ছবিতে তাইওয়ানের তাইপেতে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। ছবি : রয়টার্স চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে সামনে আসে। অভিযোগ উঠেছে, অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে বেইজিংকে তথ্য দিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। চীনও অভিযোগ অস্বীকার করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। চীনা সংবাদমাধ্যম কাইসিনের তথ্য অনুযায়ী, তার বয়স প্রায় ৪২ বছর। কর্মজীবনের শুরুতে তিনি ব্যাংকিং ও বিনিয়োগ খাতে কাজ করেছেন। এর আগে টেলিভিশন সাংবাদিক হিসেবেও কাজ করার তথ্য পাওয়া গেছে।
অ্যালিস হুয়াং সাংহাইয়ের বিনিয়োগ প্রতিষ্ঠান হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকাশনায় তাকে উপমহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক এবং বিনিয়োগ সিদ্ধান্ত কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে তিনি হংকংয়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগ এবং চীনের সিটিক সিকিউরিটিজে কাজ করেছেন বলে প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।
এনভিডিয়ার চিপ ব্যবসায় যেভাবে যুক্ত হন
অ্যালিস হুয়াংয়ের পরিচিতি বাড়ে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হওয়ার পর। ২০১৫ সালে ৭রোড ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে নাম পরিবর্তন করে মেগাস্পিড রাখা হয়। প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সি৪এডিএসের পর্যালোচনা করা নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চে মেগাস্পিডের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন অ্যালিস হুয়াং। একই বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
তবে ২০২৩ সালের শেষ দিকে মেগাস্পিডের সব সাধারণ শেয়ার সিঙ্গাপুরভিত্তিক সুইফটডেটার কাছে হস্তান্তর করা হয়। এরপরও অ্যালিস হুয়াং প্রতিষ্ঠানটির ওপর প্রভাব ধরে রেখেছিলেন বলে ধারণা করছে সি৪এডিএস। কারণ, পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাকে মেগাস্পিডের চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
মেগাস্পিডের বিরুদ্ধে চিপ সরবরাহের অভিযোগ
মেগাস্পিডের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা উন্নত এনভিডিয়া চিপ চীনা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে। এ বিষয়ে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের রপ্তানি আইন ভঙ্গ করেছে, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে আসেনি।
রয়টার্সের পর্যালোচনা করা বাণিজ্যিক চালানের তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠান এনভিডিয়ার বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে এইচ১০০ প্রসেসর। সরবরাহকারীদের মধ্যে ছিল গিগাবাইটের সহযোগী প্রতিষ্ঠান গিগা কম্পিউটিং।
এইচ১০০ এনভিডিয়ার উন্নত প্রযুক্তির প্রসেসরগুলোর একটি। চীনে এ ধরনের চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইন্দোনেশিয়ায় এসব পণ্য আমদানি করা হয়েছে বলে তা দিয়ে রপ্তানি আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণ হয় না।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্ত
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষের ধারণা, অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন। জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তিনি বেইজিংকে তথ্য সরবরাহ করেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে দুজনের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।
২০২৪ সালে তাইওয়ানে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী কমপিউটেক্স উপলক্ষে গিগাবাইটের একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। এ ছাড়া ২০২৫ সালের ২২ মে তাইপের একটি রেস্তোরাঁয় জেনসেন হুয়াংয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেন অ্যালিস হুয়াং। সেই দৃশ্যের ভিডিওচিত্রও প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য কিংবা এনভিডিয়ার ব্যবসায়িক গোপনীয়তা ফাঁস হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সোমবার তিনি জানান, এ ঘটনা নিয়ে এফবিআই তদন্ত করছে। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ওই নারী যে গুপ্তচর, তা জেনসেন হুয়াং জানতেন না।
অন্যদিকে, রোববার জেনসেন হুয়াং তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় নিজের অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের অংশীদার জর্জ চেন মনে করেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে জেনসেন হুয়াংয়ের কাছে মার্কিন আইনপ্রণেতারা ব্যাখ্যা চাইতে পারেন। তবে জেনসেন যদি ওই নারীর প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য না জেনে তার লক্ষ্যবস্তু হয়ে থাকেন, তাহলে তাকেও সম্ভাব্য ভুক্তভোগী হিসেবে দেখা যেতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ