বছরের পর বছর শুষ্ক থাকা মরুভূমি কখনো কখনো হঠাৎ রঙিন বুনোফুলে ছেয়ে যায়। ছবি : সংগৃহীত মরুভূমি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধু-ধু বালু, শুকনো মাটি ও বিরান প্রান্তরের ছবি। কিন্তু প্রকৃতির রয়েছে ভিন্ন এক রূপ। বছরের পর বছর শুষ্ক থাকা মরুভূমি কখনো কখনো হঠাৎ রঙিন বুনোফুলে ছেয়ে যায়। প্রকৃতির এই বিরল ও বিস্ময়কর ঘটনাকে বলা হয় ‘সুপারব্লুম’।
সহজভাবে বলতে গেলে, মরুভূমিতে স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক বেশি সংখ্যক বুনোফুল একসঙ্গে ফুটলে তাকে সুপারব্লুম বলা হয়। এ ঘটনার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যাগত সীমা নেই। তবে ফুলের আধিক্যে যখন বিস্তীর্ণ মরুভূমি রঙিন চাদরে ঢেকে যায়, তখনই দেখা মেলে এই অসাধারণ দৃশ্যের। কখনো কখনো মহাকাশ থেকেও ফুলে ঢাকা মরুভূমির রঙিন বিস্তার দেখা যায়।
পৃথিবীর সবচেয়ে শুষ্ক পরিবেশগুলোর মধ্যে মরুভূমি অন্যতম। এসব অঞ্চলে বছরে সাধারণত ২৫ সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। ফলে, সেখানে গাছপালার উপস্থিতিও তুলনামূলক কম। তবে, মরুভূমির মাটির নিচে লুকিয়ে থাকে অসংখ্য বুনোফুলের বীজ। সামান্য বৃষ্টিতেই কিছু বীজ অঙ্কুরিত হয়ে দ্রুত গাছ জন্মায়, ফুল ফোটে ও নতুন বীজ তৈরি করে। এরপর প্রচণ্ড তাপ ও খরার কারণে গাছগুলো মারা যায়। কিন্তু তাদের বীজ মাটির নিচে থেকে যায়।
অবিশ্বাস্য হলেও এসব বীজ বছরের পর বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত সুপ্ত অবস্থায় টিকে থাকতে পারে। অনুকূল পরিবেশের অপেক্ষায় মাটির নিচে এভাবেই বেঁচে থাকে তারা। বহু বছর পর কোনো মরুভূমিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হলে মাটির নিচে থাকা বিপুলসংখ্যক বীজ একসঙ্গে অঙ্কুরিত হতে শুরু করে। পর্যাপ্ত আর্দ্রতা, অনুকূল তাপমাত্রা ও ঝড়ো আবহাওয়ার অনুপস্থিতি ফুল ফোটার পরিবেশ তৈরি করে। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা বুনোফুলে ছেয়ে যায়। এভাবেই সৃষ্টি হয় সুপারব্লুম।
২০২৬ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডেথ ভ্যালি মরুভূমিতে এমন একটি সুপারব্লুম দেখা যায়। অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে মরুভূমির বিশাল এলাকা হলুদ বুনোফুলে ঢেকে যায়।
দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমিতেও মাঝেমধ্যে এমন দৃশ্য দেখা যায়। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর একটি আটাকামায় বিরল বৃষ্টিপাতের পর বেগুনি, গোলাপি ও হলুদ ফুলের সমারোহ তৈরি হয়।
সুপারব্লুম শুধু মানুষের চোখ জুড়ায় না, মরুভূমির প্রাণীদের জন্যও তৈরি করে খাবারের প্রাচুর্য। এ সময় মরুভূমির কচ্ছপ, শুঁয়োপোকা ও বিভিন্ন তৃণভোজী প্রাণী প্রচুর খাবার পায়। বছরের অন্য সময় খাদ্যসংকটে থাকা প্রাণীদের জন্য ফুল ও নতুন গজিয়ে ওঠা গাছপালা বেঁচে থাকার গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে।
সুপারব্লুমের দৃশ্য দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক বিভিন্ন মরুভূমিতে ভিড় করেন। তবে, বিজ্ঞানীরা ফুলের ওপর হাঁটা বা ফুল তুলে নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। কারণ এসব ফুল থেকেই নতুন বীজ তৈরি হয়, যা ভবিষ্যতে আরেকটি সুপারব্লুমের ভিত্তি গড়ে তোলে।
বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন অঞ্চলে খরা ও তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। ফলে, মরুভূমির উদ্ভিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়া কঠিন হয়ে উঠতে পারে। এতে ভবিষ্যতে কোনো কোনো অঞ্চলে সুপারব্লুমের ঘটনা আরও বিরল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র : সায়েন্স নিউজ, নিউ সায়েন্টিস্ট ও ন্যাশনাল জিওগ্রাফিক
সময়ের আলো/মহু