প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম
ছবি : সংগৃহীত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের চাহিদাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে বিপুল বিদ্যুৎ খরচ, অবকাঠামোগত চাপ ও পরিবেশগত উদ্বেগের কারণে এই সম্প্রসারণ এখন রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রে। এই পরিস্থিতিতে পৃথিবীর বাইরে, অর্থাৎ মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক মন্তব্য করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পৃথিবীর বাইরে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। রসিকতা করে তিনি আরও লেখেন, নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য তার ‘মহাকাশের লেজার’ হয়তো এবার সঠিকভাবে কাজ করেনি।
মাস্কের এই মন্তব্যের পেছনে রয়েছে টেক্সাস রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন। নির্বাচনে টেক্সাসের নতুন গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা, যিনি শুরু থেকেই ডেটা সেন্টার সম্প্রসারণের কঠোর বিরোধী।
অন্যদিকে টেক্সাসে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা, স্পেসএক্স এবং এক্সএআইয়ের বিশাল কম্পিউটিং হাব, চিপ উৎপাদন ও ডেটা সেন্টার অবকাঠামো রয়েছে। স্থানীয় প্রশাসনের নতুন নীতির কারণে এই প্রকল্পগুলো বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুগল, অ্যামাজন ও মেটার মতো বিশ্বসেরা প্রযুক্তি দানবগুলো যখন কৃত্রিম বুদ্ধিমত্তা শক্তিশালী করতে প্রতিনিয়ত নতুন ডেটা সেন্টার তৈরি করছে, তখন পরিবেশ ও স্থানীয় পাওয়ার গ্রিডের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। ডেটা সেন্টারের বিপুল বিদ্যুৎ চাহিদা মেটাতে গিয়ে সাধারণ গ্রাহকদের বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনেও একটি বড় ইস্যু হয়ে উঠেছিল।
পৃথিবীতে বিদ্যুতের ঘাটতি এবং কড়া পরিবেশগত নীতি এড়াতে মহাকাশের অসীম সৌরশক্তি ও শীতল পরিবেশ কাজে লাগিয়ে ডেটা সেন্টার পরিচালনার চিন্তা প্রযুক্তি বিশ্বে তৈরি করেছে এক নতুন মেরুকরণ। তবে এই প্রস্তাবনা কি শুধুই কোনো রাজনৈতিক ট্রোল, নাকি মহাকাশভিত্তিক প্রযুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ— তা সময়ই বলে দেবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি