। কোন খাবার আগে রান্না করবেন, কোনগুলো একই সময়ে তৈরি করা সম্ভব, তা ঠিক করে নিলে সময় ও গ্যাস দুটোই সাশ্রয় হবে। চাল, ডাল ও ছোলার মতো খাবার রান্নার আগে পানিতে ভিজিয়ে রাখলেও সেদ্ধ হতে তুলনামূলক কম সময় লাগতে পারে।
এ ছাড়া, বারবার খাবার গরম করার প্রয়োজন কমানোর চেষ্টা করুন। পরিবারের সদস্যদের খাবারের সময় কাছাকাছি রাখা সম্ভব হলে একাধিকবার চুলা জ্বালানোর প্রয়োজনও কমবে।
গ্যাস সাশ্রয়ের পাশাপাশি নিরাপত্তায় সতর্ক থাকুন
রান্নার গ্যাসের অপচয় কমানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। রান্না শেষ হলে চুলার নব ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে রাখুন। সিলিন্ডার সব সময় সোজা অবস্থায়, তাপের উৎস থেকে দূরে এবং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে।
গ্যাসের পাইপে ফাটল কিংবা রেগুলেটরে কোনো সমস্যা আছে কি না, নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। জ্বলন্ত চুলা কখনো অযত্নে ফেলে রাখা উচিত নয়।
গ্যাসের গন্ধ পেলে কোনো অবস্থাতেই আগুন জ্বালানো যাবে না। বৈদ্যুতিক সুইচও চালু বা বন্ধ করা যাবে না। নিরাপদ হলে রেগুলেটর বন্ধ করে দরজা-জানালা খুলে দিতে হবে এবং বাইরে গিয়ে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাইপ, রেগুলেটর কিংবা সিলিন্ডারের কোনো অংশে সমস্যা দেখা দিলে নিজে মেরামত না করে দক্ষ ও অনুমোদিত মেকানিকের সহায়তা নিতে হবে।
মূলত, রান্নার গ্যাস সাশ্রয়ের জন্য বড় কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। দৈনন্দিন রান্নার অভ্যাসে সামান্য পরিবর্তন, সঠিকভাবে চুলা ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমেই গ্যাসের অপচয় কমানো সম্ভব। তবে কতটা সাশ্রয় হবে, তা নির্ভর করবে পরিবারের সদস্যসংখ্যা, রান্নার ধরন ও চুলার কার্যকারিতার ওপর।
সময়ের আলো/এসকে