এআইয়ের ওপর নির্ভরতায় কি কমছে মানুষের স্মৃতিশক্তি ও চিন্তার ক্ষমতা?

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

এআই বা কৃত্রিম বৃদ্ধিমত্তার জন্য মানুষের দৈনন্দিন কাজ অনেক সহজ হয়েছে। এখন মুহূর্তেই যেকোনো প্রশ্নের উত্তর জানার সুযোগ তৈরি হয়েছে।

2026-11-14T16:56:25+00:00
2026-11-14T16:59:38+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
এআইয়ের ওপর নির্ভরতায় কি কমছে মানুষের স্মৃতিশক্তি ও চিন্তার ক্ষমতা?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৪:৫৯ পিএম
এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রাপ্তবয়স্কদের স্বাধীনভাবে তথ্য মনে করা ও বিশ্লেষণের চর্চা কমিয়ে দিতে পারে। ছবি : সংগৃহীত
এআই বা কৃত্রিম বৃদ্ধিমত্তার জন্য মানুষের দৈনন্দিন কাজ অনেক সহজ হয়েছে। এখন মুহূর্তেই যেকোনো প্রশ্নের উত্তর জানার সুযোগ তৈরি হয়েছে। তবে, প্রযুক্তির এই সুবিধার আড়ালে নতুন একটি উদ্বেগও তৈরি হচ্ছে। এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা কি মানুষের স্মৃতিশক্তি, মনোযোগ ও স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে? চিকিৎসক ও গবেষকদের আলোচনায় বিষয়টি ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

ভারতের চেন্নাইয়ের গ্লেনিগলস হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. নাইজেল পিটার সিমসের মতে, কোনো কিছু শেখা ও মনে রাখার ক্ষমতা নির্ভর করে তথ্যের সঙ্গে মস্তিষ্ক কতটা সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে তার ওপর। নতুন অভিজ্ঞতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর মধ্যকার সংযোগে পরিবর্তন আসে এবং তা শক্তিশালী হয়। চিকিৎসাবিজ্ঞানে এ প্রক্রিয়াকে বলা হয় ‘নিউরোপ্লাস্টিসিটি’।

তবে এআই ব্যবহার করলেই সরাসরি স্মৃতিশক্তি কমে যায়, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের উদ্বেগ মূলত অন্য জায়গায়। মানুষের নিজের মনোযোগ, স্মৃতি ও চিন্তাশক্তি কাজে লাগিয়ে যেসব কাজ করার কথা, সেগুলো নিয়মিত এআইয়ের মাধ্যমে করালে প্রয়োজনীয় মানসিক অনুশীলন কমে যেতে পারে।


কোনো তথ্য মনে রাখার ক্ষেত্রে মূলত তিনটি ধাপ কাজ করে। প্রথমে তথ্য গ্রহণ, এরপর মস্তিষ্কে তা সংরক্ষণ এবং সবশেষে প্রয়োজনের সময় সেই তথ্য মনে করতে পারা। এ প্রক্রিয়ায় গভীর মনোযোগ, বারবার অনুশীলন, পূর্বের অভিজ্ঞতা ও সক্রিয় চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন স্মৃতি তৈরিতে মস্তিষ্কের ‘হিপোক্যাম্পাস’ নামের অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা যায়। কোনো অধ্যায়ের সারাংশ পড়ে নেওয়া এবং বই বন্ধ করে নিজের ভাষায় সেই অধ্যায়ের মূল বিষয়গুলো মনে করার চেষ্টা করা এক বিষয় নয়। দ্বিতীয় ক্ষেত্রে মস্তিষ্ককে সংরক্ষিত তথ্য নিজে থেকে খুঁজে বের করতে ও সাজাতে হয়।

শেখার এই পদ্ধতিকে বলা হয় ‘অ্যাকটিভ রিকল’ বা সক্রিয় স্মৃতিচর্চা। অর্থাৎ কোনো তথ্য শুধু পড়ে নেওয়া নয়, বরং নিজের স্মৃতি থেকে তা মনে করার চেষ্টা করাই শেখার কার্যকর অনুশীলনগুলোর একটি।

দীর্ঘ লেখা সংক্ষেপ করা, কঠিন বিষয় সহজভাবে ব্যাখ্যা করা কিংবা কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা- এসব কাজে এআই এখন বেশ দক্ষ। কিন্তু প্রযুক্তির এই সুবিধা যখন মানুষের নিজস্ব চেষ্টা ও চিন্তার বিকল্প হয়ে দাঁড়ায়, তখনই উদ্বেগ তৈরি হয়।

ডা. সিমস সতর্ক করে বলেন, ‘এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রাপ্তবয়স্কদের স্বাধীনভাবে তথ্য মনে করা ও বিশ্লেষণের চর্চা কমিয়ে দিতে পারে। শিশুদের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। কোনো প্রশ্নের উত্তর নিজে খোঁজার পরিবর্তে এআইয়ের কাছ থেকে সরাসরি উত্তর নিয়ে নিলে তাদের যুক্তিবোধ, মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের সুযোগ বাধাগ্রস্ত হতে পারে।’


তবে এআই ব্যবহারের কারণে স্থায়ী স্মৃতিহানি ঘটে কিংবা মস্তিষ্কের শারীরিক ক্ষতি হয়- এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই বলে তিনি উল্লেখ করেন।

এআই ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের সক্রিয়তার সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মিডিয়া ল্যাবের একটি গবেষণা। ‘ইওর ব্রেন অন চ্যাটজিপিটি’ শিরোনামের ওই গবেষণায় ইলেকট্রোএনসেফালোগ্রাফি বা ইইজি পদ্ধতিতে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের একটি দল চ্যাটজিপিটির সাহায্যে প্রবন্ধ লিখেছিলেন। অন্য দল কোনো এআইয়ের সহায়তা ছাড়াই নিজেরা লিখেছিলেন। গবেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, এআইয়ের সাহায্যে লেখা অংশগ্রহণকারীদের মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যকার সামগ্রিক সংযোগের মাত্রা তুলনামূলক কম ছিল।


তবে, গবেষণাটি ছিল প্রাথমিক পর্যায়ের। নির্দিষ্ট একটি কাজের সময় মস্তিষ্কের সংযোগে সাময়িক পার্থক্য দেখা দেওয়ার অর্থ এই নয় যে, এআই ব্যবহারের কারণে মানুষের স্মৃতিশক্তি স্থায়ীভাবে নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, এআইকে শেখার সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত, নিজের চিন্তাভাবনার বিকল্প হিসেবে নয়। কোনো কঠিন বিষয় বুঝতে, নতুন ধারণা পেতে কিংবা জটিল সমস্যার প্রাথমিক ব্যাখ্যা জানতে এআইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। তবে এরপর নিজে বিষয়টি বোঝার চেষ্টা করা, নিজের ভাষায় ব্যাখ্যা করা এবং তথ্যের যথার্থতা যাচাই করা জরুরি।

বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর সরাসরি এআই থেকে নিয়ে মুখস্থ করার পরিবর্তে নিজে উত্তর খোঁজা ও সমাধানের চেষ্টা করা প্রয়োজন। এতে চিন্তাশক্তি, স্মৃতিচর্চা ও সমস্যা সমাধানের দক্ষতা বজায় রাখতে সহায়তা পাওয়া যায়।

সময়ের আলো/মহু
  বিষয়:   এআই  স্মৃতিশক্তি  চিন্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: