অন্ত্রের জীবাণুর ভারসাম্যহীনতা কিংবা পুষ্টির ঘাটতি মানসিক ক্লান্তি বাড়াতে পারে। ছবি : সংগৃহীত ঘুমের অভাব বা মানসিক চাপ নয়, মনোযোগের ঘাটতি ও স্মৃতিশক্তির সাময়িক দুর্বলতার পেছনে থাকতে পারে পরিপাকতন্ত্রের সমস্যাও। অন্ত্র ও মস্তিষ্কের ঘনিষ্ঠ যোগাযোগের কারণে হজমের গোলমাল, অন্ত্রের জীবাণুর ভারসাম্যহীনতা কিংবা পুষ্টির ঘাটতি মানসিক ক্লান্তি বাড়াতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে মস্তিষ্কের এমন ঝিমঝিমে অবস্থা, মনোযোগের অভাব ও স্মৃতিশক্তির সাময়িক দুর্বলতাকে বলা হয় ‘ব্রেইন ফগ’ বা মানসিক কুয়াশা। গবেষণায় দেখা গেছে, মানুষের অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই যোগাযোগব্যবস্থাকে বলা হয় ‘গাট-ব্রেইন অ্যাক্সিস’ বা অন্ত্র-মস্তিষ্ক সংযোগ।
বিশেষজ্ঞদের মতে, পরিপাকতন্ত্রের কিছু সমস্যা মানসিক ক্লান্তি, মনোযোগের ঘাটতি ও চিন্তাভাবনায় ধীরগতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। কীভাবে পেটের সমস্যা মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে, তা জেনে নেওয়া যাক।
অন্ত্রের সঙ্গে মস্তিষ্কের রাসায়নিক যোগাযোগ
আমরা সাধারণত মনে করি, মস্তিষ্কের প্রয়োজনীয় সব রাসায়নিক উপাদান সেখানেই তৈরি হয়। কিন্তু বাস্তবে অন্ত্রও এসব উপাদানের সঙ্গে সম্পর্কিত। শরীরের অধিকাংশ সেরোটোনিন অন্ত্রে তৈরি হয়। এটি মেজাজ ও ঘুম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অন্ত্রের জীবাণুগুলোও বিভিন্ন রাসায়নিক সংকেত তৈরিতে অংশ নেয়।
অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ও জীবাণুর ভারসাম্য নষ্ট হলে মস্তিষ্কের সঙ্গে এর যোগাযোগে প্রভাব পড়তে পারে। এর ফলে কারও কারও মধ্যে মানসিক অস্বস্তি, ক্লান্তি ও মনোযোগের সমস্যা দেখা দিতে পারে।
অন্ত্রের প্রদাহ ও মস্তিষ্কের ওপর প্রভাব
অন্ত্রের দেয়াল শরীরের জন্য একটি সুরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করে। এটি প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে এবং ক্ষতিকর উপাদান শরীরে প্রবেশে বাধা দেয়। তবে কিছু রোগ, দীর্ঘস্থায়ী প্রদাহ ও অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সমস্যার কারণে এই সুরক্ষাব্যবস্থা দুর্বল হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে অন্ত্রের দেয়ালের অতিরিক্ত ভেদ্যতাকে বলা হয় ‘ইনটেস্টাইনাল পারমিয়াবিলিটি’। এ অবস্থায় অন্ত্রের সঙ্গে রোগ প্রতিরোধব্যবস্থার প্রতিক্রিয়া এবং প্রদাহের সম্পর্ক তৈরি হতে পারে। কিছু গবেষণায় এসব প্রদাহের সঙ্গে মস্তিষ্কের কার্যক্রম ও মানসিক ঝিমুনির সম্পর্ক পাওয়া গেছে।
অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়া
মানুষের অন্ত্রে অসংখ্য উপকারী ও অন্যান্য ধরনের অণুজীব বসবাস করে। এগুলো খাবার হজম, পুষ্টি শোষণ এবং রোগ প্রতিরোধব্যবস্থায় ভূমিকা রাখে। অন্ত্রের এসব জীবাণুর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে হজমের সমস্যা, পেট ফাঁপা ও অস্বস্তি দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে জীবাণুর এই পরিবর্তনের সঙ্গে শরীরের প্রদাহ এবং মানসিক ক্লান্তির সম্পর্কও পাওয়া গেছে। তাই অন্ত্রের সুস্থতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
পুষ্টির ঘাটতিতে কমতে পারে মনোযোগ
মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য বিভিন্ন পুষ্টি উপাদান প্রয়োজন। এর মধ্যে ভিটামিন বি১২, আয়রন, ম্যাগনেশিয়াম ও প্রোটিনের ভূমিকা রয়েছে। হজম বা পুষ্টি শোষণে দীর্ঘদিনের সমস্যা থাকলে শরীরে এসব উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে ভিটামিন বি১২ ও আয়রনের ঘাটতি ক্লান্তি, দুর্বলতা এবং মনোযোগের সমস্যা তৈরি করতে পারে। ফলে কাজে মন বসতে চায় না, স্মৃতিশক্তিও দুর্বল মনে হতে পারে।
পেটের অস্বস্তি ও মানসিক চাপ
অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভেগাস নার্ভ। এই স্নায়ু মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের মধ্যে বিভিন্ন সংকেত আদান-প্রদান করে। পেটে অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, বুকজ্বালা কিংবা দীর্ঘস্থায়ী হজমের সমস্যা থাকলে, তা ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘদিন এমন অস্বস্তি চলতে থাকলে মানসিক ক্লান্তি ও মনোযোগের সমস্যাও বাড়তে পারে।
নির্দিষ্ট খাবারে সংবেদনশীলতা
কিছু মানুষের নির্দিষ্ট খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়া কিংবা অস্বস্তি দেখা দেয়। দুধ ও দুগ্ধজাত খাবার, গমের কিছু উপাদান কিংবা নির্দিষ্ট কৃত্রিম মিষ্টিকারক এর কারণ হতে পারে। এ ধরনের খাবার সহ্য করতে না পারলে বারবার হজমের সমস্যা দেখা দিতে পারে। এর প্রভাব ঘুম, দৈনন্দিন কাজ ও মানসিক স্বস্তির ওপরও পড়তে পারে। তবে, সবার ক্ষেত্রে একই খাবার সমস্যা তৈরি করে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো খাবার পুরোপুরি বাদ দেওয়া উচিত নয়।
মানসিক ঝিমুনি কমাতে যা করবেন
ব্রেইন ফগ কমাতে মস্তিষ্কের পাশাপাশি পরিপাকতন্ত্রের যত্ন নেওয়াও জরুরি। এ জন্য দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস গড়ে তুলতে পারেন।
তাড়াহুড়ো করে খাবার না খেয়ে ভালোভাবে চিবিয়ে খান। এতে হজম প্রক্রিয়া সহজ হয়।
শাকসবজি, ফলমূল, ডাল ও পূর্ণশস্য অন্ত্রের উপকারী জীবাণুর জন্য ভালো। নিয়মিত এসব খাবার খাওয়ার অভ্যাস করুন।
টক দইয়ের মতো গাঁজানো খাবারে উপকারী জীবাণু থাকতে পারে। তবে, খাবারটি যেন স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয়।
শরীরে পানির ঘাটতি হলে ক্লান্তি ও মনোযোগের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত পানি পান করুন।
কোন খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি বা মানসিক ঝিমুনি বাড়ছে, তা লিখে রাখতে পারেন। এতে খাবারের সঙ্গে সমস্যার কোনো সম্পর্ক আছে কি না, বোঝা সহজ হবে।
নিয়মিত ঘুম, হাঁটাচলা ও শরীরচর্চা মস্তিষ্ক এবং পরিপাকতন্ত্র- দুটির সুস্থতার জন্যই উপকারী।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
ব্রেইন ফগ বা মানসিক ঝিমুনির পেছনে শুধু পেটের সমস্যা দায়ী নয়। ঘুমের ঘাটতি, রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, মানসিক চাপ, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা অন্যান্য শারীরিক সমস্যাও এর কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে ভুলে যাওয়া, মনোযোগের অভাব বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করে প্রকৃত কারণ শনাক্ত করা জরুরি।
মনে রাখতে হবে, সুস্থ মস্তিষ্কের জন্য সুস্থ পরিপাকতন্ত্রও গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে শরীরের পাশাপাশি মস্তিষ্কের যত্নও নিতে হবে।
সূত্র : ইজিপ্ট টুডে
সময়ের আলো/মহু