স্বাস্থ্যসেবায় গুগলের বিশেষ প্ল্যাটফর্ম। ছবি : সংগৃহীতস্বাস্থ্যসেবা খাতের কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করতে ‘জেমিনি ফর হেলথকেয়ার’ নামের নতুন একটি এআই প্ল্যাটফর্ম চালু করেছে গুগল ক্লাউড। এজেন্টিক এআই প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মটি মূলত চিকিৎসাসেবা, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের জন্য তৈরি করা হয়েছে। ফলে হাসপাতাল এবং স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের জটিল কাজগুলো অনেক সহজে পরিচালনা করতে পারবে।
গত ১০ নভেম্বর থেকে প্রিভিউ সংস্করণে ব্যবহারের জন্য প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়েছে। ফিয়ার্স হেলথকেয়ারের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক ও স্বাস্থ্যবীমা খাতের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি কাজ করে এটি তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের কঠোর স্বাস্থ্যতথ্য সুরক্ষা আইন মেনে চলার উপযোগী। গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান জানান, স্বাস্থ্যসেবা খাতে তথ্যের কোনো অভাব নেই; বরং মূল চ্যালেঞ্জ হলো কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার ভেতর থেকে বিভিন্ন উৎসের তথ্য কার্যকরভাবে কাজে লাগানো। এই বাধা দূর করতেই প্ল্যাটফর্মটি ডিজাইন করা হয়েছে।
নতুন এই প্ল্যাটফর্মটিতে মূলত চারটি প্রধান সুবিধা রয়েছে—
*স্বাস্থ্যসেবার কাজের উপযোগী বিশেষ এআই দক্ষতা
*বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সহজ সংযোগ
*অংশীদারদের জন্য একটি উন্মুক্ত ইকোসিস্টেম
*নিরাপদ ও নিয়ন্ত্রিত এআই পরিবেশ
এতে কোন এআই মডেল ব্যবহার করা হবে, তা প্রতিষ্ঠানগুলো নিজেদের পছন্দমতো বেছে নিতে পারে। প্ল্যাটফর্মটি ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড , বিলিং ব্যবস্থা, চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা, রোগ নির্ণয়ের কোডিং ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেস কেন্দ্রের তথ্যভান্ডারের সঙ্গে সরাসরি যুক্ত হতে সক্ষম।
জেমিনি এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড ও জেমিনি এন্টারপ্রাইজ প্লাস গ্রাহকরা এই সেবাটি ব্যবহার করতে পারবেন। এর মূল্য নির্ধারণে প্রতি ব্যবহারকারীর সাবস্ক্রিপশন অথবা ব্যবহারের পরিমাণ অনুযায়ী অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
গুডআরএক্স, এপিক, ওরাকল হেলথ, এইচসিএ হেলথকেয়ার এবং নর্থওয়েল হেলথসহ বিশ্বমানের বহু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুগলের এই উদ্যোগে অংশীদার হয়েছে।
এইচসিএ হেলথকেয়ারের প্রধান ক্লিনিক্যাল কর্মকর্তা মাইকেল শ্লোসার বলেন, জেমিনি বিভিন্ন স্বাস্থ্য রেকর্ড থেকে রোগীর জটিল তথ্য বিশ্লেষণ করে চিকিৎসকদের রোগীর সামগ্রিক স্বাস্থ্য ইতিহাস বুঝতে সাহায্য করবে। এতে চিকিৎসকরা তথ্য সংগ্রহের কাজে কম সময় ব্যয় করে সরাসরি রোগীর সেবায় বেশি মনোযোগ দিতে পারবেন।
সময়ের আলো/জেডআই