ছবি : সংগৃহীতমাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন। বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবার সংযোগে সমস্যা হচ্ছে। খবর বিবিসি’র।
মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত সমস্যা দেখা দিচ্ছে।
সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে তার স্বাভাবিকভাবে সেবা পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।
মাইক্রোসফটের কোন কোন সেবা ব্যাহত হয়েছে, সবশেষ পরিস্থিতি কী?
বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কয়েকটি অ্যাপে সংযোগ করতে সমস্যায় পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বিশেষ করে মাইক্রোসফটের এক্সচেঞ্জ অনলাইন সেবা, যার মধ্যে আউটলুক ইমেইল অ্যাপও রয়েছে, সেটি অনেক গ্রাহকের জন্য ব্যাহত হয়েছে।
মাইক্রোসফট জানায়, ব্যবহারকারীরা তাদের ক্যালেন্ডার অ্যাপেও নির্দিষ্ট কিছু ফাইল বা তথ্য দেখতে সমস্যায় পড়তে পারেন।
প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের সেবাও ব্যাহত হয়েছে।
তবে মাইক্রোসফট জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন মিটিং-এর সেবাগুলো অনেকাংশেই সচল রয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সবশেষ হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানায়, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় চালু করার প্রচেষ্টায় তাদের দল ইতিবাচক ফল দেখতে পাচ্ছে। একই সঙ্গে এখন সিস্টেমগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী বিপাকে
মাইক্রোসফটের সেবায় ধরা পড়া বিভ্রাট সমাধানে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী মাইক্রোসফটের সেবা নিতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
অন্তত গত আট ঘণ্টা ধরে মাইক্রোসফটের সেবাগুলোয় এই বিভ্রাট চলছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া ৪টার কিছু পর প্রথম সমস্যাটি শনাক্ত হয়।
সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টার দিকে বিশ্বজুড়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই সময় অভিযোগের সংখ্যা ছিল প্রায় এক লাখ ৪০ হাজার, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি।
ডাউনডিটেক্টর আরও জানিয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট ছড়িয়ে পড়ে।
ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ২৮ হাজারের বেশি ব্যবহারকারী বিভ্রাটের কারণে সমস্যায় রয়েছেন।
সূত্র: বিবিসি
সময়ের আলো/টিকে