ছবি : সময়ের আলো কোলাজ বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয়ে বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা। ই-মেইল, অনলাইন মিটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবা ব্যাহত হওয়ায় কাজকর্মে বিঘ্ন ঘটেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায়। তবে এ পরিস্থিতিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা মিম ও রসিকতা। অনেকে মজা করে বলছেন, অফিসের ই-মেইল ও অনলাইন যোগাযোগ বন্ধ থাকায় কাজের চাপ থেকে মিলেছে সাময়িক মুক্তি।
বৃহস্পতিবার শুরু হওয়া এ বিপর্যয়ে মাইক্রোসফটের জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, কর্মক্ষেত্রে যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস এবং এআই সহকারী কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক সেবা ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের অন্তত ৭৪টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা সমস্যায় পড়েন বলে ডাউনডিটেক্টরে অভিযোগ জমা পড়ে। একপর্যায়ে শুধু যুক্তরাষ্ট্রেই আউটলুক নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার সমস্যার প্রতিবেদন পাওয়া যায়।
ব্যবহারকারীদের কেউ ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারেননি, আবার অনেকে নিজেদের ইনবক্সেই প্রবেশ করতে পারেননি। কোনো কোনো ক্ষেত্রে ক্যালেন্ডারের তথ্য ও অনলাইন ফাইল দেখতেও সমস্যা হয়েছে। মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল বিভিন্ন প্রতিষ্ঠানের কাজেও এর প্রভাব পড়ে। এমনকি মাইক্রোসফটের সঙ্গে সংযুক্ত সেবার সমস্যায় এআই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু টুলও প্রত্যাশামতো কাজ করেনি।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের অবকাঠামোর বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ায় এ সমস্যা তৈরি হয়েছে। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রকৌশলীরা কাজ শুরু করলেও প্রাথমিকভাবে নেওয়া কিছু পদক্ষেপ প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সেবা পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছে।
শুক্রবার মাইক্রোসফট জানায়, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর বিভিন্ন অংশে সেবা পুনরুদ্ধারে অগ্রগতি হচ্ছে। উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও সেবা স্বাভাবিক হওয়ার ইতিবাচক লক্ষণ পাওয়া যাচ্ছে। তবে কিছু ব্যবহারকারী তখনো সাময়িকভাবে সেবা ব্যবহারে সমস্যা ও ই-মেইল পৌঁছাতে বিলম্বের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে সেবা বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা শুরু হয়। বিশেষ করে অফিসের ই-মেইল ও অনলাইন মিটিংয়ের ওপর নির্ভরশীল কর্মীরা বিষয়টি নিয়ে রসিকতায় মেতে ওঠেন। কেউ লিখেছেন, আউটলুক ও টিমস কাজ না করলে অফিসের কাজই বা কীভাবে হবে! তাই ল্যাপটপ বন্ধ করে ছুটি উপভোগ করাই ভালো। আবার কেউ মজা করে বলেছেন, শুক্রবারে এমন বিপর্যয় সপ্তাহান্তের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
কেউ কেউ আবার ই-মেইল পাঠানোর বিকল্প হিসেবে কবুতরের মাধ্যমে চিঠি পাঠানোর কথাও লিখেছেন। অনেকে মাইক্রোসফটকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দীর্ঘদিনের ব্যস্ততা ও অনলাইন যোগাযোগের চাপ থেকে এমন বিরতি মন্দ নয়।
তবে হাসি-রসিকতার আড়ালে এ ঘটনা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীলতার বিষয়টিও সামনে এনেছে। একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সার্ভার বিপর্যয় কীভাবে বিভিন্ন দেশের ব্যবসা, যোগাযোগ ও দৈনন্দিন কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, তা আবারও স্পষ্ট হয়েছে।
সময়ের আলো/জেডি