বিশ্বজুড়ে বিভ্রাটের পর সচল মাইক্রোসফটের সব সেবা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

বিশ্বজুড়ে প্রায় এক দিন ধরে চলা বিপর্যয়ের পর নিজেদের সব সেবা পুরোপুরি সচল হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। শনিবার ভোরে প্রতিষ্ঠানটি

2026-11-14T14:24:33+00:00
2026-11-14T14:24:33+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
বিশ্বজুড়ে বিভ্রাটের পর সচল মাইক্রোসফটের সব সেবা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে প্রায় এক দিন ধরে চলা বিপর্যয়ের পর নিজেদের সব সেবা পুরোপুরি সচল হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। শনিবার ভোরে প্রতিষ্ঠানটি জানায়, সমস্যার মূল কারণ সমাধানে কাজ শেষ হয়েছে। ফলে আউটলুক, টিমস ও কোপাইলট ব্যবহারকারীদের আর ভোগান্তিতে পড়ার কথা নয়।

মাইক্রোসফটের বিভিন্ন সেবায় এই বিপর্যয়ের প্রভাব পড়েছিল ৭০টির বেশি দেশে। এতে ব্যবসায়িক কার্যক্রম, সরকারি সেবা থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারকারীরাও সমস্যায় পড়েন। বিশ্বজুড়ে এসব সেবা ব্যবহার করেন ৪৩ কোটির বেশি মানুষ।

প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তাদের ভাষ্য, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর কাজের সময় তৈরি হওয়া ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটে। এর পেছনে কোনো সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের ভূমিকা ছিল না।

বৃহস্পতিবার থেকে ব্যবহারকারীরা মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন। শুক্রবার পরিস্থিতি আরও বিস্তৃত হয়। জাপান সরকার, ফিলিপাইনের সুপ্রিম কোর্ট, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা, উত্তর আমেরিকার বিভিন্ন হাসপাতাল, আদালত ও রেলসেবাও এর প্রভাবে পড়ে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের কিছু অংশ, কয়েকটি স্কুল ও পুলিশ বাহিনীর কার্যক্রমেও সমস্যা দেখা দেয়। তবে দেশটির সাইবারবিষয়ক মন্ত্রী লিজ লয়েড জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-সহ গুরুত্বপূর্ণ সম্মুখসারির সেবায় এর প্রভাব সীমিত ছিল। পরিবহন নেটওয়ার্কেও কোনো বিঘ্ন ঘটেনি।

কানাডায় জাতীয় রেল নেটওয়ার্ক জানিয়েছে, যাত্রীরা তাদের ভ্রমণসংক্রান্ত ইমেইল আপডেট নাও পেতে পারেন। দেশটির বিভিন্ন হাসপাতালেও ইমেইল ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কর্মীরা পলিটিকোকে জানিয়েছেন, আউটলুকের ওপর নির্ভরশীল হওয়ায় আইনপ্রণয়নের পুরো দিনের কাজ ব্যাহত হয়েছে।

সিঙ্গাপুর সরকারও তাদের কিছু ব্যবস্থায় প্রভাব পড়ার কথা স্বীকার করেছে। ভারতে শুক্রবার অনেকের কাজ ব্যাহত হয়। তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তা ও উপদেষ্টারাও আউটলুক ব্যবহার করতে না পেরে সমস্যায় পড়েন।

ছোট ব্যবসা ও ব্যক্তিগত ব্যবহারকারীরাও এ বিপর্যয়ের বাইরে ছিলেন না। দক্ষিণ আফ্রিকার পিটার পেন্টজ নামের এক মদ প্রস্তুতকারক জানান, মাইক্রোসফটের সেবা বন্ধ থাকায় তাঁর পুরো ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়ে। রপ্তানি-সংক্রান্ত যোগাযোগ বন্ধ হওয়ার পাশাপাশি উৎপাদনের গুরুত্বপূর্ণ কাজও থেমে যায়।

ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারের জর্জিয়া নামের এক নারী জানান, আট মাস অপেক্ষার পর শুক্রবার তার প্রথম বাড়ি কেনার চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু মাইক্রোসফটের সেবা বন্ধ থাকায় তা পিছিয়ে গেছে। সংশ্লিষ্ট আইনজীবী তাঁকে জানিয়েছেন, অন্য সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বিলম্ব হতে পারে।

মাইক্রোসফট প্রথম বৃহস্পতিবার ১৭টা ৫৪ মিনিটে জানায়, আমেরিকা অঞ্চলের ব্যবহারকারীরা এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্সে প্রবেশ করতে পারছেন না। পরে প্রতিষ্ঠানটি সতর্ক করে, সমস্যা বিশ্বজুড়ে মাইক্রোসফট ৩৬৫ সেবায় প্রভাব ফেলতে পারে।

শুক্রবার ভোর ৪টা ৩৬ মিনিটে কিছু অঞ্চলে আংশিক সেবা ফেরার কথা জানায় প্রতিষ্ঠানটি। পরে দুপুর ১টা ৩২ মিনিটে উত্তর আমেরিকায় বিস্তৃত উন্নতি, ইউরোপের বড় অংশে ধারাবাহিক অগ্রগতি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সেবা ফেরার ইতিবাচক লক্ষণের কথা জানানো হয়। সমস্যার ব্যাপকতার কারণে ধাপে ধাপে সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গ্রাহক ও অংশীদারদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। গ্রাহকেরা তাদের সেবার ওপর যে আস্থা রাখেন, সেই দায়িত্বকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন। ঘটনার পর্যালোচনা শেষ হলে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।


বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা দেখিয়ে দিয়েছে যে ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সেবাগুলো অল্প কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ই২ই-অ্যাশিউরের প্রধান নির্বাহী রব ডেমেইন বলেন, বৈশ্বিক এ বিপর্যয় বড় প্রযুক্তি সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টি স্পষ্ট করেছে।

প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডাপ্টাভিস্টের ফিল্ড চিফ টেকনোলজি কর্মকর্তা ম্যাট সন্ডার্স বলেন, একই ধরনের সমস্যা এড়ানো কঠিন। বিকল্প সেবা ব্যবহারের মাধ্যমে ঝুঁকি কমানোর প্রচলিত কৌশল থাকলেও মাইক্রোসফটের মতো প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া ব্যবসা পরিচালনা প্রায় অসম্ভব। তাই এমন পরিস্থিতিতে এসব সেবা ছাড়াই কীভাবে কাজ চালানো যাবে, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর আগাম পরিকল্পনা থাকা জরুরি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিশ্বজুড়ে  বিভ্রাট  মাইক্রোসফট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: