প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৪:৪১ পিএম
একই খাবার বারবার গরম করা, ঠান্ডা করা এবং আবার ফ্রিজে রাখার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ছবি : সংগৃহীত একবার রান্না করা খাবার ফ্রিজে রেখে পরে গরম করে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে একই খাবার বারবার গরম করা, ঠান্ডা করা এবং আবার ফ্রিজে রাখার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এর ফলে দেখা দিতে পারে ফুড পয়জনিংসহ নানা ধরনের শারীরিক সমস্যা।
ভারতীয় সংবাদমাধ্যমের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে এমন ৫ ধরনের খাবার নিয়ে সতর্ক করা হয়েছে। এসব খাবার বারবার গরম না করে প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে বের করে গরম করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভাত
আগের দিনের রান্না করা ভাত ফ্রিজে রেখে পরদিন গরম করে খাওয়ার অভ্যাস অনেকের বাড়িতেই আছে। তবে, ভাত সংরক্ষণে সামান্য অসতর্কতাও বিপদের কারণ হতে পারে। রান্না করা ভাত দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে তাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়া থেকে ফুড পয়জনিংয়ের ঝুঁকি তৈরি হয়। তাই ভাত রান্নার পর দীর্ঘ সময় বাইরে ফেলে না রেখে দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় পুরো পাত্র বের করে গরম না করে প্রয়োজনীয় পরিমাণ আলাদা করে গরম করাই ভালো।
মুরগির মাংসের তরকারি
মুরগির মাংসের তরকারি বা ঝোল বারবার গরম ও ঠান্ডা করা উচিত নয়। তাপমাত্রার বারবার পরিবর্তন এবং অনুপযুক্ত সংরক্ষণের কারণে খাবারে ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের খাবার সংরক্ষণের ক্ষেত্রে রান্নার পর ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখা ভালো। খাওয়ার আগে যতটুকু প্রয়োজন, শুধু সেই অংশটুকু ভালোভাবে গরম করে নিতে হবে।
মাছ ও সামুদ্রিক খাবার
মাছ ও সামুদ্রিক খাবার তুলনামূলক দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। রান্না করা মাছ দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে খাদ্যনিরাপত্তার ঝুঁকি বাড়ে। এ ছাড়া, বারবার গরম ও ঠান্ডা করার ফলে খাবারের স্বাদ ও গুণগত মানও নষ্ট হতে পারে। তাই রান্নার পর অবশিষ্ট মাছ ও সামুদ্রিক খাবার দ্রুত ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে ভালোভাবে গরম করে নেওয়া উচিত।
ডিমের তৈরি খাবার
অমলেট, স্ক্র্যাম্বলড এগ কিংবা ডিমের তরকারি- সব ধরনের রান্না করা ডিমের খাবার সংরক্ষণে সতর্কতা প্রয়োজন। রান্নার পর দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে এসব খাবারে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। এ কারণে রান্না করা ডিমের খাবার দ্রুত ফ্রিজে রাখা উচিত। খাওয়ার সময় প্রয়োজনীয় পরিমাণ বের করে ভালোভাবে গরম করে নিতে হবে।
ক্রিম ও দুধ দিয়ে তৈরি খাবার
পনির বাটার মসলা, ক্রিমি পাস্তা কিংবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন সস বারবার গরম করা ঠিক নয়। এসব খাবারে দুগ্ধজাত উপাদান থাকায় দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই রান্নার পর খাবার ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করা ভালো। খাওয়ার আগে যতটুকু প্রয়োজন, শুধু সেই অংশটুকু বের করে গরম করে নিন।
সময়ের আলো/মহু