গ্রাফিক : সময়ের আলো প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষ আর সামাজিক আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা আইফোন আজ অনেকের কাছেই পরম আকাঙ্ক্ষিত এক স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের হাত ধরেই এখন তাড়া করে ফিরছে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক। রাস্তায় বের হলেই ছিনতাইকারীদের তীক্ষ্ণ নজর থাকে হাতের এই দামি ডিভাইসটির দিকে, যার ফলে ঘটছে একের পর এক ছিনতাই ও নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনাও। এমনকী বন্ধুকে হত্যার মতো ঘটনাও ঘটেছে। শখের এই প্রযুক্তি পণ্যটি এখন জীবননাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মতে, আইফোনের মতো দামি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা এমন সব কৌশল অবলম্বন করে, যাতে আগের মতো সহজে ছিনতাইকৃত ফোন উদ্ধার করা সম্ভব হয় না। গত ৩ বছরে দেশে আইফোন-সংশ্লিষ্ট ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের ১২
নভেম্বর পর্যন্ত তিন বছরে আইফোনকে কেন্দ্র করে ছয়টি হত্যাকাণ্ড ঘটেছে। আর গত এক বছরে আইফোনকেন্দ্রিক আটটি সহিংসতার ঘটনায় প্রাণ যায় কমপক্ষে চারজনের।
২০২৬ সালের সেপ্টেম্বরে কুমিল্লার ১৩ বছর বয়সি শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে পুলিশ জানায়, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
একই মাসে মাদারীপুরের কালিকাপুরে ১৮ বছর বয়সি আইভী আক্তারকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়; তার ব্যবহৃত আইফোনটিও খোয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা ছিল, ফোন চুরির উদ্দেশ্যে ঢোকা দুর্বৃত্তরা তাকে চিনে ফেলায় হত্যা করে থাকতে পারে।
এর এক মাস পরেই অক্টোবরে হবিগঞ্জের লাখাইয়ে আইফোন-১১-এর জন্য বন্ধুর হাতে খুন হন ২২ বছর বয়সি নির্মাণশ্রমিক তারেক মিয়া।
২০২৬ সালের মার্চে গোপালগঞ্জের মুকসুদপুরে খুন হয় ১৭ বছর বয়সি কলেজছাত্র সিয়াম মোল্লা। নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের তদন্তে বলা হয়, চার সহপাঠী আইফোন ও মাদক কেনার টাকা নেওয়ার উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে।
২০২৫ সালের ডিসেম্বরে সিলেটের বিয়ানীবাজারে খুন হন ২২ বছর বয়সি ইমন আহমদ।
পুলিশের ভাষ্য, ইমন আইফোন দিয়ে কনটেন্ট তৈরি করতেন। ইমনের পরিচিত আশরাফুলসহ কয়েকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
২০২৪ সালে সুনামগঞ্জে নিজ বাসায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, আইফোন ও ঘরে থাকা টাকা চুরির চেষ্টা করতে গেলে তারা জেগে উঠলে হামলাকারীরা মাছ কাটার বঁটি দিয়ে তাদের কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মিনহাজের এক অপ্রাপ্তবয়স্ক খালাতো ভাইকে আটক করে পুলিশ।
২২ বছর বয়সি রাজমিস্ত্রি তারেক মিয়ার মরদেহ নিখোঁজ হওয়ার ছয় দিন পর লাখাই উপজেলার ফুলবাড়িয়ার একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সহকর্মী ও বন্ধু সাহেল মিয়া তারেকের আইফোন-১১ নেওয়ার জন্য তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রাখে।
আইফোন ছিনতাইয়ের ঘটনাও ঘটছে অহরহ। গত অক্টোবরে রাজধানীর সলিমুল্লাহ রোডে চাপাতি দেখিয়ে এক দম্পতির কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়। সেপ্টেম্বরে নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে আইফোন-১৩ বিক্রির বিজ্ঞাপন দেওয়া এক ইমামকে ফোন যাচাইয়ের কথা বলে নির্জন স্থানে নিয়ে মারধর করে ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ফিলিপাইনের এক নাগরিকের ছিনতাই হওয়া আইফোন দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়।
ছিনতাইকৃত মোবাইল ফোনের গন্তব্য : ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম-সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ছিনতাই করার পর ওই সব মোবাইল ফোন তারা খুব স্বল্প দামে বিক্রি করে দেয়। রাজধানীতে ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির অন্যতম বড় বাজার গুলিস্তান ও স্টেডিয়াম মার্কেট। এ ছাড়া মিরপুর-১ নম্বর, জুরাইন রেল গেট এবং খিলগাঁওতেও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রি করে থাকে ছিনতাইকারী চক্র। এসব স্থান থেকে দামি মোবাইল ফোনগুলো আরেকটি চক্র কিনে নিয়ে বিক্রি করে অসাধু কিছু বিক্রয়কারী শোরুম মালিকদের কাছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, উদ্ধার করতে না পারা হারানো বা ছিনতাই হওয়া ফোনগুলো তিনভাবে ব্যবহৃত হয়।
শাজাহানপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) রুবেল হাওলাদার, এএসআই খোরশেদ আলম এবং পুলিশ পরিদর্শক সজীব দীর্ঘদিন ধরে হারানো কিংবা ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তারা বলছেন, এই মোবাইল ফোনগুলোর আইএমই নম্বর পরিবর্তন করে বা না করেও অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করা হয়। তা না হলে মোবাইলের পার্স খুলে পার্সের দোকানে খুচরা যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হয় এবং সর্বশেষ কিছু সংখ্যক দেশের বাইরে চলে যায়।
তারা আরও জানান, কয়েক বছর পূর্বেও যত সহজে হারানো বা ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হতো এখন আর সেভাবে করা যায় না। এর কারণ ব্যাখ্যা করে তারা বলেন, ছিনতাইকারীরা আইফোনের মতো দামি মোবাইল ফোন বিক্রির সময় সিম ব্যবহার না করতে সতর্ক করে দেয়। এসব ফোন দিয়ে হটস্পট ব্যবহার করে নেট ইউজ করা হয়। সিম ব্যবহার না করার ফলে এসব ফোনের লোকেশন বের করা সম্ভব হয় না।
তদন্ত-সংশ্লিষ্ট এসব পুলিশ সদস্যরা জানিয়েছেন, আইফোনে অ্যাপল আইডি থাকলে সেগুলো ব্যবহার করা যায় না। সে ক্ষেত্রে সফটওয়ারের মাধ্যমে এসব ফোনের লক খোলা সম্ভব হলে কিছুটা চড়া দামে তা বিক্রি করা হয়। আর লক খুলতে না পারলে যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়।
জানা যায়, চোরাই আইফোনের একটি বড় বাজার গড়ে উঠেছে চট্টগ্রামে। সেখানে নির্দিষ্ট কিছু অসাধু ব্যবসায়ী এসব চোরাই ফোন ক্রয় করে তা দেশের বাইরে বিক্রি করে দেন।
ইতিপূর্বে এ রকম কিছু ফোন উদ্ধার করেছে পুলিশ। আার দেশের বাইরে থেকে নিয়ে আসা চোরাই আইফোনও বাংলাদেশ থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, চক্রটি বাংলাদেশে চুরি হওয়া দামি মোবাইল ফোন ভারত ও ভুটানে পাঠিয়ে দেয়। সেখানে থাকা তাদের চক্রের সদস্যরা তা বিক্রি করেন। একইভাবে ভারতে চুরি কিংবা ছিনতাই হওয়া দামি মোবাইল ফোনগুলো নিয়ে আসা হয় চট্টগ্রামে।
২০২৪ সালের জুলাই মাসে ভারতের কলকাতায় এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন (আইফোন) চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করা হয়েছে।
একই মাসে ধানমন্ডির ৮ নম্বর রোডে দিনাজপুরের ডেপুটি জেলার ফেরদৌস মিয়ার মোবাইল ফোন ভারতের গুজরাট রাজ্য থেকে উদ্ধার করা হয়েছিল।
গত বছরের ২৬ জুলাই ভারতের কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ঢাকার কেরানীগঞ্জ থেকে।
অন্যদিকে রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁওকেন্দ্রিক মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের এক সদস্য এই প্রতিবেদককে জানান, মোবাইল ফোন ছিনতাই করলেও তারা তা বিক্রি করতে পারেন না।ছিনতাইকৃত মোবাইল ফোনগুলো তাদের জমা দিতে হয় কমলাপুর রেলস্টেশনের আশপাশে অবস্থান করা ‘ম্যানেজারের’ কাছে। সেই ‘ম্যানেজারের’ অগোচরে ছিনতাইকৃত কোনো মোবাইল ফোন বিক্রি করলে তাদের ‘কঠোর শাস্তি’ পেতে হয় বলে জানান ওই ছিনতাইকারী।
তবে নিরাপত্তার স্বার্থে তিনি ম্যানেজারের নাম প্রকাশ করতে চাননি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে