পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকেই প্রস্তুতির পরিকল্পনা করা ভালো। ছবি : সংগৃহীত পরীক্ষা সামনে এলেই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও বাড়তে থাকে দুশ্চিন্তা। সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কি না, সময়মতো সিলেবাস শেষ করতে পারবে কি না কিংবা পরীক্ষায় প্রত্যাশিত ফল করবে কি না- এসব ভাবনা ঘিরে ধরে মা-বাবাকে। বিশেষ করে পরীক্ষার সময় সন্তানকে দীর্ঘক্ষণ বই-খাতা নিয়ে বসে থাকতে দেখলে উদ্বেগ আরও বেড়ে যায়। এ সময়ে অভিভাবকদের কিছু বিষয়ে বিশেষভাবে সচেতন থাকা জরুরি।
পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকেই প্রস্তুতির পরিকল্পনা করা ভালো। কোন বিষয়ে কতটুকু পড়তে হবে, কোন অধ্যায়ে বেশি সময় দেওয়া প্রয়োজন- এসব বিবেচনায় নিয়ে সন্তানের সঙ্গে আলোচনা করে একটি পড়ার রুটিন তৈরি করুন।
সব বিষয়ে সমান সময় দেওয়ার প্রয়োজন নেই। যে বিষয়ে সন্তান তুলনামূলক দুর্বল, সেটিতে বেশি সময় বরাদ্দ রাখা যেতে পারে। একটানা কয়েক ঘণ্টা পড়ার পরিবর্তে নির্দিষ্ট সময় পরপর বিরতি নিয়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দিন।
পাশাপাশি রুটিনে বিশ্রাম ও বিনোদনের সময়ও রাখুন। পড়ার ফাঁকে হাঁটাহাঁটি, পছন্দের খাবার খাওয়া কিংবা প্রিয় কোনো কাজ করার সুযোগ পেলে সন্তান নতুন উদ্যমে পড়াশোনা করতে পারবে।
মনোযোগ ধরে রাখতে পড়ার পরিবেশ গুরুত্বপূর্ণ। বাড়িতে নিরিবিলি ও শান্ত একটি জায়গা পড়াশোনার জন্য নির্ধারণ করে দিন। সম্ভব হলে সন্তানের ঘরেই পড়ার ব্যবস্থা করুন। পড়ার টেবিল ও আশপাশের জায়গা গুছিয়ে রাখতেও সহযোগিতা করতে পারেন।
পড়ার জায়গায় অপ্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল ফোন কিংবা মনোযোগ নষ্ট করতে পারে এমন উপকরণ এড়িয়ে চলা ভালো। তবে, পড়ার টেবিল কিছুটা অগোছালো থাকলে তা নিয়ে সন্তানকে বকাঝকা করবেন না। পরীক্ষার আগে অপ্রয়োজনীয় বিরক্তি ও মানসিক চাপ তৈরি করা উচিত নয়।
প্রতিটি অভিভাবকই চান সন্তান ভালো ফল করুক। কিন্তু ভালো ফলের প্রত্যাশা যেন সন্তানের জন্য বাড়তি চাপ হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বারবার পড়া শেষ হয়েছে কি না, কতটুকু পড়েছে কিংবা কতক্ষণ পড়ার টেবিলে বসেছে- এসব জানতে চাইলে সন্তান বিরক্ত হতে পারে। তাই সারাক্ষণ নজরদারি না করে তাকে নিজের মতো প্রস্তুতি নেওয়ার সুযোগ দিন। প্রয়োজন হলে সহযোগিতা করুন।
পরীক্ষার আগে সন্তান মানসিক চাপে বিরক্তি প্রকাশ করতে পারে, এমনকি রাগও করতে পারে। এ সময় পাল্টা রাগ না করে তার অনুভূতি বোঝার চেষ্টা করুন। তাকে আশ্বস্ত করুন, পড়াশোনা কিংবা পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যায় সে মা-বাবার সঙ্গে কথা বলতে পারবে।
পরীক্ষার প্রস্তুতির সময় পড়াশোনার পাশাপাশি সন্তানের খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। দীর্ঘ সময় পড়াশোনার জন্য শরীরের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে হবে। তাই নিয়মিত ও সময়মতো সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
খাদ্যতালিকায় মাছ, ফলমূল ও অন্যান্য পুষ্টিকর খাবার রাখুন। বিশেষ করে তৈলাক্ত সামুদ্রিক মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। ফলমূল ও বেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও শরীরের জন্য উপকারী। পাশাপাশি কলাসহ বিভিন্ন মৌসুমি ফল খাওয়ানোর অভ্যাস করাতে পারেন।
পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলেও, এটিই সবকিছু নয়। ভালো ফলের প্রত্যাশায় সন্তানকে মানসিক চাপে না রেখে তার পাশে থাকুন। পড়াশোনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা, উৎসাহ ও মানসিক সমর্থন দিন। সন্তান যেন বুঝতে পারে, পরীক্ষার প্রস্তুতিতে সে একা নয়, পরিবার সব সময় তার পাশে রয়েছে। মনে রাখতে হবে, ভালো ফলাফলের পাশাপাশি সন্তানের শারীরিক সুস্থতা ও মানসিক স্বস্তিও সমান গুরুত্বপূর্ণ।
সময়ের আলো/মহু