এই ৩ অভ্যাস বাড়াবে মস্তিষ্কের কার্যক্ষমতা

সময়ের আলো ডেস্ক

ফিচার

সুস্থ থাকতে অনেকেই খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব দেন। তবে শরীরের পাশাপাশি মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও প্রয়োজন

2026-11-16T16:25:19+00:00
2026-11-16T16:27:01+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ফিচার
এই ৩ অভ্যাস বাড়াবে মস্তিষ্কের কার্যক্ষমতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৪:২৭ পিএম
মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে প্রয়োজন সুন্দর সামাজিক জীবন। ছবি : সংগৃহীত
সুস্থ থাকতে অনেকেই খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব দেন। তবে শরীরের পাশাপাশি মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও প্রয়োজন সুন্দর সামাজিক জীবন। পরিবার, বন্ধু ও পরিচিতজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুধু মানসিক প্রশান্তিই দেয় না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষের সঙ্গে গভীর ও অর্থপূর্ণ সামাজিক সম্পর্ক মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদের সঙ্গে কথা বলা, মতবিনিময়, হাসি-আনন্দ ভাগাভাগি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করার সময় মস্তিষ্কের মনোযোগ ও স্মৃতিশক্তি সক্রিয় থাকে। একই সঙ্গে স্নায়ুতন্ত্রের বিভিন্ন সংযোগও শক্তিশালী হতে সহায়তা করে।


গবেষকদের মতে, যাদের সামাজিক সম্পর্ক দৃঢ়, তাদের স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি তুলনামূলক কম। প্রায় ১২ হাজার মানুষের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, একাকিত্ব ও নিঃসঙ্গতার কারণে ডিমেনশিয়ার ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক সম্পর্ক ধরে রাখা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমে যায়, পরিবারের সদস্যরাও নিজেদের কাজে ব্যস্ত থাকেন। তবে, কিছু সহজ উদ্যোগের মাধ্যমে আবারও সামাজিক সম্পর্ক সক্রিয় করা সম্ভব।

পুরোনো বন্ধুত্ব নতুন করে গড়ে তুলুন

সামাজিক যোগাযোগ বাড়ানোর সহজ উপায়গুলোর একটি হলো পুরোনো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ শুরু করা। যাদের সঙ্গে একসময় নিয়মিত সময় কাটিয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। অভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা সহজেই কথোপকথনের পরিবেশ তৈরি করতে পারে। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্য নিতে পারেন। পুরোনো বন্ধুদের খুঁজে বের করে বার্তা পাঠান। চাইলে ফোন বা ইমেইলের মাধ্যমেও যোগাযোগ শুরু করতে পারেন।


সম্পর্কের সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দিন

সামাজিক সম্পর্ক বেশি হলেই যে তা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে, এমন নয়। কিছু সম্পর্ক বরং মানসিক চাপ ও অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। তাই অনেক মানুষের সঙ্গে পরিচয় বাড়ানোর চেয়ে অল্প কয়েকজনের সঙ্গে আন্তরিক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।

‘জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যেসব নারী উচ্চমাত্রার সামাজিক চাপের কথা জানিয়েছেন, তাদের ১৫ বছরের মধ্যে গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি ছিল। গবেষণাটি সরাসরি মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে না হলেও হৃদ্‌রোগ ও জ্ঞানীয় সক্ষমতা হ্রাসের ঝুঁকির মধ্যে সম্পর্ক রয়েছে। তাই যেসব সম্পর্ক মানসিক প্রশান্তি দেয়, আনন্দ বাড়ায় এবং ইতিবাচক থাকতে সাহায্য করে, সেগুলোতে বেশি সময় দিন। মানসিকভাবে ক্লান্ত করে এমন সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকুন।


যোগাযোগের বিকল্প মাধ্যম ব্যবহার করুন

শারীরিক দূরত্ব বা চলাফেরার সীমাবদ্ধতার কারণে অনেক সময় সরাসরি দেখা করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে সামাজিক যোগাযোগ বজায় রাখা যেতে পারে।

বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলুন। প্রিয়জনদের খোঁজখবর নিতে ফোন বা ইমেইল ব্যবহার করুন। সরাসরি দেখা করার বিকল্প না হলেও এসব মাধ্যমে যোগাযোগ একাকিত্ব কমাতে সহায়তা করতে পারে।

এ ছাড়া, স্থানীয় লাইব্রেরি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের আয়োজনেও অংশ নিতে পারেন। বই পড়ার দল, আলোচনা সভা কিংবা সৃজনশীল প্রশিক্ষণে যুক্ত হলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে। স্থানীয় লাইব্রেরি বা প্রবীণদের জন্য পরিচালিত কেন্দ্র থেকেও এ ধরনের আয়োজনের তথ্য পাওয়া যেতে পারে।

মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে শুধু শরীরচর্চা বা স্বাস্থ্যকর খাবারই যথেষ্ট নয়, প্রয়োজন মানসিক প্রশান্তি ও সামাজিক সম্পৃক্ততাও। তাই একাকিত্বকে দীর্ঘস্থায়ী হতে না দিয়ে পুরোনো সম্পর্কগুলো নতুন করে গড়ে তুলুন, প্রিয়জনদের সময় দিন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করুন। ইতিবাচক সামাজিক সম্পর্ক দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

সূত্র : হার্ভাড হেলথ পাবলিশিং

সময়ের আলো/মহু
  বিষয়:   মস্তিষ্ক  স্বাস্থ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: