ইতিহাসের অন্যতম আলোচিত নারী যোদ্ধা জোয়ান অব আর্ক। ছবি : সংগৃহীত ইতিহাসের পাতায় যুদ্ধজয়ের গল্পে পুরুষদের নামই বেশি উচ্চারিত হয়। তবে এমন অনেক নারীও অস্ত্র হাতে তুলে নিয়েছেন, যাদের সাহস, কৌশল ও নেতৃত্বে কেঁপে উঠেছে শক্তিশালী সাম্রাজ্য। কেউ লড়েছেন দেশের স্বাধীনতার জন্য, কেউ প্রতিশোধ নিতে, আবার কেউ নিজের শাসন ও ক্ষমতা টিকিয়ে রাখতে। ইতিহাসে দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য স্মরণীয় হয়ে আছেন এমনই ৭ নারী যোদ্ধা।
জোয়ান অব আর্ক
ইতিহাসের অন্যতম আলোচিত নারী যোদ্ধা জোয়ান অব আর্ক। ইংরেজদের বিরুদ্ধে ফরাসি বাহিনীর নেতৃত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন ফ্রান্সের বীরত্বের প্রতীক।
১৪১২ সালের ৬ জানুয়ারি ফ্রান্সের মিউজ নদীর তীরে দমরেমি গ্রামের এক কৃষক পরিবারে জন্ম জোয়ানের। ছোটবেলা থেকেই তার বিশ্বাস ছিল, ইংরেজদের পরাজিত করে ফ্রান্সকে মুক্ত করার জন্যই সৃষ্টিকর্তা তাকে পাঠিয়েছেন। কথিত আছে, মাত্র ১৩ বছর বয়সে ভেড়ার পাল চরানোর সময় তিনি দেবদূত মিকাইলের কণ্ঠ শুনতে পান। সেই দৈববাণীতে তাকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছিল।
কোনো সামরিক প্রশিক্ষণ না থাকলেও ফরাসি বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রিন্স চার্লসকে রাজি করাতে সক্ষম হন জোয়ান। পঞ্চদশ শতকের গোড়ার দিকে অর্লিন্সের যুদ্ধে তার নেতৃত্বে ফরাসিরা বড় বিজয় পায়। শত বছরব্যাপী ইংরেজ-ফরাসি যুদ্ধে এটিই ছিল ফরাসিদের অন্যতম বড় সাফল্য।
তবে, ফরাসি রাজপরিবারের যাজকদের বিরোধিতার মুখে পড়েন জোয়ান। একপর্যায়ে তাকে বন্দি করে ৭০টি অভিযোগ আনা হয়। ১৪৩১ সালের ৯ জানুয়ারি তার বিচার শুরু হয়। ডাইনি অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলে মাত্র ১৯ বছর বয়সে তাকে পুড়িয়ে হত্যা করা হয়।
মৃত্যুর ২০ বছর পর পোপ তৃতীয় ক্যালিক্সটাস তার বিচারপ্রক্রিয়া পর্যালোচনা করেন এবং জোয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়। ১৯২০ সালে তাকে ঈশ্বরপ্রেরিত সন্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
স্ক্যাথেচ
আইরিশ কিংবদন্তির নারী যোদ্ধা স্ক্যাথেচ ছিলেন দুর্ধর্ষ প্রশিক্ষক। স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের স্কাই দ্বীপে তার দুর্গ ও যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র ছিল। সেখানে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছাতে হতো। দ্বীপে পৌঁছানোই ছিল তাদের প্রথম পরীক্ষা। দুর্গের প্রবেশপথ পাহারা দিতেন তার মেয়ে উচাস।
স্ক্যাথেচের প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠিন। কীভাবে দুর্ভেদ্য দেয়াল ভাঙতে হয়, সমুদ্রের নিচে যুদ্ধ করতে হয়- এসব কৌশল শেখাতেন তিনি। পাশাপাশি নিজের উদ্ভাবিত ‘গাই বল্গ’ নামের কাঁটাযুক্ত হারপুনের মতো বিশেষ অস্ত্রের ব্যবহারও শেখাতেন। তার বিখ্যাত শিক্ষার্থীদের একজন ছিলেন কু চুলেইন, যিনি পরবর্তী সময়ে আয়ারল্যান্ডের জাতীয় বীরদের একজন হয়ে ওঠেন।
যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্ক্যাথেচ ‘মৃত্যুর দেবী’ হিসেবেও পরিচিতি পান। পৌরাণিক কাহিনি অনুযায়ী, কোনো যোদ্ধা তাকে পরাজিত করতে পারলে সে অমরত্ব লাভ করত।
ইলিরিয়ার রানী তিতা
যিশুখ্রিষ্টের জন্মের প্রায় ২৩০ বছর আগে বর্তমান বলকান উপদ্বীপে প্রভাব বিস্তার করেছিল ইলারিয়ান উপজাতিরা। তাদের শাসক ছিলেন রাজা অ্যাগরন। তার মৃত্যুর পর স্ত্রী রানী তিতা ক্ষমতায় বসেন। স্বামীর ইচ্ছা পূরণে তিনি একের পর এক বিদেশি ভূখণ্ড দখলের দিকে মনোযোগ দেন। জলদস্যুদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী নৌবাহিনী, যারা সমুদ্রপথে লুটতরাজ চালাত।
তিতার নেতৃত্বে জলদস্যুরা রোমান বণিক জাহাজে নিয়মিত হামলা শুরু করলে রোমান সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। প্রথমে সন্ধির প্রস্তাব দেওয়া হলেও, তিতা তা প্রত্যাখ্যান করেন। এমনকি সন্ধির প্রস্তাব নিয়ে আসা রোমান জাহাজগুলো আটক করে একজনকে বন্দি রেখে বাকিদের হত্যা করার নির্দেশ দেন তিনি।
এরপর রোমান সাম্রাজ্য তিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে ইলারিয়ানরা পরাজিত হলে তিতা আত্মসমর্পণ করেন। রোমানরা তাকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি ছোট এলাকা শাসনের অনুমতি দিলেও, তিনি তা প্রত্যাখ্যান করে সিংহাসন ছেড়ে দেন।
এরপর তিতার জীবন নিয়ে ইতিহাসে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন, তিনি সাধারণ মানুষের মতো দীর্ঘদিন বেঁচে ছিলেন। আবার কারও মতে, বাহিনীর নেতৃত্ব ফিরে পাওয়ার চেষ্টা ব্যর্থ হলে বর্তমান মন্টেনেগ্রোর সবচেয়ে উঁচু পাহাড় থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
তমি গজেন
জাপানের সামুরাইদের ইতিহাসে পুরুষদের আধিপত্য থাকলেও ‘অন্যা-বুগেইশা’ নামে নারী সামুরাইদের একটি দল ছিল। তারা নাগিনাটা নামের বিশেষ অস্ত্র ব্যবহার করতেন। এই দলের সবচেয়ে পরিচিত যোদ্ধাদের একজন ছিলেন তমি গজেন।
দ্বাদশ শতকে গজেনের শক্তি ও যুদ্ধদক্ষতা ছিল কিংবদন্তিতুল্য। ১১৮০ থেকে ১১৮৫ সালের মধ্যে জাপানের মিনামটো ও তিয়ারা শাসকগোষ্ঠীর মধ্যে জেনপেই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মিনামটোরা জয়ী হয়ে জাপানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। যুদ্ধে গজেনের নেতৃত্বাধীন বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার অসামান্য দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে জেনারেল পদমর্যাদাও দেওয়া হয়।
ইতিহাসে উল্লেখ রয়েছে, ১১৮৪ সালে মাত্র ৩০০ সামুরাই যোদ্ধা নিয়ে দুই হাজার তিয়ারা যোদ্ধার বিরুদ্ধে লড়াই করেন গজেন। ওই যুদ্ধে মাত্র ৭ জন বেঁচে ফিরেছিলেন, যাদের একজন ছিলেন তিনি। দীর্ঘ কালো চুল, সৌন্দর্য ও অসাধারণ শারীরিক শক্তির জন্যও ইতিহাসে তার বিশেষ পরিচিতি রয়েছে।
কুইন বৌডিকা
৪৩ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দখল করে রোমানরা। পরে স্থানীয় কয়েকটি গোত্রের রাজাদের নিজ নিজ এলাকা শাসনের অধিকার দেওয়া হয়। ইচানি সম্প্রদায়ের রাজা প্রাসুটাগাস ছিলেন তাদের একজন। তিনি বৌডিকাকে বিয়ে করেন এবং তাদের দুই মেয়ে ছিল।
কোনো পুত্রসন্তান না থাকায় মৃত্যুর আগে প্রাসুটাগাস স্ত্রী ও দুই মেয়েকে রাজ্য এবং গোত্রের উত্তরাধিকারী করে যান। কিন্তু ৬০ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর রোমানরা সেই ইচ্ছা উপেক্ষা করে রাজ্য দখল করে নেয়। একই সঙ্গে বৌডিকা ও তার দুই মেয়ের ওপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদের ধর্ষণও করা হয়।
পরিবার ও গোত্রের ওপর এই নৃশংসতার প্রতিশোধ নিতে বৌডিকা বিভিন্ন নিপীড়িত গোত্রকে একত্র করেন। তার নেতৃত্বে প্রায় এক লাখ যোদ্ধা রোমান শাসিত বিভিন্ন এলাকায় আক্রমণ চালায়। বৌডিকার বাহিনী রোমান ব্রিটেনের রাজধানী কামুলদুনামসহ আরও দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দখল করে ধ্বংস করে দেয়।
তবে, শেষ পর্যন্ত রোমানরা সর্বশক্তি দিয়ে তার বাহিনীকে পরাজিত করে। বন্দি হওয়ার পর বৌডিকা আত্মহত্যা করেন বলে জানা যায়। ধারণা করা হয়, প্রতিশোধের লড়াইয়ে তার বাহিনীর হাতে প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়েছিল।
অ্যান্না জিঙ্গা
অ্যাঙ্গোলার নজঙ্গো রাজপরিবারে জন্ম অ্যান্না জিঙ্গার। তার জন্মের সময় পর্তুগিজ মিশনারিরা অ্যাঙ্গোলাকে দাস ব্যবসার গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহার করত। নজঙ্গো রাজার সঙ্গে পর্তুগিজদের একটি চুক্তি ছিল- রাজা দাস ব্যবসায় বাধা দেবেন না, বিনিময়ে পর্তুগিজরা তার প্রজাদের দাস হিসেবে ধরে নিয়ে যাবে না।
রাজার মৃত্যুর পর পর্তুগিজরা চুক্তি উপেক্ষা করে তার ছেলেকে বন্দি করে। ভাইয়ের মুক্তি এবং চুক্তি বহাল রাখার দাবিতে রাজকুমারী জিঙ্গা পর্তুগিজ গভর্নরের সঙ্গে দেখা করতে যান। সেখানে তাকে বসার জন্য চেয়ার দেওয়া হয়নি। বিষয়টিকে অপমান হিসেবে না নিয়ে কৌশলে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করেন জিঙ্গা। সঙ্গে থাকা এক চাকরকে হাঁটু গেড়ে বসতে বলেন এবং তার পিঠের ওপর বসেই গভর্নরের সঙ্গে আলোচনা শুরু করেন।
জিঙ্গার নেতৃত্ব ও দৃঢ়তায় মুগ্ধ হয়ে গভর্নর তার ভাইকে মুক্তি দেন এবং চুক্তি বহাল রাখতে সম্মত হন। তবে, আলোচনা শেষে চুক্তির শর্ত ভঙ্গের পরিণতি বোঝাতে তিনি ওই চাকরকে হত্যা করেন বলে বর্ণনা রয়েছে।
এর কিছুদিন পর জিঙ্গার ভাই মারা গেলে ১৬২৪ সালে তিনি নজঙ্গোর সিংহাসনে বসেন। ১৬২৯ সালের দিকে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে দাস ব্যবসার পথগুলো বন্ধ করে দেন তিনি। ১৬৫৬ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত পর্তুগিজরা ওই রাজ্যে নিজেদের পতাকা ওড়ানোর সাহস পায়নি বলে বর্ণিত হয়েছে।
গ্রেস ও’মালি
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন আইরিশ জলদস্যু রানী গ্রেস ও’মালি। আনুমানিক ১৫৩০ সালে পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলীয় অঞ্চল শাসনকারী এক সর্দার পরিবারে তার জন্ম। বাবার মৃত্যুর পর গোত্রের নেতৃত্ব নেন তিনি। দুটি বিয়ের মাধ্যমে নিজের ক্ষমতাও আরও সুসংহত করেন।
১৫৫৮ সালে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ আয়ারল্যান্ডে ব্রিটিশ প্রভাব বিস্তারের উদ্যোগ নিলে তার অন্যতম প্রতিপক্ষ হয়ে ওঠেন ও’মালি। ২০টি জাহাজ নিয়ে গড়ে তোলেন জলদস্যু বাহিনী। সমুদ্রে স্প্যানিশ ও ব্রিটিশ জাহাজে হামলা চালাতেন তিনি। ছোট করে ছাঁটা চুলের কারণে ‘ন্যাড়া’ নামেও পরিচিত ছিলেন এই নারী যোদ্ধা। কথিত আছে, সন্তান জন্ম দেওয়ার পরদিনই তিনি সমুদ্রে যুদ্ধে অংশ নিয়েছিলেন।
১৫৭৪ সালে ব্রিটিশ সরকার তাকে বন্দি করে। পরে মুক্তি পেলেও লুটতরাজ থেকে বিরত থাকেন তিনি। ১৫৯০ সালের দিকে সরকার তার জাহাজের বহর বাজেয়াপ্ত করে। এরপর ৬৩ বছর বয়সে নিজের শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কথা জানিয়ে রানী প্রথম এলিজাবেথের কাছে জাহাজ ফেরত এবং বন্দি ছেলের মুক্তি চান।
তবে ইতিহাসের বর্ণনা অনুযায়ী, ১৬০৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত ও’মালি ও তার ছেলেরা জলদস্যুতার সঙ্গে যুক্ত ছিলেন। একই বছর তার প্রধান প্রতিপক্ষ রানী প্রথম এলিজাবেথেরও মৃত্যু হয়।
সময়ের আলো/মহু