বিয়ের দিন বর-কনে হাসতে পারেন না, কেন এমন রীতি?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বিয়ে মানেই আনন্দ, হাসি-ঠাট্টা ও উৎসব। তবে, মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিছু পরিবার ও সম্প্রদায়ের বিয়েতে দেখা যায়

2026-11-17T17:12:22+00:00
2026-11-17T17:16:23+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ফিচার
বিয়ের দিন বর-কনে হাসতে পারেন না, কেন এমন রীতি?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৫:১৬ পিএম
কঙ্গোর কিছু সম্প্রদায়ের মধ্যে বিয়ের অনুষ্ঠানে গম্ভীর থাকার রীতি দেখা যায়। ছবি : সংগৃহীত
বিয়ে মানেই আনন্দ, হাসি-ঠাট্টা ও উৎসব। তবে, মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিছু পরিবার ও সম্প্রদায়ের বিয়েতে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে বিয়ের দিন বর-কনেকে গম্ভীর মুখে থাকতে উৎসাহিত করা হয়। এমনকি ছবি তোলার সময়ও তাদের হাসিমুখে দেখা না যাওয়ার প্রচলন রয়েছে। কিন্তু কেন এই ব্যতিক্রমী রীতি?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিয়ে কেবল আনন্দ-উৎসবের আয়োজন নয়; এটি জীবনের গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তাই বিয়ের দিন অতিরিক্ত হাসি-ঠাট্টা বা উচ্ছ্বাস প্রকাশ করলে বর-কনে বিয়ের গুরুত্ব বুঝতে পারছেন না- এমন ধারণা তৈরি হতে পারে। এ কারণেই কিছু সম্প্রদায়ের মধ্যে বিয়ের অনুষ্ঠানে গম্ভীর থাকার রীতি দেখা যায়। তবে, এটি কঙ্গোর সর্বজনীন কোনো নিয়ম নয়। দেশটির সব অঞ্চলের মানুষ বা সব জাতিগোষ্ঠী এই রীতি অনুসরণ করে না। 

কঙ্গোর ঐতিহ্যবাহী সমাজে বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্কের বিষয় নয়। এর মাধ্যমে দুটি পরিবার এবং আত্মীয়গোষ্ঠীর মধ্যে নতুন বন্ধন তৈরি হয়। তাই বিয়ের সিদ্ধান্তে পরিবারের সম্মতি, বয়োজ্যেষ্ঠদের মতামত ও সামাজিক স্বীকৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


ঐতিহ্যগতভাবে পাত্রের পরিবার কনের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেত। এ সময় কনের পরিবারকে উপহার দেওয়ার রীতিও প্রচলিত ছিল, যা ‘ব্রাইড প্রাইস’ বা কনেপণ হিসেবে পরিচিত। অঞ্চল ও সম্প্রদায়ভেদে এসব উপহারের ধরন আলাদা। কোথাও গবাদিপশু, ছাগল, মুরগি কিংবা গৃহস্থালি সামগ্রী দেওয়া হতো। বর্তমানে অনেক ক্ষেত্রে অর্থের মাধ্যমে এই প্রথা পালন করা হয়।

কঙ্গোর বিয়ের আয়োজনেও সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতির প্রভাবও পড়েছে। বিশেষ করে ঔপনিবেশিক শাসনামলের পর সামাজিক ও ধর্মীয় জীবনে নানা পরিবর্তন ঘটে। ফলে, বর্তমানে দেশটিতে ঐতিহ্যবাহী আয়োজনের পাশাপাশি চার্চে বিয়ে, সাদা গাউন ও আধুনিক পোশাকের প্রচলনও রয়েছে।

কঙ্গোর ঐতিহ্যবাহী বিয়েতে কনের পোশাকে উজ্জ্বল রং ও বাহারি নকশার প্রাধান্য দেখা যায়। এমন পোশাকের একটি পরিচিত ধরন হলো ‘লিপুটা’। রঙিন কাপড় দিয়ে তৈরি এই পোশাকে সাধারণত ব্লাউজ, নিচের অংশে জড়ানোর কাপড়, কোমরের বেল্ট এবং মাথার স্কার্ফ থাকে। বরের পোশাকেও কনের সাজের সঙ্গে মিল রাখা হয়। একই রং বা নকশার কাপড় ব্যবহার করে দুজনের পোশাকে সামঞ্জস্য আনা হয়। তবে, আধুনিক বা পাশ্চাত্য ধাঁচের বিয়েতে কনেকে সাদা গাউন এবং বরকে স্যুট পরতেও দেখা যায়। শুধু বর-কনেই নন, পরিবারের সদস্য ও অতিথিরাও বিয়েতে রঙিন ও জমকালো পোশাক পরেন। অনেক সময় অনুষ্ঠানের ধরন অনুযায়ী বর-কনে ও পরিবারের সদস্যরা পোশাক পরিবর্তন করেন।


কঙ্গোর ঐতিহ্যবাহী বিয়ের অন্যতম আয়োজন হলো ‘ডট’ বা ‘দোতে’। সাধারণত কনের বাড়িতে এই অনুষ্ঠান হয়। এতে দুই পরিবারের সদস্যরা একত্র হন। পরিবারের প্রতিনিধিরা বিয়ের শর্ত, উপহার বিনিময় এবং অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করেন।

কিছু সম্প্রদায়ের মধ্যে এই আয়োজনে মজার একটি রীতিও দেখা যায়। বর কনের বাড়িতে পৌঁছানোর পর কনেকে আড়ালে রাখা হয়। বরপক্ষের সদস্যরা তাকে সামনে আনার অনুরোধ করলে কনেপক্ষ মজার ছলে দর-কষাকষি শুরু করে। কখনো কনের পরিবর্তে তার বোন বা অন্য কাউকে সামনে এনে হাস্যরসের পরিবেশ তৈরি করা হয়। পরে কনে সামনে এলে বিয়ের আনুষ্ঠানিকতা এগিয়ে যায়।


বিয়ের দিন বর-কনেকে গম্ভীর থাকার রীতি থাকলেও কঙ্গোর বিয়েতে গান ও নাচের আয়োজন বেশ জমকালো। অতিথিরা শুধু অনুষ্ঠান উপভোগ করেন না, বর-কনের সঙ্গে নাচেও অংশ নেন। অনেক সময় নির্দিষ্ট গানের সঙ্গে আগে থেকেই নাচের প্রস্তুতি নেওয়া হয়।

বিয়ের শোভাযাত্রায় আনন্দ প্রকাশের জন্য বিশেষ ধরনের চিৎকার বা উল্লাসের রীতিও রয়েছে। স্থানীয়ভাবে এটি ‘মিলোলো’ নামে পরিচিত। এ ছাড়া, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের বক্তব্য দেওয়ার প্রচলন রয়েছে। বিশেষ করে কনের বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়।

খাবারের আয়োজনেও থাকে স্থানীয় সংস্কৃতির ছাপ। মাংস, মাছ, ভাত, ভাজা প্ল্যানটেইন বা রান্না করা কলার পাশাপাশি পরিবেশন করা হয় ‘পোন্দু’। কাসাভা পাতার সঙ্গে রসুন, পেঁয়াজ ও মরিচ দিয়ে তৈরি এই খাবার কঙ্গোর পরিচিত খাবারগুলোর একটি।

সূত্র: এলএ টাইমস

সময়ের আলো/মহু
  বিষয়:   বিয়ে  কঙ্গো  অদ্ভুত রীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: