প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম
ছবি : সংগৃহীত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিও তৈরির প্রযুক্তিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘জেমিনি ওমনি ১.২ ফ্ল্যাশ’ ব্যবহার করে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। আগের সংস্করণে এ সীমা ছিল ১০ সেকেন্ড। পাশাপাশি ৭২০পি রেজল্যুশনের ভিডিও তৈরির খরচও আগের তুলনায় ৩০ শতাংশ কমিয়েছে গুগল।
গত ৫ নভেম্বর নতুন এআই মডেলটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে গুগল ক্লাউড ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ রয়েছে। ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর পাশাপাশি সম্পাদনা, ছবির সামঞ্জস্য এবং কথোপকথনের মাধ্যমে নির্দেশনা দেওয়ার সুবিধাও উন্নত করা হয়েছে এতে।
গুগলের তথ্য অনুযায়ী, নতুন মডেল ব্যবহার করে ৩ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করা যাবে। ভিডিওর দৈর্ঘ্য এক সেকেন্ড করে বাড়ানো বা কমানোর সুবিধাও রয়েছে। ৭২০পি রেজল্যুশনে প্রতি সেকেন্ডের ভিডিও তৈরিতে খরচ হবে ৭ সেন্ট। সে হিসাবে ১৫ সেকেন্ডের একটি ভিডিও তৈরিতে ব্যয় হবে ১ ডলার ৫ সেন্ট। পরে প্রয়োজন অনুযায়ী ভিডিওর রেজল্যুশন বাড়িয়ে ১০৮০পি কিংবা ৪কে করা যাবে।
নতুন মডেলটির উল্লেখযোগ্য সুবিধা হলো কথোপকথনের মাধ্যমে ভিডিও সম্পাদনা। ভিডিও তৈরির পর জটিল সম্পাদনা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে নির্দেশনা দিয়েই পটভূমি, আলোর ধরন কিংবা ক্যামেরার ফ্রেম পরিবর্তন করা যাবে। গুগলের দাবি, নতুন মডেলে মানুষের মুখ, পণ্যের প্যাকেজিং এবং ব্র্যান্ডের রঙের সামঞ্জস্য আগের চেয়ে ভালো থাকবে। পাশাপাশি সংলাপের সঙ্গে ঠোঁটের নড়াচড়ার মিলও হবে আরও স্বাভাবিক।
এসব সুবিধা অনলাইন ব্যবসা, বিজ্ঞাপন নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানের কাজে আসতে পারে। বিশেষ করে পণ্যের ছবি ব্যবহার করেই স্বল্পদৈর্ঘ্যের বিজ্ঞাপন কিংবা পণ্যের প্রদর্শনীমূলক ভিডিও তৈরি করা যাবে।
অর্থের বিনিময়ে ব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট সীমার মধ্যে বিনা খরচেও ভিডিও তৈরির সুযোগ রেখেছে গুগল। গুগল অ্যাকাউন্ট ও ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা ‘গুগল ভিডস’-এর মাধ্যমে প্রতি মাসে সর্বোচ্চ তিনটি ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। তবে যোগ্য সাবস্ক্রিপশন থাকলে আরও বেশি সুবিধা পাওয়া যাবে।
সময়ের আলো/এসএকে