কম বয়সে স্মার্টফোন ব্যবহারে বাড়ে বিষণ্নতার ঝুঁকি

সময়ের আলো ডেস্ক

ফিচার

শিশুদের কাছে স্মার্টফোন এখন বিনোদন ও যোগাযোগের অন্যতম আকর্ষণীয় মাধ্যম। গেমস, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অনেক শিশু দিনের বড়

2026-11-21T12:18:05+00:00
2026-11-21T12:21:52+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ফিচার
কম বয়সে স্মার্টফোন ব্যবহারে বাড়ে বিষণ্নতার ঝুঁকি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ১২:২১ পিএম
অল্প বয়সে স্মার্টফোন ব্যবহার করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ছবি : সংগৃহীত
শিশুদের কাছে স্মার্টফোন এখন বিনোদন ও যোগাযোগের অন্যতম আকর্ষণীয় মাধ্যম। গেমস, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অনেক শিশু দিনের বড় একটি সময় ফোনে কাটায়। তবে, অল্প বয়সে স্মার্টফোন ব্যবহার করা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

‘পেডিয়াট্রিকস’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ১২ বছর বয়সে যেসব শিশু স্মার্টফোনের মালিক হয়, তাদের মধ্যে ঘুমের ঘাটতি, স্থূলতা ও বিষণ্নতার ঝুঁকি তুলনামূলক বেশি। শুধু ফোন ব্যবহারের বিষয়টিই নয়, কোন বয়সে শিশুর হাতে প্রথম স্মার্টফোন এসেছে, সেটিও ঝুঁকির মাত্রায় প্রভাব ফেলে। গবেষকদের হিসাবে, ফোন পাওয়ার বয়স এক বছর কম হলে ঝুঁকি প্রায় ১০ শতাংশ বাড়তে পারে।

গবেষণাটির প্রধান লেখক ফিলাডেলফিয়ার চিলড্রেন’স হসপিটালের শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ড. রান বারজিলাই। তিনি জানান, শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার বয়স যতটা সম্ভব পিছিয়ে দেওয়া উচিত বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। তবে বাস্তবে এর প্রভাব কতটা, তা যাচাই করতেই এ গবেষণা করা হয়েছে।


গবেষণায় ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, বার্কলে ও কলাম্বিয়া ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা অংশ নেন। তারা ‘অ্যাডোলেসেন্ট ব্রেইন কগনিটিভ ডেভেলপমেন্ট স্টাডি’র ১০ হাজার ৫০০-এর বেশি শিশুর তথ্য বিশ্লেষণ করেন। এসব শিশুর বয়স ছিল ৯ থেকে ১৬ বছর। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে স্মার্টফোনের মালিকানা এবং প্রথম ফোন পাওয়ার বয়সের সঙ্গে স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক খতিয়ে দেখা হয়।

গবেষণার হিসাবে, ১২ বছর বয়সে স্মার্টফোনের মালিক হওয়া শিশুদের বিষণ্নতার ঝুঁকি ১ দশমিক ৩ গুণ, স্থূলতার ঝুঁকি ১ দশমিক ৪ গুণ এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার ঝুঁকি ১ দশমিক ৬ গুণ বেশি।

গবেষকেরা আরও দেখতে পেয়েছেন, ১৩ বছর বয়সে প্রথম স্মার্টফোন পাওয়া শিশুদের মধ্যেও ঘুমের সমস্যা ও মানসিক স্বাস্থ্যের অবনতির লক্ষণ দেখা যায়। অর্থাৎ, আগের বছর ফোন না থাকলেও পরবর্তী সময়ে ফোন পাওয়ার সঙ্গে এসব ঝুঁকির সম্পর্ক রয়েছে। এমনকি ফোন পাওয়ার পর চার বছর বয়স থেকেই ঝুঁকি তৈরি হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।


গবেষণার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ড. বারজিলাই। তবে তিনি জানিয়েছেন, এ গবেষণা স্মার্টফোনের কারণে এসব সমস্যা তৈরি হচ্ছে, তা সরাসরি প্রমাণ করে না। যদিও ফোনের মালিকানা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে স্পষ্ট সম্পর্ক পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

তার মতে, স্মার্টফোনের যেমন কিছু ঝুঁকি রয়েছে, তেমনি যোগাযোগ ও তথ্য পাওয়ার ক্ষেত্রেও এর সুবিধা আছে। তাই শিশুদের ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ করার পরিবর্তে সঠিক নিয়ম ও সীমা নির্ধারণ জরুরি।

ড. বারজিলাইয়ের পরামর্শ, রাতে শিশুদের শোবার ঘরে স্মার্টফোন রাখতে দেওয়া উচিত নয়। পাশাপাশি খেলাধুলা, বই পড়া ও বাইরে সময় কাটানোর মতো ফোননির্ভর নয়- এমন কাজে তাদের উৎসাহিত করতে হবে।

সূত্র : এবিসি নিউজ

সময়ের আলো/মহু
  বিষয়:   শিশু  স্মার্টফোন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: