বিশ্বের অনেক দেশ ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করছে। ছবি : সংগৃহীত প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কৌশলকে বলা হয় ‘ক্লাউড সিডিং’। সাধারণত আকাশে থাকা মেঘকে বৃষ্টিপাতের উপযোগী করে তুলতে বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এসব পদার্থের প্রভাবে মেঘের জলীয় কণা বড় হয়ে একসময় বৃষ্টির ফোঁটায় পরিণত হয়। খরা মোকাবিলা, কৃষিকাজে পানির চাহিদা পূরণ এবং বিভিন্ন প্রয়োজনে বিশ্বের অনেক দেশ এ প্রযুক্তি ব্যবহার করছে।
ক্লাউড সিডিং প্রক্রিয়ায় সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই-অক্সাইড এবং তরল প্রোপেনের মতো উপাদান ব্যবহার করা হয়। এসব পদার্থ মেঘের মধ্যে বরফের স্ফটিক তৈরিতে সহায়তা করে। তবে, বর্তমানে তুলনামূলক সস্তা ও কার্যকর হওয়ায় সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ খাবার লবণও এ কাজে ব্যবহার করা হচ্ছে।
মেঘের ভেতরের তাপমাত্রা সাধারণত মাইনাস ২০ থেকে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বরফের স্ফটিক তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। এ সময় সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক পদার্থ মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
এ কাজের জন্য উড়োজাহাজ কিংবা ভূমিতে স্থাপিত বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়। উড়োজাহাজ মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয়। এসব পদার্থের ক্ষুদ্র কণা মেঘের মধ্যে বরফের স্ফটিক তৈরির কেন্দ্র হিসেবে কাজ করে। এর ফলে মেঘের অতিশীতল পানির কণাগুলো স্ফটিকের সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে বড় আকার ধারণ করে। পরে এসব কণা ভারী হয়ে গেলে মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে আসে। তাপমাত্রা ও বায়ুমণ্ডলের অবস্থার ওপর নির্ভর করে তা বৃষ্টি কিংবা তুষারপাত হিসেবে ভূমিতে পৌঁছায়।
কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে গবেষণার ইতিহাস বেশ পুরোনো। ১৮৯১ সালে লুই গাথমান প্রথম তরল কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি সৃষ্টির প্রস্তাব দেন।
১৯৩০-এর দশকে বিজ্ঞানী বার্গেরন ও ফাইন্ডিসেন মেঘের মধ্যে অতিশীতল পানির কণা এবং বরফের স্ফটিকের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাতের একটি তত্ত্ব দেন। পরবর্তী সময়ে জেনারেল ইলেকট্রিকের গবেষক ভিনসেন্ট শিফার এ তত্ত্বের ভিত্তিতে গবেষণা এগিয়ে নেন। ১৯৪৬ সালের জুলাইয়ে তিনি কৃত্রিম বৃষ্টিপাতের মূলনীতি আবিষ্কার করেন। পরে নোবেলজয়ী বিজ্ঞানী আরভিং ল্যাংমুরের সঙ্গে যৌথভাবে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করেন।
ক্লাউড সিডিংয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বৃষ্টিপাত বাড়ানো। খরাপ্রবণ এলাকায় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির জোগান দিতে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত মেঘ থাকলে কোনো অঞ্চলের বৃষ্টিপাত কিছুটা বাড়ানো সম্ভব। কিছু গবেষণায় নির্দিষ্ট পরিস্থিতিতে বার্ষিক গড় বৃষ্টিপাত ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এর কার্যকারিতা আবহাওয়া, মেঘের ধরন ও পরিবেশগত অবস্থার ওপর নির্ভর করে।
এ ছাড়া বায়ুদূষণ কমানো, জলাধারে পানির সরবরাহ বাড়ানো এবং কিছু দেশে শিলাবৃষ্টি নিয়ন্ত্রণের প্রচেষ্টায়ও ক্লাউড সিডিং ব্যবহার করা হয়। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দুর্বল করার উদ্দেশ্যেও অতীতে এ প্রযুক্তি প্রয়োগের চেষ্টা হয়েছে। তবে, ক্লাউড সিডিংয়ের মাধ্যমে ঘূর্ণিঝড়ের শক্তি কমানো বা এর গতিপথ নিয়ন্ত্রণ করা যায়- এমন কার্যকারিতার নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কৃত্রিম বৃষ্টিপাতের ক্ষেত্রে চীন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসের আগে বৃষ্টিপাত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দেশটি ক্লাউড সিডিং ব্যবহার করেছিল। চীনে কৃষিকাজ, খরা মোকাবিলা ও আবহাওয়াসংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে নিয়মিত এ প্রযুক্তি প্রয়োগ করা হয়। দেশটির অতিমাত্রায় ক্লাউড সিডিং ব্যবহারের কারণে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৃষ্টিপাতের পানি বণ্টন নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।
ভারতেও কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এ ছাড়া ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইসরায়েল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এ প্রযুক্তি ব্যবহার করছে। আফ্রিকার মালি, নাইজার, মরক্কো, বুরকিনা ফাসো ও সেনেগালেও ক্লাউড সিডিংয়ের প্রয়োগ রয়েছে।
সূত্র: উইকিপিডিয়া ও রয়টার্স
সময়ের আলো/মহু