প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ১২:১৩ পিএম
ইতালির সমৃদ্ধ শহর সিয়েনা। ছবি : সংগৃহীত ১৭টি পাড়া নিয়ে একটি শহর গঠিত। শহরটির বয়স প্রায় ৩ হাজার বছর। মজার ব্যাপার হলো, প্রতিটি পাড়ায় রয়েছে নিজস্ব পতাকা। একেকটি পতাকা একেকটি পশুর ছবি দিয়ে নকশা করা। পশুগুলোর বেশির ভাগই দূরপ্রাচ্য কিংবা আফ্রিকার। বলছিলাম ইতালির একটি সমৃদ্ধ শহর ‘সিয়েনা’র গল্প।
মধ্যযুগে সিয়েনা বেশ বড় ব্যবসাকেন্দ্র ছিল। সেখানে দূরপ্রাচ্য ও আফ্রিকা থেকে মানুষের যাতায়াত ছিল। তাদের কল্যাণেই সেসব দেশের গল্প, ছবি কিংবা সংস্কৃতি মিশে গিয়েছিল সিয়েনা শহরের জীবনযাপনে।
সিয়েনায় বছরে দুবার আয়োজন করা হয় বিখ্যাত ঘোড়দৌড় প্রতিযোগিতা। ৮০০ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। সিয়েনা শহরের ১৭টি পাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি ঘোড়ার পিঠে থাকে সেই পাড়ার একজন মানুষ। যদি ঘোড়ার পিঠ থেকে কোনো মানুষ পড়ে যায়, তাতে সমস্যা নেই। এই প্রতিযোগিতায় ঘোড়াই আসল প্রতিযোগী। যে ঘোড়া সবার আগে লক্ষ্যে পৌঁছাতে পারবে, সেই পাড়াই জিতবে, ঘোড়ার পিঠে মানুষ থাকুক বা না থাকুক। সেই ঘোড়দৌড় দেখার টিকিট মূল্য দেড় লাখ ইউরো থেকে মিলিয়ন ইউরো পর্যন্ত। অর্থাৎ, দেড় থেকে ১০ কোটি টাকা! আরও আশশ্চর্যের ব্যাপার হচ্ছে, এসব টিকিট বেশিরভাগই কয়েক বছর আগেই বিক্রি হয়ে যায়। সিয়েনার ঘোড়দৌড় এতটাই জনপ্রিয়।
এই প্রতিযোগিতায় জিতলে কোনো টাকাপয়সা পাওয়া যায় না। যে পাড়ার ঘোড়া জিতে সেই পাড়া পায় সম্মানিত এলাকার মর্যাদা। ওই পাড়ার পতাকা সিয়েনার সিটি মেয়রের মূর্তির সামনে স্থাপন করা হয়। সিয়েনার প্রতিটি পাড়ার যেমন নিজস্ব পতাকা রয়েছে, তেমনি আছে ভিন্ন ভিন্ন প্রতীকচিহ্ন। জিতে যাওয়া পাড়াটির প্রতীকচিহ্ন লাগানো হয় চার্চের দেওয়ালে। ইউরোপীয়দের কাছে সম্মান ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে, সম্মানের জন্য তারা প্রাণপাতও করতে পারে!
সিয়েনায় যে পাড়ায় যার জন্ম, তাকে চিরকাল সেই পাড়াতেই থাকতে হয়। কেউ যদি এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে বাড়ি বানাতে চায় বা বসবাস করতে চায়, অর্থাৎ পাড়া বদলাতে চায়, তাহলে সিয়েনা শহর থেকে আজীবনের জন্য তাকে বহিষ্কার করা হয়। সিয়েনার গেটের দরজা চিরতরে তার জন্য বন্ধ হয়ে যায়। পাড়া বদলাতে চাওয়া সেখানে এতটাই মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয় যে, তা ক্ষমার অযোগ্য!
এই অদ্ভুত সিয়েনা শহরের জন্ম নিয়ে আছে রূপকথার মতো গল্প। ‘রোমুলাস’ ও ‘রেমুস’ দুই ভাই। পারিবারিক ষড়যন্ত্রের ফাঁদে ফেলে তাদের মারার জন্য ফেলে আসা হয়েছিল টাইবার নদীর তীরে জঙ্গলের ভেতরে। জঙ্গলের এক মাদি নেকড়ে তাদের স্তন্য দান করে বাঁচিয়ে রাখে। তারপর রাখালরা তাদের খুঁজে পেয়ে লোকালয়ে নিয়ে আসেন। দুই ভাই বড় হয়ে ওঠার পর তাদের ভেতরে মতার অমিল দেখা দেয়। তখন রোমুলাস রেমুসকে হত্যা করে। এরপর সে প্যালেটাইন পাহাড়ের উপত্যাকায় এক নতুন জনপদের পত্তন ঘটায়। তার নাম অনুসারে সেই জনপদের নাম রাখা হয় ‘রোম’। রেমুসের ছিল দুই ছেলে ‘সেনিয়াস’ ও ‘আকিক্লাস’। বাবাকে মেরে ফেলা হলে তারা সেখান থেকে ‘তসকান’ অঞ্চলে চলে যায়। সেখানের পাহাড়ি এলাকায় তারা নতুন জনপদ গড়ে তোলে। সেনিয়াসের নাম অনুসারে সেই জনপদের নাম হয় ‘সিয়েনা’; যা আজকের এই ১৭টি পাড়ার অদ্ভুত সিয়েনা শহর।
সময়ের আলো/মহু