বয়সের ছাপ লুকানোর এত চেষ্টা কেন, কী বলছে গবেষণা?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বয়স বাড়ার সঙ্গে চুল পাকা, ত্বকে বলিরেখা পড়া কিংবা চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সমাজে তরুণ দেখানোর প্রবণতা এমনভাবে প্রতিষ্ঠিত

2026-11-17T10:53:35+00:00
2026-11-17T10:55:51+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ফিচার
বয়সের ছাপ লুকানোর এত চেষ্টা কেন, কী বলছে গবেষণা?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম  আপডেট: ১৭.১১.২০২৬ ১০:৫৫ এএম
তারুণ্য ধরে রাখতে নানা প্রসাধনী ও চিকিৎসার আশ্রয় নিচ্ছেন অনেকে। ছবি : সংগৃহীত
বয়স বাড়ার সঙ্গে চুল পাকা, ত্বকে বলিরেখা পড়া কিংবা চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সমাজে তরুণ দেখানোর প্রবণতা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে, বয়সের ছাপ দৃশ্যমান হওয়াকে অনেকেই নেতিবাচকভাবে দেখেন। তারুণ্য ধরে রাখতে নানা প্রসাধনী ও চিকিৎসার আশ্রয় নিচ্ছেন অনেকে। কিন্তু, বয়স বেড়ে যাওয়াকে আমরা এত ভয় পাই কেন? 

বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বয়স নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা শুধু মানুষের আত্মবিশ্বাসই কমায় না, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, বার্ধক্য সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির সঙ্গে মানুষের সুস্থতা ও আয়ুর সম্পর্ক রয়েছে।


বয়স নিয়ে বৈষম্যমূলক মনোভাব বা কুসংস্কারের শুরু অনেক সময় শৈশবেই। পরিবার, আশপাশের মানুষের আচরণ এবং গণমাধ্যম থেকে শিশুরা বয়স সম্পর্কে বিভিন্ন ধারণা পেতে শুরু করে।

২০২৪ সালে গবেষণা প্ল্যাটফর্ম সায়েন্সডাইরেক্টে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মাত্র তিন বছর বয়স থেকেই শিশুদের মধ্যে বয়সভিত্তিক পক্ষপাত তৈরি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, বয়সের ভিত্তিতে অন্যের প্রতি কিংবা নিজের প্রতি ক্ষতিকর চিন্তা, অনুভূতি ও আচরণ করাকে ‘এজিজম’ বা বয়স-বৈষম্য বলা হয়। এটি শুধু বয়স্কদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, যেকোনও বয়সের মানুষ এর শিকার হতে পারেন। যেমন, জেন-জি প্রজন্মকে অলস কিংবা দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেওয়াও বয়সভিত্তিক বৈষম্যের উদাহরণ।


ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বয়স্করা এ ধরনের বৈষম্যের শিকার হন সবচেয়ে বেশি। যুক্তরাজ্যে প্রতি তিনজনের একজন বয়সভিত্তিক কুসংস্কার বা বৈষম্যের মুখোমুখি হন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ৫০ থেকে ৮০ বছর বয়সী দুই হাজার মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় ৯৩ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, দৈনন্দিন জীবনে তারা কোনো না কোনোভাবে বয়সভিত্তিক বৈষম্যের অভিজ্ঞতা পেয়েছেন।

গবেষকদের ধারণা, ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রতি ছয়জন প্রাপ্তবয়স্কের একজনের বয়স হবে ৬০ বছর বা তার বেশি।

সমাজে বয়স সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা একসময় মানুষের নিজের চিন্তাভাবনার অংশ হয়ে ওঠে। ফলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে নিজেদের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন। মনোবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় ‘স্টেরিওটাইপ এমবডিমেন্ট থিওরি’। অর্থাৎ, সমাজের প্রচলিত নেতিবাচক ধারণা মানুষ ধীরে ধীরে নিজের মধ্যে ধারণ করে। একপর্যায়ে তা তার আচরণ, আত্মবিশ্বাস ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।


উদাহরণ হিসেবে, কোনো বয়স্ক ব্যক্তি নতুন দক্ষতা অর্জন করতে চাইলেও বয়সের কারণে আর শেখা সম্ভব নয়- এমন ধারণা তাকে পিছিয়ে দিতে পারে। অথচ বয়স বাড়লেও নতুন কিছু শেখার সক্ষমতা থাকে।

এ ছাড়া রয়েছে ‘স্টেরিওটাইপ থ্রেট’। কোনো কাজ শুরুর আগে কাউকে তার বয়সের কথা মনে করিয়ে দেওয়া হলে তিনি নিজের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। এতে কাজের দক্ষতা ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে বয়স্ক মানুষ মানেই দুর্বল বা অক্ষম- এ ধারণা সঠিক নয়। কানাডার গবেষক পারমিন্দর রায়না জানান, অধিকাংশ বয়স্ক মানুষ স্বাধীনভাবে বসবাস করেন, দৈনন্দিন কাজ করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অবদান রাখেন। সবার বার্ধক্য একই রকম হয় না। 

বয়স বাড়ার সঙ্গে চেহারায় পরিবর্তন আসাকে অনেকেই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না। এর পেছনে বিজ্ঞাপন, বিনোদনজগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমেরও ভূমিকা রয়েছে। এসব মাধ্যমে তরুণদের বেশি গুরুত্ব দেওয়ায় মানুষের মধ্যে তারুণ্য ধরে রাখার চাপ তৈরি হয়।


যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘এজিজম ইজ নেভার ইন স্টাইল’-এর প্রতিষ্ঠাতা জাসিন্থ বাসেট এ বিষয়ে কাজ করছেন। ২০২৩ সালে তার ‘আই লুক মাই এজ’ নামের প্রচারাভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিশ্বজুড়ে সাড়ে চার কোটির বেশি মানুষ এটি দেখেছেন।

বাসেটের মতে, গণমাধ্যম ও বিজ্ঞাপনে ৫০ বছরের বেশি বয়সী মানুষের প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন। শুধু ধূসর চুলের একজন মডেলকে বিজ্ঞাপনে দেখালেই বয়সের বৈচিত্র্য তুলে ধরা হয় না। বরং বিভিন্ন বয়সের মানুষের জীবনযাপন, অভিজ্ঞতা ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিতে হবে।

বয়স নিয়ে মানুষের ইতিবাচক ধারণা তার স্বাস্থ্য ও জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেকা লেভির গবেষণায় দেখা গেছে, বয়স সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন- এমন মানুষ নেতিবাচক ধারণা পোষণকারীদের তুলনায় গড়ে সাড়ে সাত বছর বেশি বাঁচেন। বিভিন্ন দেশের গবেষণাতেও একই ধরনের ফল পাওয়া গেছে।

লেভির গবেষণায় আরও দেখা যায়, বয়স নিয়ে ইতিবাচক মনোভাব পোষণকারীদের স্মৃতিশক্তির কার্যকারিতা তুলনামূলক ভালো থাকে এবং আলঝেইমার রোগের ঝুঁকিও কম।

অন্যদিকে, বয়স নিয়ে নেতিবাচক ধারণা শারীরিক সক্ষমতা কমিয়ে দিতে পারে। পাশাপাশি বিষণ্নতা, উদ্বেগ, একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকি বাড়াতে পারে।

বয়সভিত্তিক বৈষম্য দূর করতে ব্যক্তিগত ও সামাজিক- দুই পর্যায়েই পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন গবেষকেরা। পরিবারের বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো, বয়স্কদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এবং গণমাধ্যমে তাদের বৈচিত্র্যময় জীবন তুলে ধরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।


গবেষণায় দেখা গেছে, বিশ্বের যেসব অঞ্চলে মানুষ দীর্ঘায়ু হন, সেখানে বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক তুলনামূলক শক্তিশালী।

মনোবিজ্ঞানের শিক্ষক হান্না সুইফট মনে করেন, বয়স অনুযায়ী মানুষের পোশাক, জীবনযাপন কিংবা আচরণ কেমন হওয়া উচিত- এমন প্রচলিত ধারণা বদলানো জরুরি। কোনো বয়স্ক ব্যক্তি পছন্দের পোশাক পরলে, নাইটক্লাবে গেলে কিংবা নতুন কোনো কাজ শুরু করলে তাকে অস্বাভাবিক ভাবার কারণ নেই।

বিভিন্ন সংস্কৃতিতেও বয়স্কদের সম্মান জানানোর ইতিবাচক চর্চা রয়েছে। জাপানে প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় সোমবার বয়স্কদের প্রতি শ্রদ্ধাদিবস পালন করা হয়। দেশটিতে ৬০, ৭৭, ৮৮ ও ৯৯ বছর বয়স পূর্ণ হওয়াও বিশেষভাবে উদযাপন করা হয়। এ ছাড়া বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীতে প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়।

ম্যাকমাস্টার ইনস্টিটিউটের পরিচালক পারমিন্দর রায়নার মতে, দীর্ঘ ও সুস্থ জীবন পাওয়ার সুযোগ আধুনিক সময়ের মানুষের জন্য একটি উপহার। অথচ বয়স নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে গিয়ে অনেকে জীবনের এই পর্যায়ের যথাযথ মূল্য দিতে পারেন না।

গবেষকদের বক্তব্য, বার্ধক্য জীবনের স্বাভাবিক একটি পর্যায়। চুল পাকা, বলিরেখা কিংবা শারীরিক পরিবর্তন জীবনেরই অংশ। এগুলো লুকিয়ে রাখার বাধ্যবাধকতা নেই। বরং বয়স বাড়াকে দুর্বলতা বা ব্যর্থতা হিসেবে দেখার সামাজিক প্রবণতা থেকে বেরিয়ে আসাই জরুরি।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
  বিষয়:   বয়সের ছাপ  বয়স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: