৩ বছরের মধ্যে এআইয়ের দখলে যাবে বিশ্ব, ধ্বংস হবে মানুষ

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

আগামী তিন বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিশ্বব্যবস্থার দখলে নেবে। এমনকি নিয়ন্ত্রণ করা না গেলে

2026-11-13T23:29:54+00:00
2026-11-13T23:29:54+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
এআই ‘গডফাদার’ হিন্টন
৩ বছরের মধ্যে এআইয়ের দখলে যাবে বিশ্ব, ধ্বংস হবে মানুষ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
‘গডফাদার অব এআই’ হিসেবে পরিচিত নোবেলজয়ী অধ্যাপক জিওফ্রে হিন্টন। ছবি : সংগৃহীত
আগামী তিন বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিশ্বব্যবস্থার দখলে নেবে। এমনকি নিয়ন্ত্রণ করা না গেলে এআইয়ের কারণে মানুষের প্রাণহানিও ঘটবে বলে সতর্ক করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ ভয়াবহ ঝুঁকির বিষয়ে ইউরোপের নেতাদের সতর্ক করবেন ‘গডফাদার অব এআই’ হিসেবে পরিচিত নোবেলজয়ী অধ্যাপক জিওফ্রে হিন্টন। শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় কাউন্সিলের এআইবিষয়ক এক অনানুষ্ঠানিক সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ব্রিটিশ-কানাডীয় এই বিজ্ঞানীর। নিউরাল নেটওয়ার্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত হিন্টন সেখানে এআইয়ের সম্ভাব্য বিপজ্জনক ভবিষ্যৎ পরিস্থিতি তুলে ধরবেন।

সম্প্রতি কানাডার টরন্টোতে এআই সেফটি ফাউন্ডেশনের আয়োজনে ‘হিন্টন লেকচারস’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। সেখানে তাদের উদ্বেগের কেন্দ্রে ছিল; এআই এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে কি না, যাতে সরকারগুলোর নিয়ন্ত্রণও অতিক্রম করে যায়।

এআই অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিশ্চিয়ানো সতর্ক করে বলেন, এআইয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হতে পারে।

তিনি বলেন, ‘আগামী তিন বছরের মধ্যে এআইয়ের হাতে বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এমনকি আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের ঘটনা ঘটার উল্লেখযোগ্য আশঙ্কা আছে।’ ক্রিশ্চিয়ানোর মতে, এআইয়ের কারণে মানুষ মারা না গেলেও এর নিয়ন্ত্রণে চলে যাওয়ার অর্থ হবে মানুষের সার্বভৌমত্ব ও নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অবসান। এ পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত।

তিনি আরও বলেন, ‘এই কক্ষে উপস্থিত অধিকাংশ মানুষের মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে এআই সংক্রান্ত কোনো দুর্ঘটনা।’

হিন্টনের কাছেও সময়সীমা উদ্বেগজনক

যুক্তরাজ্য সরকারকে অনানুষ্ঠানিকভাবে এআই বিষয়ে পরামর্শ দেন অধ্যাপক হিন্টন। দীর্ঘদিন ধরেই তিনি এ প্রযুক্তির ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন। তবে এআইয়ের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার সম্ভাব্য সময়সীমা এতটা কাছাকাছি হতে পারে, তা আগে বুঝতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

হিন্টন বলেন, ‘আমি এতদিন বলে আসছিলাম, এই প্রযুক্তি একসময় আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। তাই আমাদের উদ্বিগ্ন হওয়া প্রয়োজন। হয়তো ১০ বছরের মধ্যে এমনটা ঘটতে পারে। কিন্তু পলের বক্তৃতা শুনতে গিয়ে তিনি বলছেন, আগামী ১৮ মাসের মধ্যেও এটি ঘটতে পারে। বিষয়টি ভয়ংকর। তাই শুক্রবার আমি সরকারপ্রধানদের এ বিষয়ে সতর্ক করব।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। অতি-বুদ্ধিমান এআইয়ের সঙ্গে মোকাবিলার অর্থ কী, মানুষ এখনও তা পুরোপুরি বুঝতে পারেনি। কোনো ব্যবস্থা যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তখন আপনি সেটিকে নিয়ন্ত্রণ করবেন না; বরং সেটিই আপনাকে নিয়ন্ত্রণ করবে।’

নিজেই হ্যাকিংয়ে জড়াচ্ছে এআই

গত ছয় মাসে এআইয়ের অগ্রগতির গতিপথকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন ক্রিশ্চিয়ানো। এ ক্ষেত্রে তিনি একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে ওপেনএআইয়ের কিছু মডেল ইন্টারনেটে প্রবেশ করে মেশিন লার্নিং নিয়ে কাজ করা ব্যক্তিদের অনলাইন প্ল্যাটফর্ম হাগিং ফেসে হ্যাকিং চালায়।

তার দাবি, এআই বটগুলো ব্যবহারকারীদের লগইন টোকেন খুঁজে বের করে প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকার পায়। এরপর তারা পরস্পরকে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সহায়তা করে, নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটি বার্তা বোর্ড তৈরি করে এবং কাজের সময় প্রতারণা করেনি; এমন ধারণা দিতে মানব প্রশাসকদের কীভাবে বিভ্রান্ত করা যায় তা নিয়ে আলোচনা করে। এ জন্য তারা কাজের রেকর্ডেও পরিবর্তন আনে।


ক্রিশ্চিয়ানো বলেন, ‘গত গ্রীষ্মেও কেউ এমন কথা শুনলে একে কল্পবিজ্ঞানের গল্প বলে মনে করতেন। এসব এআই এজেন্ট হ্যাকিং ও নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করতে খুবই আগ্রহী ছিল, কিন্তু মানুষের বিষয়ে তাদের বিশেষ কোনো আগ্রহ ছিল না। ভবিষ্যতের এজেন্টরা মানুষকেও নিজেদের লক্ষ্যে পৌঁছানোর পথে আরেকটি বাধা হিসেবে বিবেচনা করতে পারে।’ তার আশঙ্কা, এ ধরনের কোনো ব্যর্থতা বা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি শেষ পর্যন্ত এআইয়ের হাতে ক্ষমতা চলে যাওয়া এবং মানুষের নিয়ন্ত্রণ স্থায়ীভাবে হারানোর কারণ হতে পারে।

এআইকে নতুন প্রজাতি হিসেবে দেখার সতর্কতা

ক্রিশ্চিয়ানোর মতে, এআইকে নতুন একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা উচিত। কারণ অদূর ভবিষ্যতে এআই ব্যবস্থার সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি হয়ে যেতে পারে এবং বুদ্ধিমত্তার দিক থেকেও তারা মানুষকে বহুগুণ ছাড়িয়ে যেতে পারে। এসব ব্যবস্থার নিজস্ব উদ্দেশ্য ও লক্ষ্য তৈরি হতে পারে, যা মানুষের পক্ষে বোঝা কঠিন হবে।

তিনি বলেন, এআইয়ের অগ্রগতির গতি উদ্বেগজনক। ২০১৮ সালে যেখানে এআই দিয়ে একটি সুসংগত বাক্য লেখাও কঠিন ছিল, সেখানে চলতি বছর এটি বিশ্বের সবচেয়ে কঠিন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে বুদ্ধিমান যন্ত্র নিজেরাই নতুন এআই এজেন্ট তৈরি করতে পারে, নতুন ধরনের অস্ত্র উদ্ভাবন করতে পারে এবং রোবট, ড্রোন, অবকাঠামো ও শিল্প-কারখানার নিয়ন্ত্রণ নিতে পারে।

এ ছাড়া ‘মিরর লাইফ’ বা বিপরীত জৈবিক গঠনসম্পন্ন জীব তৈরির আশঙ্কাও রয়েছে। মানুষের শরীরে এসব জীবের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধব্যবস্থা না থাকায় তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ক্রিশ্চিয়ানো বলেন, ‘প্রকৃতিতে যেসব মহামারি দেখা যায়, কৃত্রিম জীববিজ্ঞানে দক্ষ কেউ গবেষণাগারে যেসব জীব তৈরি করতে পারেন, সেগুলোর তুলনায় এগুলো অপেক্ষাকৃত কম হুমকির।’

তিনি আরও বলেন, ‘এসব প্রবণতা একসঙ্গে বিবেচনা করলে আমরা এমন এক বিশ্বের দিকে এগোচ্ছি, যেখানে মানুষের প্রায় সব কাজেই দক্ষ, মানুষের চেয়ে দ্রুত চিন্তা করতে সক্ষম এবং নিজেদের নির্ধারিত লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করে যাওয়া কোটি কোটি এআই ব্যবস্থা থাকবে।’ তার মতে, সবচেয়ে বড় ভয় হলো, এসব ব্যবস্থা একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেগুলো বন্ধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   এআই  দখল  বিশ্ব  ধ্বংস  মানুষ 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: