ছবি : মারুফ কামরুল। গবেষণার তথ্য খুঁজতে, পড়াশোনার কঠিন বিষয় সহজে বুঝতে কিংবা অফিসের প্রেজেন্টেশন তৈরি করতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নেওয়া যায়। লেখালেখি থেকে শুরু করে ছবি, ভিডিও তৈরি, তথ্য বিশ্লেষণ, এমনকি দৈনন্দিন কাজের পরিকল্পনাও করা সম্ভব বিভিন্ন এআই টুলের মাধ্যমে।
তবে সব কাজের জন্য একই টুল সমান কার্যকর নয়। কোনোটি গবেষণার তথ্য খুঁজতে ভালো, কোনোটি লেখালেখি বা নকশা তৈরিতে, আবার কোনোটি ভিডিও সম্পাদনা কিংবা কোডিংয়ের কাজে সহায়ক। চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের বাইরেও রয়েছে নানা বিশেষায়িত এআই টুল। কাজের ধরন অনুযায়ী সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
গবেষণা ও তথ্য খোঁজার কাজে
গবেষণার জন্য তথ্য সংগ্রহ, বিভিন্ন উৎসের তথ্য তুলনা কিংবা গবেষণাপত্রের সারাংশ বুঝতে ব্যবহার করতে পারেন পারপ্লেক্সিটি এআই। এটি প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তথ্যের উৎসও দেখায়। নির্দিষ্ট পিডিএফ, গবেষণাপত্র বা ডকুমেন্ট থেকে তথ্য খুঁজতে সহায়ক গুগলের নোটবুকএলএম। গবেষণাপত্র খোঁজা, পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য রয়েছে এলিসিট (elicit.com) ও সাইস্পেস (scispace.com)। তবে এসব টুলের দেওয়া তথ্য ও সূত্র মূল গবেষণাপত্রের সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি।
ভিডিও তৈরি ও সম্পাদনায়
লেখা বা ছবি থেকে ভিডিও তৈরি, ভিডিও সম্পাদনা কিংবা বিজ্ঞাপনের দৃশ্য নির্মাণে ব্যবহার করা যায় রানওয়ে (runway.com)। গুগলের জেমিনাইয়েও লেখা ও ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা রয়েছে। তবে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। ব্যবহারকারীর অ্যাকাউন্ট, সাবস্ক্রিপশন ও ব্যবহৃত মডেল অনুযায়ী ভিডিও তৈরির সুযোগ, মান ও দৈর্ঘ্যে পার্থক্য হতে পারে।
অডিও ও ভয়েসওভার তৈরিতে
ভিডিওর জন্য কৃত্রিম কণ্ঠে ভয়েসওভার তৈরি কিংবা লেখা থেকে অডিও বানাতে ব্যবহার করতে পারেন ইলেভেনল্যাবস (elevenlabs.io)। অন্যদিকে, দীর্ঘ গবেষণাপত্র, ক্লাসের নোট বা ডকুমেন্ট পড়ার বদলে কথোপকথনের মতো করে শুনতে চাইলে নোটবুকএলএমের অডিও ওভারভিউ সুবিধা কাজে আসতে পারে।
লেখালেখি ও সম্পাদনায়
ই-মেইল, প্রতিবেদন, ব্যবসায়িক প্রস্তাব কিংবা দীর্ঘ কোনো লেখার খসড়া তৈরি ও সম্পাদনায় কাজে লাগতে পারে চ্যাটজিপিটি ও ক্লড। লেখার কাঠামো সাজানো, ভাষা সহজ করা, বাক্য পুনর্লিখন কিংবা নতুন ধারণা বের করতেও এগুলো ব্যবহার করা যায়। ইংরেজি লেখার বানান, ব্যাকরণ ও বাক্যগঠন ঠিক করতে রয়েছে গ্রামারলি (grammarly.com) ও কুইলবট (quillbot.com)।
প্রেজেন্টেশন ও গ্রাফিকস তৈরিতে
ক্লাসের অ্যাসাইনমেন্ট বা অফিসের সভার জন্য স্লাইড তৈরি করতে ব্যবহার করতে পারেন গামা (gamma.app) ও জেনস্পার্ক (genspark.ai)। বিষয়বস্তু বা নির্দেশনা দিলে এসব টুল প্রেজেন্টেশনের প্রাথমিক কাঠামো ও স্লাইড তৈরি করে দিতে পারে। পোস্টার, ইনফোগ্রাফিক ও বিভিন্ন ধরনের গ্রাফিকস তৈরিতে জনপ্রিয় ক্যানভা (canva.com)। আর কোনো ধারণা বা লেখাকে ডায়াগ্রাম কিংবা ভিজ্যুয়াল ফ্রেমওয়ার্কে সাজাতে কাজে আসবে ন্যাপকিন এআই (napkin.ai)।
কাজের পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনায়
দৈনন্দিন কাজের তালিকা তৈরি, সময়সূচি সাজানো এবং মিটিংয়ের সময় নির্ধারণে সহায়তা করতে পারে মোশন (usemotion.com)। নোশন এআই (notion.com) দিয়ে নোট গুছিয়ে রাখা, প্রকল্পের পরিকল্পনা তৈরি এবং দীর্ঘ তথ্য সংক্ষেপ করা যায়। ব্যক্তিগত কাজের পাশাপাশি দলগত প্রকল্প পরিচালনাতেও এটি ব্যবহার করা সম্ভব।
অনলাইন মিটিংয়ের নোট তৈরিতে
অনলাইন মিটিংয়ের দীর্ঘ আলোচনা থেকে গুরুত্বপূর্ণ তথ্য, সিদ্ধান্ত ও করণীয় আলাদা করে রাখতে ব্যবহার করা যায় অটার ডট এআই (Otter.ai) ও ফায়ারফ্লাইস ডট এআই (Fireflies.ai)। এসব টুল মিটিংয়ের কথোপকথন লিখিত আকারে সংরক্ষণ এবং আলোচনার সারাংশ তৈরি করতে পারে। তবে মিটিং রেকর্ড করার আগে অংশগ্রহণকারীদের সম্মতি নেওয়া উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরিতে
ফেসবুক, লিংকডইন কিংবা ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য ছবি ও গ্রাফিকস তৈরিতে ব্যবহার করতে পারেন মিডজার্নি ও অ্যাডোব ফায়ারফ্লাই। সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাপশন, বিজ্ঞাপনের লেখা ও বিপণনমূলক কনটেন্টের খসড়া তৈরিতে সহায়ক জ্যাসপার ও এনিওয়ার্ড। এসব কনটেন্টের সঙ্গে প্রয়োজনীয় নকশা ও গ্রাফিকস যুক্ত করতে ব্যবহার করা যায় ক্যানভা।
প্রয়োজন অনুযায়ী আরও টুল খুঁজবেন যেভাবে
নির্দিষ্ট কোনো কাজের জন্য নতুন এআই টুল খুঁজতে পারেন ‘দেয়ারস অ্যান এআই ফর দ্যাট’ (theresanaiforthat.com) ওয়েবসাইটে। এখানে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন এআই টুলের তালিকা পাওয়া যায়। ফলে প্রয়োজন অনুযায়ী বিকল্প টুল খুঁজে নেওয়া সহজ হয়।
ব্যবহারের আগে সতর্কতা
সব এআই টুল বিনা মূল্যে ব্যবহার করা যায় না। অনেক টুলে সীমিত কিছু সুবিধা বিনা মূল্যে পাওয়া গেলেও উন্নত সুবিধার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হয়। এ ছাড়া এআইয়ের তৈরি তথ্য, বিশ্লেষণ বা সূত্রে ভুল থাকতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যবহারের আগে তথ্য যাচাই করে নেওয়া উচিত। ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, আর্থিক বিবরণ কিংবা প্রতিষ্ঠানের গোপন নথি এআই টুলে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
সময়ের আলো/কেএইচও