গোপনীয়তা ভঙ্গের দায়ে মেটাকে ৮৮০ মিলিয়ন ডলার জরিমানা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অনুমতি ছাড়াই ফোনের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা প্রায়

2026-11-15T14:45:16+00:00
2026-11-15T14:46:47+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
গোপনীয়তা ভঙ্গের দায়ে মেটাকে ৮৮০ মিলিয়ন ডলার জরিমানা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ২:৪৬ পিএম
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট মেটাডেটায় প্রবেশ করেছিল মেটা। ছবি : সংগৃহীত
ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অনুমতি ছাড়াই ফোনের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৮০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ শনিবার (১৪ নভেম্বর) এ জরিমানার ঘোষণা দেয়। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালিতে আরোপ করা অন্যতম বড় জরিমানা এটি।

ইতালীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট মেটাডেটায় প্রবেশ করেছিল মেটা। তবে, এ জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি। এমনকি বিষয়টি তাদের কাছে স্পষ্টও করা হয়নি।

২০২৩ সালে চালু হওয়া ফেসবুকের ‘গ্যালারি সাজেশনস’ ফিচারকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় ফোনের গ্যালারি থেকে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও নিয়ে পোস্ট করার পরামর্শ দেওয়া হতো।


নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণে বলা হয়েছে, পুরো অ্যাপ ব্যবহারের জন্য নেওয়া সাধারণ অনুমতির মাধ্যমেই মেটা ফোনের গ্যালারিতে প্রবেশের সুযোগ পেয়েছিল। আগে কিছু ফিচার চালুর সময় সাধারণ একটি নোটিশ দেখানো হতো। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারতেন না, এর মাধ্যমে ফোনের গ্যালারিতে প্রবেশের অনুমতিও দেওয়া হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, গ্যালারি সাজেশনস ফিচারের জন্য মেটাকে আলাদা ও সুস্পষ্ট অনুমতি নিতে হবে। পাশাপাশি ছবি-ভিডিও কী কাজে ব্যবহার করা হবে, ফোনের গ্যালারিতে প্রবেশ করা হবে কি না এবং ফিচারটি কীভাবে বন্ধ করা যাবে, তা স্পষ্টভাবে জানাতে হবে।

জরিমানার পরিমাণ নির্ধারণে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা, দীর্ঘদিন ধরে নিয়ম লঙ্ঘন এবং তদন্তে মেটার অসহযোগিতার বিষয়গুলো বিবেচনায় নিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। তাদের হিসাবে, দেশটিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনার ঝুঁকিতে পড়েছেন। যারা অ্যাপ হালনাগাদ করেননি বা আগে অনুমতি দিয়েছিলেন, তাদের ক্ষেত্রেও ঝুঁকি অব্যাহত রয়েছে।


২০২৫ সালে মেটার বার্ষিক আয় ছিল ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। জরিমানার পরিমাণ প্রতিষ্ঠানটির ওই বছরের আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।

এর আগে, অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে তথ্য ব্যবহারের বিষয়ে বাসিন্দাদের এক দশকের বেশি সময় ধরে বিভ্রান্ত করার অভিযোগে মেটাকে রেকর্ড ২৫ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। ওই জরিমানাকে ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর কর’ বলে সমালোচনা করেছিল প্রতিষ্ঠানটি।

ইতালিতে এর আগে ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১ দশমিক ১ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করা হয়েছিল। আপিলের পর সেই জরিমানার পরিমাণ কমে ৭৫২ মিলিয়ন ইউরো হয়।

মেটাও ইতালির এই জরিমানার বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে, শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : টেক ওয়ার্ল্ড, ইউরো নিউজ

সময়ের আলো/মহু
  বিষয়:   মেটা  জরিমানা  গোপনীয়তা ভঙ্গ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: