প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম
ছবি : সংগৃহীত প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক ‘সাইবারট্রাক’-এর উৎপাদন ২০২৭ সালে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে টেসলা। এর পরিবর্তে অস্টিনের কারখানায় প্রতিষ্ঠানটি তৈরি করবে দুই আসনের স্বয়ংক্রিয় চালনা সুবিধার রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
২০১৯ সালে ভবিষ্যৎনির্ভর ও ব্যতিক্রমী নকশায় উন্মোচিত হয় সাইবারট্রাক। সে সময় ইলন মাস্ক দাবি করেছিলেন, ট্রাকটি হবে অসাধারণ এবং এর প্রারম্ভিক দাম হবে ৪০ হাজার ডলারের কম। পাশাপাশি একবার চার্জেই ৫০০ মাইল পর্যন্ত চলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবায়ন পর্যায়ে গিয়ে চিত্র বদলে যায়। করোনাভাইরাস মহামারি ও উৎপাদন জটিলতায় বাজারে আসতে দুই বছর দেরি হয়। ২০২৩ সালের শেষ দিকে যখন প্রথম কয়েকটি গাড়ি গ্রাহকদের হাতে পৌঁছায়, তখন এর দাম বেড়ে দাঁড়ায় প্রায় ৬০ হাজার ডলারে এবং রেঞ্জ কমে যায় ১০০ মাইলেরও বেশি।
উৎপাদনের শুরুতে বছরে প্রায় আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হলেও গত তিন বছরে মাত্র কয়েক হাজার গাড়ি বিক্রি করতে পেরেছে প্রতিষ্ঠানটি। প্রত্যাশার চেয়ে বেশি দাম, নকশা নিয়ে বিতর্ক এবং সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সাইবারট্রাক কাঙ্ক্ষিত সফলতা পায়নি।
বর্তমানে টেসলা নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসনির্ভর প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে ‘রোবোট্যাক্সি’ ও ‘অপটিমাস’ মানবসদৃশ রোবট তৈরিতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিপূর্বে মডেল এস সেডান এবং মডেল এক্স এসইউভির উৎপাদন বন্ধ করে অপটিমাস রোবট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তারা।
বর্তমানে টেক্সাসের অস্টিনে সফলভাবে সাইবারক্যাব চালানো হচ্ছে। বড় কোনো দুর্ঘটনা না ঘটায় ডালাস, হিউস্টন ও ফ্লোরিডায় এ সেবা প্রসারের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি বিশ্ব মনে করছে, সাইবারট্রাকের বিদায় হলেও স্বয়ংক্রিয় রাইড-শেয়ারিং বাজারে টেসলার এই নতুন পদক্ষেপ ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি