ছবি : এআই জেনারেটেড রাস্তায় কিংবা চায়ের দোকানে বসে আছেন। হঠাৎ একজন এসে নিজেকে কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে আপনার মোবাইল নম্বর চাইলেন। এরপর আপনার ফোনে আসা একটি ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) দিতে বললেন। আপনিও তার পরিচয় যাচাই না করেই বিশ্বাস করে নম্বর ও ওটিপি দিয়ে দিলেন।
অথচ আপনার এই সামান্য অসাবধানতাই হতে পারে ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়ার প্রথম ধাপ।
ডিজিটাল লেনদেন ও অনলাইন সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকিও। প্রতারকেরা নানা কৌশলে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য। এসব প্রতারণার অন্যতম হাতিয়ার ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি।
মাত্র কয়েক সেকেন্ডের জন্য ব্যবহারযোগ্য এই নিরাপত্তা কোড অপরিচিত কারও হাতে তুলে দিলেই বিপদে পড়তে পারেন। মুহূর্তেই খালি হয়ে যেতে পারে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট। এমনকি হ্যাক হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইমেইল অ্যাকাউন্টও।
ওটিপি মূলত কোনো আর্থিক লেনদেন, অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ কিংবা পরিচয় যাচাইয়ের জন্য পাঠানো একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড। ব্যাংক, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন আর্থিক সেবা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও জিমেইলের মতো অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে এই কোড পাঠানো হয়। ফলে ওটিপি অন্য কারও হাতে চলে গেলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়।
প্রতারকেরা সাধারণত পরিচিত প্রতিষ্ঠান বা সেবাদানকারী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে ওটিপি সংগ্রহের চেষ্টা করে। কখনো পুরস্কার, উপহার, অ্যাকাউন্ট হালনাগাদ কিংবা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেও প্রলুব্ধ করে। তাই পরিচিত বা অপরিচিত যে কেউ ওটিপি চাইলে তা দেওয়ার আগে সতর্ক হওয়া জরুরি। মনে রাখতে হবে, ওটিপি ব্যক্তিগত নিরাপত্তা কোড; এটি কাউকে জানানো যাবে না।
আর্থিক জালিয়াতি ও অ্যাকাউন্ট খালি হওয়ার ঝুঁকি
প্রতারকেরা ওটিপি হাতে পেলেই সংশ্লিষ্ট আর্থিক অ্যাকাউন্টে প্রবেশ বা লেনদেনের অনুমোদন পাওয়ার সুযোগ পেতে পারে। এর মাধ্যমে বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্টসহ টাকা সরিয়ে নেওয়া কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করতে পারে। এমনকি ক্রেডিট কার্ডের তথ্য ও নিরাপত্তা যাচাইয়ের কোড হাতিয়ে নিয়ে অনলাইন কেনাকাটার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে পারে। ফলে মুহূর্তেই হারাতে পারেন কষ্টার্জিত সঞ্চয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত তথ্য বেহাত
শুধু আর্থিক ক্ষতিই নয়, ওটিপি শেয়ার করলে ব্যক্তিগত তথ্যও ঝুঁকিতে পড়ে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিংবা জিমেইল অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড প্রতারকের হাতে গেলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাতে পারেন ব্যবহারকারী। অ্যাকাউন্ট দখলে নেওয়ার পর প্রতারকেরা পরিচিতজনদের কাছে টাকা চাইতে পারে। আবার ব্যক্তিগত ছবি, বার্তা ও তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল বা মানহানির ঘটনাও ঘটাতে পারে।
পরিচয় চুরি ও আইনি জটিলতা
ওটিপি ব্যবহার করে প্রতারকেরা বিভিন্ন অনলাইন সেবা বা অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করতে পারে। ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে অন্যের পরিচয়ে প্রতারণার ঘটনাও ঘটতে পারে। এ ছাড়া সিম সোয়াপ বা সিম প্রতিস্থাপনের মতো জালিয়াতির ক্ষেত্রেও ভেরিফিকেশন কোডের অপব্যবহার হতে পারে। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীর ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি পরিচয় অপব্যবহারের কারণে নানা জটিলতা তৈরি হতে পারে।
ওটিপি সুরক্ষায় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
ওটিপি গোপন রাখাই ডিজিটাল নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। অপিচিত কেউ এসে নিজের পরিচয় দিলেও তাকে ওটিপি দেওয়া যাবে না। কোনো ব্যক্তি ফোন করে ওটিপি চাইলে সেটিকে প্রতারণার সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচনা করতে হবে। ওটিপি আসার পর মুঠোফোনে পাওয়া বার্তাটি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। কোন কাজের জন্য কোডটি পাঠানো হয়েছে, তা সেখানে উল্লেখ থাকে। নিজে কোনো লেনদেন বা পাসওয়ার্ড পরিবর্তনের উদ্যোগ না নিলেও ওটিপি এলে সতর্ক হতে হবে।
এ ছাড়া অপরিচিত কোনো লিংকে প্রবেশ করে ওটিপি দেওয়া থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক ফোনকল বা বার্তা পেলে সংশ্লিষ্ট ব্যাংক কিংবা আর্থিক সেবা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে বিষয়টি যাচাই করা উচিত।
মনে রাখতে হবে, ওটিপি শুধু কয়েকটি সংখ্যার সমষ্টি নয়, এটি আপনার আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তার গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই নিজের ওটিপি কখনোই অন্যের সঙ্গে শেয়ার করবেন না।
সময়ের আলো/কেএইচও