ছবি : সংগৃহীত গ্রাহক মাত্র ৬৯ লাখ। আর এই অল্প সংখ্যক গ্রাহকের ছোট ভার সামলাতেই বড় চাপে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক। গ্রাহক তুলনায় অবকাঠামো ও টাওয়ার সংখ্যা কম থাকায় সারা দেশে নেটওয়ার্ক দুরাবস্থায় ভুগছে টেলিটক ব্যবহারকারীরা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি টাওয়ারের ওপর কয়েকগুণ চাপ বেশি হওয়ায় নেটওয়ার্কের গতি ও ভয়েস কলের মান ধরে রাখা টেলিটকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
টেলিটক সূত্রে জানা যায়, বর্তমানে সারা দেশে টেলিটকের গ্রাহক রয়েছে মাত্র ৬৯ লাখ। আর এই সংখ্যক গ্রাহকের নেটওয়ার্ক কভারেজের জন্য টাওয়ার রয়েছে মাত্র ৫৮০০টি। এর মধ্যে টেলিটকের নিজস্ব টাওয়ার রয়েছে ৪ হাজার এবং শেয়ারিং টাওয়ার ১৮০০টি। সে হিসেবে একটি টাওয়ারের আওতায় গ্রাহক রয়েছে ১ হাজার ১৯০ জন। তবে এলাকাভিত্তিক এই সংখ্যার হিসাবের ব্যবধান রয়েছে। কারণ গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে টেলিটকের ব্যবহারকারী অনেক বেশি। তাই সেসব টাওয়ারে যখন চাপ বেশি পড়ে তখন নেটওয়ার্ক সমস্যায় ভোগেন ব্যবহারকারীরা। তবে এ ভোগান্তি থেকে দ্রুতই মুক্তি মিলবে বলে জানান টেলিটক সংশ্লিষ্টরা। তারা বলেন, টেলিটক নেটওয়ার্কের মানোন্নয়নের জন্য যে প্রকল্প চলমান রয়েছে সেটি শেষ হলে নেটওয়ার্ক ব্যবস্থার উন্নতি হবে এবং ভোগান্তি অনেক কমে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রামাঞ্চলে টেলিটকের ৪জি সেবা সম্প্রসারণ, নেটওয়ার্কের মানোন্নয়ন এবং ভবিষ্যতে ৫জি সেবা চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করার জন্য ২০২১ সালে ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৫জি সেবা প্রদানের জন্য নেটওয়ার্ক প্রস্তুতকরণ’ নামে একটি প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত মোবাইল নেটওয়ার্ক ও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। এ ছাড়া প্রকল্পের অধীন থাকা বিদ্যমান সাইটের যন্ত্রাদির আধুনিকায়ন, টাওয়ার কোম্পানি ও নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে নতুন সাইট স্থাপন, ট্রান্সমিশন নেটওয়ার্ক ও অন্যান্য টেলিকম যন্ত্রাদি স্থাপন করে নেটওয়ার্ক কভারেজ পরিষেবা বৃদ্ধি করা। প্রকল্পটির আওতায় সারা দেশে ৩ হাজার নতুন সাইট স্থাপন, বিদ্যমান ২ হাজার সাইটের সক্ষমতা বৃদ্ধি, ২০০টি সাইট আধুনিকায়ন, ১ হাজার সাইটে ৪জি সরঞ্জাম সংযোজন এবং সরকারি দফতর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা দিতে ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস ডিভাইস স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কাজের জন্য প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০৪ কোটি ৩
৯ লাখ টাকা। এর মধ্য থেকে ৫৩ শতাংশ টাকা ব্যয় হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে বিদ্যমান সাইটের আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রম শেষ করে এখন দ্বিতীয় ধাপের নতুন সাইটের কাজ চলমান রয়েছে। টেলিটকের নিজস্ব ব্যবস্থাপনায় বর্তমানে প্রায় ৩৫০টি সাইটের ভৌত কাজ চলমান রয়েছে এবং টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে প্রায় ৫০০ সাইটের কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ৬৫.৫৭ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের অধীন টেলিটকের বিদ্যমান সাইটগুলোতে যন্ত্রাদির আধুনিকায়নসহ স্পেকট্রাম ব্যান্ডউইডথ (৫ মেগাহার্টজ থেকে ২০ মেগাহার্টজ), ৪জি সংযোজন এবং ৪জি সেবা ক্যাপাসিটি বৃদ্ধি সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের আওতায় টেলিটকের বিদ্যমান ৪৫১৮টি সাইটের আধুনিকায়ন, ক্যাপাসিটি এবং স্পেকট্রাম ব্যান্ডউইডথ বৃদ্ধি করা হয়েছে। এসব সাইটের মধ্যে সারা দেশে ১৮২২টি সাইটে ৪জি সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এ ছাড়া সরকারি দফতর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয্যারলেস অ্যাকসেস ডিভাইস স্থাপন সংক্রান্ত ক্রয় কার্যক্রমের জন্য মালামাল ক্রয়প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে প্রকল্পের পরিচালক এ এম আখতারুল ইসলাম সময়ের আলোকে বলেন, প্রকল্পের আওতায় বিদ্যমান সাইটগুলোর আধুনিকায়ন, ৪জি সেবা সংযুক্তি, স্পেকট্রাম ব্যান্ডউইডথ সম্প্রসারণ এবং নতুন সাইট চালুর হওয়ার কারণে টেলিটকের গ্রাহকরা ইতিমধ্যে প্রকল্প হতে সুফল পাচ্ছে। উদাহরণস্বরূপ প্রকল্প বাস্তবায়নকালের প্রারম্ভে (জানুয়ারি ২০২৩) টেলিটকের ডাউনলোড স্পিড ৪.৮ এমবিপিএস এবং আপলোড স্পিড ১.৫ এমবিপিএস ছিল বর্তমানে আপলোড স্পিড ১.৫ থেকে ৪.৪ এমবিপিএসে উন্নীত হয়েছে। ফলশ্রুতিতে সন্দেহাতীতভাবেই গ্রাহকরা কয়েকগুণ অধিক ডাটা স্পিড পাচ্ছে। তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় পণ্য, কাজ ও সেবা সম্পর্কিত প্যাকেজগুলো ক্রয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি সম্পন্ন করা হয়েছে। টেলিকম নেটওয়ার্ক জটিল প্রকৃতির হওয়ায় একই সাইটে উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় ও আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়।
অভিযোগ রয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নিম্নমানের ডিভাইস দিয়ে কাজ করছে। ফলে অনেক এলাকা প্রকৃত সুফল পাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিম্নমানের ডিভাইস দিয়ে কাজ করছে বিষয়টি সঠিক নয়। কারণ ঠিকাদাররা আবশ্যিকভাবে চুক্তিতে উল্লেখিত কারিগরি প্যাসিফিকেশন অনুসারে ডিভাইস সরবরাহ করে, সরবরাহের আগে চুক্তির শর্তানুসারে ফ্যাক্টরি টেস্টিং সম্পন্ন হয়, যন্ত্রাদি সাইটে স্থাপনের ক্ষেত্রে টেলিটকের কারিগরিভাবে অভিজ্ঞ ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক একসেপ্টেন্সে টেস্ট সম্পন্ন করা হয়। এরপর ওই কমিটির সুপারিশক্রমেই কেবল যন্ত্রাদি গ্রহণ করা হয়। যন্ত্রাদির গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে থাকে বিধায় নিম্নমানের বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পরিলক্ষিত হয়নি। উল্লেখ্য যন্ত্রাদিগুলো দেশের অন্যান্য অপারেটরদের ব্যবহৃত সমজাতীয় স্পেসিফিকেশন ও সরবরাহকারী হতে ক্রয় করা হচ্ছে, তাই নিম্নমানের হওয়ার বিষয়টি বাস্তবসম্মতও নয়।
প্রকল্পের কাজ কবে শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, প্রকল্পটি অনুমোদিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিটক একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ায় এর প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রকল্পে বিলম্ব বা প্রত্যাশিত ফল না পাওয়ার কারণ থাকলে তা জনসমক্ষে ব্যাখ্যা করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের চুক্তিগত দায়িত্ব, কাজের অগ্রগতি এবং কর্মদক্ষতাও যাচাই করা প্রয়োজন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকল্পের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা, বাস্তবসম্মত সময়সীমা, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন এবং স্বাধীন মান যাচাইয়ের ব্যবস্থা রাখতে হবে। প্রকল্পের প্রতিটি পর্যায়ে কী কাজ সম্পন্ন হয়েছে, কতটুকু এলাকায় সেবা পৌঁছেছে এবং গ্রাহকরা কী ধরনের উন্নতি পাচ্ছেন, তার পরিমাপযোগ্য তথ্য প্রকাশ করতে হবে।
মহিউদ্দিন আহমেদের বলেন, রাষ্ট্রায়ত্ত টেলিটককে কেবল প্রকল্পনির্ভর প্রতিষ্ঠান হিসেবে নয়, গ্রাহকসেবা নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। জনগণের অর্থে প্রকল্প হবে, অথচ জনগণ মানসম্মত সেবা পাবে না— এটি গ্রহণযোগ্য হতে পারে না। প্রকল্পের অগ্রগতি ও ফল সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা এবং গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, বিটিআরসির তথ্য অনুযায়ী ২০২৬ সালের জুলাই মাসে টেলিটকের সক্রিয় সিম বা গ্রাহক সংখ্যা ছিল ৬৮ লাখ ২০ হাজার, যা আগস্ট মাস শেষে ৮০ হাজার বেড়ে ৬৯ লাখে পৌঁছেছে। তবে দেশের মোট ১৯ কোটি ১১ লাখ মোবাইল গ্রাহকের মধ্যে টেলিটকের মার্কেট শেয়ার মাত্র ৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে দেশের শীর্ষ বেসরকারি অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৭২ লাখ (মার্কেট শেয়ার ৪৫.৬ শতাংশ), রবির ৫ কোটি ৯০ লাখ (৩০.৯ শতাংশ) এবং বাংলালিংকের ৩ কোটি ৮০ লাখ (১৯.৯ শতাংশ)। বেসরকারি অপারেটরগুলো নিজস্ব টাওয়ারের পাশাপাশি ইডটকো বা সামিট টাওয়ারসের মতো অবকাঠামো শেয়ারিং প্রতিষ্ঠানের মাধ্যমে ২০ থেকে ২৪ হাজারের বেশি সাইট ব্যবহার করে গ্রাহকদের সেবা দিচ্ছে।
সময়ের আলো/প্রিন্ট/আতা