নতুন ওষুধে গায়েব অগ্ন্যাশয় ক্যানসারের টিউমার

সময়ের আলো ডেস্ক

ফিচার

সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ক্যানসারের একটি অগ্ন্যাশয়ের ক্যানসার (প্যানক্রিয়াটিক ক্যানসার)। তবে প্রতিদিন সেবনযোগ্য একটি নতুন বড়ি (পিল) এই রোগটি পুরোপুরি

2026-11-21T22:31:51+00:00
2026-11-21T22:31:51+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ফিচার
নতুন ওষুধে গায়েব অগ্ন্যাশয় ক্যানসারের টিউমার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ক্যানসারের একটি অগ্ন্যাশয়ের ক্যানসার (প্যানক্রিয়াটিক ক্যানসার)। তবে প্রতিদিন সেবনযোগ্য একটি নতুন বড়ি (পিল) এই রোগটি পুরোপুরি নিরাময়ের নতুন আশার আলো দেখাচ্ছে। চিকিৎসায় দেখা গেছে, ওষুধটি গ্রহণের পর আক্রান্ত রোগীদের শরীর থেকে টিউমার পুরোপুরি মিলিয়ে গেছে। অগ্ন্যাশয়ের ক্যানসারকে সাধারণত একটি ‘নীরব ঘাতক’ হিসেবে বিবেচনা করা হয়। 

গবেষণায় দেখা গেছে, কেমোথেরাপির পাশাপাশি ‘ড্যারাক্সনরাসিভ’ নামের এই বড়িটি সেবনের পর উন্নত তথা অ্যাডভান্সড স্টেজে থাকা প্রতি ১২ জন রোগীর একজনের শরীরে থাকা টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। ওষুধটির গবেষণার ফলাফল উপস্থাপনকারী চিকিৎসক ডা. উংকি পার্ক জানান, শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়া ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তিনি কখনো এভাবে টিউমার বিলীন হয়ে যেতে দেখেননি। তিনি বলেন, এটি পুরোপুরি আরোগ্যের সবচেয়ে কাছাকাছি একটি অর্জন।

পরিসংখ্যান অনুযায়ী, অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকই তিন মাসের মধ্যে মৃত্যুবরণ করেন। আর যাদের ক্যানসার শরীরের অন্যান্য প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, তাদের মধ্যে মাত্র ৩ শতাংশ রোগী পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকেন। যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান ‘ক্যানসার রিসার্চ ইউকে’র প্রধান নির্বাহী মিশেল মিচেল এই ওষুধটিকে গত কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। যুক্তরাজ্যে প্রতি বছর ১১ হাজারেরও বেশি মানুষ এই ক্যানসারে আক্রান্ত হন এবং ১০ হাজারের বেশি রোগী মারা যান।

ওষুধটি ‘কেআরএএস’ নামের একটি প্রোটিনকে লক্ষ্য করে আক্রমণ চালায়। ওষুধ দিয়ে প্রতিহত করা অত্যন্ত কঠিন হওয়ায় বিজ্ঞানীরা এটিকে ডেথ স্টার নামে ডাকেন। অগ্ন্যাশয়ের টিউমারে আক্রান্ত প্রতি ১০ জনের ৯ জনের দেহেই এই জিনগত মিউটেশন বা রূপান্তর দেখা যায়। এই মিউটেশনের কারণে প্রোটিনটি এমন সংকেত পাঠাতে থাকে, যা ক্যানসার কোষগুলোকে ক্রমাগত বাড়তে সাহায্য করে। কিন্তু ‘ড্যারাক্সনরাসিভ’ বড়িটি সেই প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এই ক্ষতিকর সংকেত পাঠানোর পথ বন্ধ করে দেয়।

এর আগের এক প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছিল, ওষুধটি রোগীদের গড় আয়ু দ্বিগুণ করেছে। চিকিৎসা বিষয়ক সেই ফলাফল চিকিৎসকদেরও আবেগাপ্লুত করে তুলেছিল। ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যানসার বিশেষজ্ঞ ডা. রচনা শ্রফ বলেন, ফলাফলটি পড়ার পর তিনি ক্লিনিকেই কেঁদে ফেলেছিলেন। আগের ওই পরীক্ষায় প্রায় ৫০০ জন রোগী অংশ নিয়েছিলেন, যাদের ক্যানসার পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল এবং যারা ইতিমধ্যেই প্রচলিত চিকিৎসা গ্রহণ করেছিলেন। পরীক্ষায় দেখা গেছে, যারা শুধু কেমোথেরাপি নিয়েছেন তাদের গড় আয়ু ছিল ৬ দশমিক ৭ মাস, আর যারা এই বড়িটি সেবন করেছিলেন তারা বেঁচে ছিলেন গড়ে ১৩ দশমিক ২ মাস; যা প্রায় দ্বিগুণ।

সবশেষ ট্রায়ালে কেমোথেরাপির সঙ্গে এই বড়িটি একসঙ্গে দিলে শরীরে কী প্রতিক্রিয়া হয়, তা পরীক্ষা করা হয়। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ‘ইওআরটিসি-এনসিআই-এএসিআর’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ডা. পার্ক এই গবেষণার ফলাফল তুলে ধরেন। পরীক্ষায় অংশ নেওয়া ৬১ জন রোগীর মধ্যে পাঁচজনের শরীর থেকে টিউমার পুরোপুরি বিলীন হয়ে গেছে। সামগ্রিকভাবে ৬০ দশমিক ৭ শতাংশ রোগীর টিউমার উল্লেখযোগ্য হারে সংকুচিত হয়েছে বা সম্পূর্ণ উধাও হয়েছে। এ ছাড়া এই চিকিৎসার মাধ্যমে ৯০ দশমিক ২ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের অনকোলজিস্ট ডা. পার্ক বলেন, প্রায় প্রতি ১২ জন রোগীর একজনের ক্ষেত্রে এটি পুরোপুরি উধাও হয়ে গেছে। দীর্ঘদিন পর্যবেক্ষণের পরও এই ফল মিলেছে, এটি বাস্তব। আমরা এর আগে কখনো এমন দৃশ্য দেখিনি। 

গবেষকরা গড়ে ১৮ মাস ধরে রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসাবিজ্ঞানে শনাক্তযোগ্য সব টিউমার অদৃশ্য হয়ে যাওয়াকে বলা হয় কমপ্লিট রেসপন্স। তবে ওই পাঁচ রোগীর শরীরে ক্যানসার আবার ফিরে আসবে কি না, তা এখনই নিশ্চিত করে বলার সময় আসেনি।

চিকিৎসা শুরুর এক বছর পরও গবেষণায় অংশ নেওয়া ৭৬ দশমিক ৬ শতাংশ রোগী বেঁচে ছিলেন। যেখানে সাধারণত শুধু কেমোথেরাপি গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এক বছর বেঁচে থাকার হার থাকে ৪০ থেকে ৪৫ শতাংশ। বর্তমানে এই ওষুধের তৃতীয় ধাপের (ফেজ-থ্রি) আন্তর্জাতিক ট্রায়ালের জন্য রোগী বাছাইয়ের প্রক্রিয়া চলছে।


প্যানক্রিয়াটিক ক্যানসার ইউকের গবেষণা প্রধান ডা. মাদিনা কারা বলেন, ক্যানসারে আক্রান্ত প্রিয়জনদের সঙ্গে আরও কিছুটা মূল্যবান সময় কাটানোর জন্য পরিবারের সদস্যরা যেকোনো কিছু করতে প্রস্তুত থাকেন। তিনি যুক্তরাজ্যজুড়ে রোগীদের দ্রুত ওষুধটির সুবিধা দিতে গবেষণায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মিশেল মিচেল জানিয়েছেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) ব্যবহারের অনুমোদনের আগে ওষুধটির আরও বৃহৎ পরিসরে পরীক্ষা প্রয়োজন। একই সঙ্গে অন্যান্য থেরাপির সঙ্গে ওষুধটি কীভাবে সবচেয়ে কার্যকরভাবে প্রয়োগ করা যায়, তা নির্ধারণে গবেষকদের আরও কাজ করতে হবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   নতুন ওষুধ  অগ্ন্যাশয় ক্যানসার  টিউমার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: