ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে কী করবেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বন্ধুত্ব মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বন্ধুত্বের পাশাপাশি যুক্ত হয়েছে ‘আনফ্রেন্ড’ শব্দটিও। ফেসবুকের মতো প্ল্যাটফর্মে বন্ধুতালিকা

2026-11-16T21:17:34+00:00
2026-11-16T21:19:13+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ফিচার
আগামীকাল আনফ্রেন্ড দিবস
ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে কী করবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৯:১৯ পিএম
বন্ধুতালিকা থেকে কাউকে সরিয়ে দেওয়াকেই বলা হয় আনফ্রেন্ড। ছবি : সংগৃহীত
বন্ধুত্ব মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বন্ধুত্বের পাশাপাশি যুক্ত হয়েছে ‘আনফ্রেন্ড’ শব্দটিও। ফেসবুকের মতো প্ল্যাটফর্মে বন্ধুতালিকা থেকে কাউকে সরিয়ে দেওয়াকেই বলা হয় আনফ্রেন্ড। 

কৌতুক অভিনেতা জিমি কিমেল ২০১৪ সালে আনফ্রেন্ড দিবসের প্রচলন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত, অপ্রয়োজনীয় কিংবা বিরক্তিকর ব্যক্তিদের বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ার ধারণা থেকেই দিবসটির সূচনা। কারণ, অনেক সময় পরিচিত-অপরিচিত নানা মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধু তালিকায় যুক্ত থাকেন, যাদের সঙ্গে বাস্তবে কোনো যোগাযোগই থাকে না।

তবে, কেউ হঠাৎ বন্ধুতালিকা থেকে সরিয়ে দিলে অনেকেই বিষয়টি সহজভাবে নিতে পারেন না। মনে নানা প্রশ্ন তৈরি হয়, কেউ কেউ আবার বিষয়টিকে ব্যক্তিগত অপমান হিসেবেও দেখেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ আনফ্রেন্ড করলে তা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। বরং পরিস্থিতি সামলাতে কয়েকটি বিষয় মাথায় রাখা যেতে পারে।


অন্যের সিদ্ধান্তকে সম্মান করুন 

কেউ আপনাকে আনফ্রেন্ড করলে বুঝতে হবে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জন্য একটি সীমারেখা তৈরি করতে চাইছেন। বাস্তব জীবনে আপনার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, পারিবারিক কিংবা পেশাগত- যেমনই হোক, ভার্চুয়াল জগতে তিনি আলাদা থাকতে চাইতে পারেন। তার এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। বারবার তার প্রোফাইল দেখার চেষ্টা করা কিংবা কেন আনফ্রেন্ড করেছেন, তা নিয়ে অযথা খোঁজখবর নেওয়া থেকে বিরত থাকুন।

ভেবে দেখুন, পছন্দ-অপছন্দের পার্থক্য আছে কি না

কেউ আনফ্রেন্ড করলেই যে তিনি আপনাকে অপছন্দ করেন, এমনটা ভাবার কারণ নেই। বাস্তব জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দ, আগ্রহ কিংবা মতামতের মিল নাও থাকতে পারে। কেউ হয়ত নিজের চিন্তাভাবনা ও আগ্রহের সঙ্গে মেলে- এমন মানুষদের নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাতে চান। তাই অন্যের সিদ্ধান্তকে ব্যক্তিগতভাবে নেওয়ার আগে বিষয়টি ভেবে দেখা ভালো।

অতিরিক্ত চিন্তা করবেন না

কেন আপনাকে আনফ্রেন্ড করা হয়েছে, তা নিয়ে অতিরিক্ত ভাবলে অযথা মানসিক অস্বস্তি তৈরি হতে পারে। ওই ব্যক্তি ব্যক্তিগত হতাশা, দুঃখ কিংবা অন্য কোনো পরিস্থিতির কারণে নিজের বন্ধুতালিকা ছোট করতে পারেন। তার ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে না জেনে সিদ্ধান্তটিকে বিদ্বেষ বা বিরূপ মনোভাবের প্রকাশ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়।


প্রয়োজনে সরাসরি কথা বলুন

বাস্তব জীবনে ওই ব্যক্তির সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকলে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে পারেন। স্বাভাবিকভাবে জানতে চাইতে পারেন, তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এ নিয়ে তাকে বিব্রত করা যাবে না। সবার সামনে বিষয়টি তোলা কিংবা উত্তর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করাও উচিত নয়। তিনি যদি এড়িয়ে যেতে চান, তাহলে তার সিদ্ধান্ত মেনে নেওয়াই ভালো।

বাস্তব সম্পর্ক নষ্ট করবেন না

সামাজিক যোগাযোগমাধ্যমে আনফ্রেন্ড হওয়ার ঘটনা যেন বাস্তব জীবনের সম্পর্কে প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল রাখুন। এ কারণে কারও প্রতি রাগ দেখানো, শীতল আচরণ করা কিংবা অন্যদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করা ঠিক নয়। বাস্তব জীবনে আগের মতোই স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন।

মনে রাখতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুতালিকায় থাকা বা না থাকা দিয়ে বাস্তব বন্ধুত্বের গভীরতা নির্ধারণ করা যায় না। তাই কেউ আনফ্রেন্ড করলে সেটিকে স্বাভাবিকভাবে নেওয়াই ভালো। অন্যের ব্যক্তিগত পছন্দ ও সীমারেখাকে সম্মান করার পাশাপাশি নিজের মানসিক শান্তিকেও গুরুত্ব দিন।

সূত্র : দ্য হেলদি

সময়ের আলো/মহু
  বিষয়:   আনফ্রেন্ড  দিবস  ফেসবুক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: