সংগৃহীত ছবিযুব উন্নয়ন অধিদপ্তর দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীরা কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
পরীক্ষার সময়সূচি
আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।
সুযোগ-সুবিধা
প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। এ ছাড়া অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।
প্রক্ষিশণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চার প্যাকেজ
প্রক্ষিশণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, (খাজা আইটি পার্ক (দ্বিতীয় ও সপ্তম ফ্লোর), ৭ দক্ষিণ কল্যাণপুর, কল্যাণপুর বাস স্ট্যান্ড, মিরপুর রোড, ঢাকা)।
প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটি, ৫৫/৩, পুরানা পল্টন, ঢাকা।
এ ছাড়া প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, (খাজা আইটি পার্ক (দ্বিতীয় ও সপ্তম ফ্লোর), ৭ দক্ষিণ কল্যাণপুর, কল্যাণপুর বাস স্ট্যান্ড, মিরপুর রোড, ঢাকা)।
অন্যদিকে প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ, লেভেল ৭, মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট, বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা)।
সময়ের আলো/কেএইচও