কিছু পাখি অন্য প্রাণীর ডাক নকল করে কেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

কিছু পাখি শুধু নিজ প্রজাতির ডাক বা গানই শেখে না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের অন্য পাখি এমনকি বিভিন্ন যন্ত্রের

2026-11-15T13:01:10+00:00
2026-11-15T13:08:57+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ফিচার
কিছু পাখি অন্য প্রাণীর ডাক নকল করে কেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১:০৮ পিএম
নর্দান মকিংবার্ড। ছবি : সংগৃহীত
কিছু পাখি শুধু নিজ প্রজাতির ডাক বা গানই শেখে না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের অন্য পাখি এমনকি বিভিন্ন যন্ত্রের শব্দও নকল করতে পারে। উত্তর আমেরিকার ‘নর্দান মকিংবার্ড’ এমনই এক অনুকরণকারী পাখি। এরা প্রায় ২০০ ধরনের ডাক ও গান শিখতে পারে। আশপাশের অন্য পাখির ডাক, গাড়ির অ্যালার্ম কিংবা পুরোনো দরজার কিচকিচ শব্দও অবিকল নকল করতে পারে।

বিজ্ঞানীদের ধারণা, স্ত্রী মকিংবার্ডরা বেশি গান গাইতে পারে- এমন পুরুষ পাখিদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই অন্য পুরুষদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পুরুষ মকিংবার্ড দ্রুত আশপাশের নানা শব্দ শেখে এবং সেগুলো নিজের গানের তালিকায় যুক্ত করে। বৈচিত্র্যময় গানকে পুরুষ পাখির বেশি বয়স ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতার ইঙ্গিত হিসেবে দেখা হয়।


এ ধরনের বৈশিষ্ট্য ছানাদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি বয়সে বড় পুরুষ পাখিরা বাচ্চা লালন-পালনে বেশি অভিজ্ঞ হয় এবং সহজে খাবার সংগ্রহ করতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যেসব মকিংবার্ডের গানের তালিকা যত সমৃদ্ধ, তাদের আবাসস্থলও তত ভালো ও খাদ্যে সমৃদ্ধ। এসব এলাকায় প্রচুর পোকামাকড়, বন্য আঙুর ও পারসিমন ফল পাওয়া যায়।

কিছু গবেষকের ধারণা, মকিংবার্ড অন্য প্রজাতির পাখির গান নকল করে তাদের ভয় দেখায়, যাতে তারা নিজেদের এলাকায় প্রবেশ না করে। তবে, এ ধারণার পক্ষে এখনো পর্যাপ্ত পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি।

লাইরবার্ড। ছবি : সংগৃহীত

লাইরবার্ড। ছবি : সংগৃহীত


নর্দান মকিংবার্ড উত্তর আমেরিকার সবচেয়ে পরিচিত অনুকরণকারী পাখিগুলোর একটি। তবে, বিশ্বের অন্যান্য অঞ্চলেই রয়েছে এমন অনেক পাখি। অস্ট্রেলিয়ার ‘লাইরবার্ড’ এবং দক্ষিণ আমেরিকার ‘লরেন্স থ্রাশ’ও বিভিন্ন শব্দ নকল করতে পারে।

মার্শ ওয়ারব্লার। ছবি : সংগৃহীত

মার্শ ওয়ারব্লার। ছবি : সংগৃহীত


ইউরোপের ‘মার্শ ওয়ারব্লার’ পাখির পুরুষ সদস্যরা শীতকালে আফ্রিকায় গিয়ে অন্য প্রজাতির পাখির ডাক শেখে। পরে ইউরোপে ফিরে প্রজনন মৌসুমে স্ত্রী পাখিদের আকৃষ্ট করতে এসব বৈচিত্র্যময় ডাক ব্যবহার করে।

আফ্রিকার ‘ইন্ডিগোবার্ড’ অন্য পাখির ডাক নকল করে ভিন্ন এক কৌশলে। এরা ‘ব্রুড পরজীবী’ অর্থাৎ নিজেরা বাসা তৈরি করে ডিম না পেড়ে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। ভিলেজ ইন্ডিগোবার্ড সাধারণত ‘রেড-বিলড ফায়ারফিঞ্চ’ পাখির বাসায় ডিম দেয়। ইন্ডিগোবার্ডের ছানারা পালক মা-বাবার কাছ থেকে খাবার চাওয়ার ডাক শিখে নেয়। ফলে পালক মা-বাবা তাদের নিজেদের ছানা ভেবে খাবার খাওয়ায় এবং বাসা থেকে বের করে দেয় না। বড় হওয়ার পর পুরুষ ইন্ডিগোবার্ডও পালক মা-বাবার ডাক অনুকরণ করে।

থিক-বিলড ইউফোনিয়া। ছবি : সংগৃহীত

থিক-বিলড ইউফোনিয়া। ছবি : সংগৃহীত


কিছু পাখি বিপদ থেকে বাঁচতেও অন্য প্রজাতির ডাক নকল করে। ‘থিক-বিলড ইউফোনিয়া’ নামের উষ্ণ অঞ্চলের একটি পাখি বাসা হুমকির মুখে পড়লে অন্য প্রজাতির পাখির বিপদসংকেত নকল করে। সেই ডাক শুনে আশপাশের অন্য পাখিরা সাহায্যের জন্য এগিয়ে আসে এবং শিকারি প্রাণীকে তাড়াতে ভূমিকা রাখে।

আবার যেসব পাখির সাধারণত শব্দ অনুকরণের প্রবণতা নেই, তারাও কখনো কখনো অন্য প্রজাতির ডাক শিখে ফেলে। যেমন ‘ব্লু জে’ পাখি রেড-টেইলড, রেড-শোল্ডারড ও ব্রড-উইন্ডেড বাজপাখির ডাক হুবহু নকল করতে পারে। তবে কেন তারা এমন করে, তা বিজ্ঞানীদের কাছে এখনো পুরোপুরি স্পষ্ট নয়।


কখনো কখনো গান শেখার প্রক্রিয়ায় ভুলের কারণেও পাখিরা অন্য প্রজাতির গান বা ডাক শিখে ফেলে। ‘ভেসপার স্প্যারো’ ও ‘হাউস রেন’ পাখিকে কখনো ‘বিউইকের রেন’-এর গান গাইতে দেখা যায়। একইভাবে ‘ইন্ডিগো বান্টিং’ ও ‘কমন ইয়েলোথ্রোট’ পাখিও ‘চেস্টনাট-সাইডেড ওয়ারব্লার’-এর গান গায়।

গবেষণায় দেখা গেছে, এ ধরনের ভুল গান শেখার পেছনে সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে না। ভুল গান শেখা পুরুষ পাখিরা স্ত্রী পাখিদের আকৃষ্ট করতে প্রায়ই ব্যর্থ হয়। ফলে, তারা পরবর্তী প্রজন্মে নিজেদের জিন বা বৈশিষ্ট্য ছড়িয়ে দেওয়ার সুযোগ কম পায়। এ কারণে পাখিদের মধ্যে ভুল গান শেখার প্রবণতা দীর্ঘদিন স্থায়ী হয় না এবং প্রাকৃতিকভাবেই তা কমে আসে।

সূত্র : অল অ্যাবাউট বার্ড ও হাউ স্টাফ ওয়ার্কস

সময়ের আলো/মহু
  বিষয়:   পাখি  ডাক  প্রাণী  নকল  নর্দান মকিংবার্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: