ফুড পয়জনিংয়ের পর দ্রুত সুস্থ হবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

দূষিত খাবার খাওয়ার কারণে অনেক সময় ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এতে বমি, ডায়রিয়া, পেটব্যথা, ক্লান্তি ও কখনো

2026-11-21T11:08:56+00:00
2026-11-21T11:11:26+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ফিচার
ফুড পয়জনিংয়ের পর দ্রুত সুস্থ হবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ২১.১১.২০২৬ ১১:১১ এএম
বেশিরভাগ ক্ষেত্রে ফুড পয়জনিংয়ের লক্ষণ কয়েক দিনের মধ্যেই কমে যায়। ছবি : সংগৃহীত
দূষিত খাবার খাওয়ার কারণে অনেক সময় ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এতে বমি, ডায়রিয়া, পেটব্যথা, ক্লান্তি ও কখনো জ্বর দেখা দেয়। কিছু নিয়ম মানলে ফুড পয়জনিংয়ের পর দ্রুত সুস্থ হতে পারবেন।

বেশিরভাগ ক্ষেত্রে ফুড পয়জনিংয়ের লক্ষণ কয়েক দিনের মধ্যেই কমে যায়। তবে, পুরোপুরি সুস্থ হতে কারও কারও বেশি সময় লাগতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে সংক্রমণ সেরে যাওয়ার পরও দীর্ঘদিন হজমের সমস্যা থাকতে পারে বলে জানিয়েছেন হার্ভার্ড-অধিভুক্ত বেথ ইসরায়েল ডিকনেস মেডিকেল সেন্টারের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. আলেকজান্ডার গোল্ডোস্কি।

ফুড পয়জনিং হলে সাধারণত বমি ও ডায়রিয়া হয়। এগুলো শরীর থেকে ক্ষতিকর জীবাণু ও বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এ ছাড়া পেটে মোচড়, ক্লান্তি, শরীর ব্যথা ও হালকা জ্বর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত ফুড পয়জনিংয়ের লক্ষণ ১২ থেকে ৪৮ ঘণ্টা স্থায়ী হয়। কয়েক দিনের মধ্যেই বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে ওঠেন। তবে ই. কোলাই, সালমোনেলা ও ক্যাম্পাইলোব্যাক্টরের মতো ব্যাকটেরিয়ার সংক্রমণে সুস্থ হতে এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত লাগতে পারে। আবার সাইক্লোস্পোরা নামের পরজীবীর সংক্রমণে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় অসুস্থতা থাকতে পারে। বমি ও ডায়রিয়া বন্ধ হওয়ার পরও শরীরে ক্লান্তি, পেট ফাঁপা কিংবা হজমের সমস্যা থাকতে পারে। কারও কারও ক্ষেত্রে এসব সমস্যা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়।


খাদ্যে বিষক্রিয়ার পর কত দিন সমস্যা থাকবে, তা নির্ভর করে সংক্রমণের ধরন ও অসুস্থতার তীব্রতার ওপর। বয়স ও রোগ প্রতিরোধক্ষমতাও গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ছোট শিশু, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের দীর্ঘদিন অসুস্থ থাকার ঝুঁকি বেশি। রোগ প্রতিরোধক্ষমতা কমায়- এমন ওষুধ সেবনকারীদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে।

কিছু ক্ষেত্রে ফুড পয়জনিংয়ের পর দীর্ঘমেয়াদি দুটি হজমের সমস্যা দেখা দিতে পারে।

প্রথমটি হলো, পোস্ট-ইনফেকশন ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এতে বারবার পেটব্যথা, ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য হতে পারে।

দ্বিতীয়টি হলো, পোস্ট-ইনফেকশন ফাংশনাল ডিসপেপসিয়া। এ সমস্যায় পেট ফাঁপা, বদহজম এবং অল্প খাবার খেয়েই পেট ভরে যাওয়ার অনুভূতি হয়।

২০২৪ সালের একটি বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে, পেটের সংক্রমণের অন্তত তিন মাস পর প্রতি সাতজনের একজনের আইবিএস এবং প্রতি আটজনের একজনের পিআইএফডি দেখা দিতে পারে।

এসব সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, সংক্রমণের কারণে অন্ত্রে প্রদাহ, অন্ত্রের দেয়ালের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন, স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতা এবং উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হতে পারে। অ্যান্টিবায়োটিক সেবনের কারণেও অন্ত্রের ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য বিঘ্নিত হতে পারে।


ফুড পয়জনিং হলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। তাই এ সময় সবচেয়ে জরুরি হলো শরীরে পানির ঘাটতি পূরণ করা।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, অল্প অল্প করে পানি, পরিষ্কার স্যুপ কিংবা ক্যাফেইনমুক্ত চা পান করা যেতে পারে। পানিশূন্যতার ঝুঁকি বেশি থাকলে খাবার স্যালাইন খেতে হবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও গুরুতর উপসর্গ থাকা রোগীদের এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।

খাবারের রুচি ফিরে এলে অল্প পরিমাণে সহজে হজম হয় এমন খাবার খাওয়া শুরু করুন। যেমন-

- সাদা ভাত, টোস্ট, নোনতা বিস্কুট ও ওটমিল।
- ডিম, মুরগির মাংস ও মাছের মতো চর্বিহীন প্রোটিন।
- ভালোভাবে সেদ্ধ করা শাকসবজি।

অন্যদিকে, সুস্থ হওয়ার আগপর্যন্ত কিছু খাবার এড়িয়ে চলা ভালো। যেমন-

- অতিরিক্ত চিনি ও ক্যাফেইনযুক্ত পানীয়।
- ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার।
- দুধ ও অন্যান্য দুগ্ধজাত খাবার।
- ঝাল ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার।
- বেশি আঁশযুক্ত খাবার।


ফুড পয়জনিংয়ের পর কলা, ভাত, আপেল সস ও টোস্ট খাওয়ার প্রচলিত নিয়মকে ব্র্যাট ডায়েট বলা হয়। তবে, এই খাবারগুলোতে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়া যায় না। তাই বিশেষজ্ঞরা দীর্ঘ সময় এই খাদ্যতালিকা অনুসরণের পরামর্শ দেন না। বরং শরীরের অবস্থা বুঝে ধীরে ধীরে স্বাভাবিক খাবারে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

দই, কেফির বা সাওয়ারক্রাউটের মতো প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার খেলে উপকার পাওয়া যায় কি না, তা নিয়েও নিশ্চিত প্রমাণ নেই। তবে, এসব খাবার খেয়ে কারও ভালো লাগলে তা খেতে বাধা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বেশিরভাগ ক্ষেত্রে ফুড পয়জনিং নিজে থেকেই সেরে যায়। তবে, কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, ছোট শিশু এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের প্রথম লক্ষণ দেখা দেওয়ার পরই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

এ ছাড়া, নিচের যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে-

- বারবার বমি হওয়া এবং পানি বা অন্য কোনো তরল খাবার পেটে রাখতে না পারা।
- প্রস্রাবের রং গাঢ় হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, দুর্বলতা বা দাঁড়ালে মাথা ঘোরা।
- মলের সঙ্গে রক্ত যাওয়া অথবা কালো মল হওয়া।
- ১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর।
- ৭২ ঘণ্টার বেশি সময় ধরে উপসর্গ থাকা।

রোগীর অবস্থা ও সংক্রমণের কারণ অনুযায়ী চিকিৎসক শিরায় স্যালাইন, অ্যান্টিবায়োটিক কিংবা পরজীবীনাশক ওষুধ দিতে পারেন। দীর্ঘদিন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা বদহজম থাকলেও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

কোন খাবার খেলে সমস্যা বাড়ছে, তা শনাক্ত করতে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে। এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি হজমের সমস্যাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ফুড পয়জনিংয়ের পর দীর্ঘদিন হজমের সমস্যা থাকলেও সঠিক চিকিৎসা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই উপসর্গ দীর্ঘস্থায়ী হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : হার্ভাড হেলথ পাবলিশিং

সময়ের আলো/মহু
  বিষয়:   ফুড পয়জনিং  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: