গর্ভপাতের পর অনেক নারী মানসিকভাবে ভেঙে পড়েন। ছবি : সংগৃহীত গর্ভধারণের পর অনাগত সন্তানকে ঘিরে মা-বাবার মনে তৈরি হয় নানা স্বপ্ন ও প্রত্যাশা। কিন্তু অনেক সময় সেই স্বপ্ন পূরণের আগেই ঘটে গর্ভপাত বা মিসক্যারেজ। গর্ভাবস্থার প্রথম দিকে এমন ঘটনা বেশি ঘটলেও পরবর্তী সময়েও গর্ভপাতের ঝুঁকি থাকে। তবে, শুরু থেকেই সচেতন থাকা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে কিছু ঝুঁকি কমানো সম্ভব।
চিকিৎসাবিজ্ঞানে গর্ভধারণের ২৮ সপ্তাহের মধ্যে গর্ভের শিশুর মৃত্যু হলে তাকে গর্ভপাত বলা হয়। অনেক ক্ষেত্রে নারীর অজান্তেই স্বতঃস্ফূর্তভাবে গর্ভপাত হয়ে যায়। আবার মা বা অনাগত সন্তানের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের পরামর্শে গর্ভপাত করানোর প্রয়োজনও হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে এ ধরনের মৃত্যুর অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
কেন হয় গর্ভপাত?
গর্ভপাতের পেছনে একাধিক কারণ থাকতে পারে। গাইনোকোলজিস্ট ও অধ্যাপক ডা. আনোয়ারা বেগমের মতে, কিছু ক্ষেত্রে গর্ভপাতের নির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হলেও অনেক সময় ভ্রূণের মৃত্যু হলেও এর প্রকৃত কারণ জানা যায় না।
চিকিৎসকদের মতে, মায়ের শারীরিক অবস্থার অবনতি বা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে গর্ভপাতের প্রয়োজন হতে পারে। আবার কিছু ক্ষেত্রে কোনো পূর্বলক্ষণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে গর্ভপাত ঘটে।
গর্ভপাতের অন্যতম কারণ ভ্রূণের ক্রোমোজোমগত ত্রুটি। গর্ভধারণের সময় ভ্রূণ প্রয়োজনের তুলনায় বেশি বা কম ক্রোমোজোম পেলে তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ফলে, গর্ভপাতের ঘটনা ঘটে। এ ধরনের ত্রুটি কেন হয়, তার সব কারণ এখনো বিজ্ঞানীদের জানা নেই। এ ছাড়া, প্লাসেন্টা বা গর্ভফুলের গঠনে সমস্যা থাকলেও গর্ভের শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। মায়ের শরীর থেকে শিশুর শরীরে রক্ত সরবরাহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই অঙ্গ।
মায়ের কিছু শারীরিক অসুস্থতাও গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা এবং থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত বা কম সক্রিয়তা এর মধ্যে উল্লেখযোগ্য। রুবেলা, এইচআইভি, গনোরিয়া, সিফিলিস ও ম্যালেরিয়ার মতো সংক্রমণও গর্ভাবস্থায় জটিলতা তৈরি করতে পারে।
মায়ের বয়সও গর্ভপাতের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীদের ক্ষেত্রে প্রতি ১০ জনে দুজনের গর্ভপাতের আশঙ্কা থাকে। বয়স ৪৫ বছরের বেশি হলে, প্রতি ১০ জনে পাঁচজনের ক্ষেত্রে এ ঝুঁকি দেখা দিতে পারে।
এ ছাড়া হরমোনের ভারসাম্যহীনতা, জরায়ুর গঠনগত ত্রুটি, জরায়ুর মুখ দুর্বল হয়ে যাওয়া, জরায়ুতে টিউমার, জরায়ুর আকার স্বাভাবিকের তুলনায় ছোট হওয়া এবং একসঙ্গে একাধিক সন্তান ধারণের ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে। ডিম্বাশয়ের অস্বাভাবিক আকার, স্থূলতা ও অতিরিক্ত ওজনও গর্ভপাতের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
ধূমপান, মদ্যপান, মাদক গ্রহণ এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের অভ্যাসও গর্ভাবস্থায় ঝুঁকি বাড়াতে পারে। কিছু বিষাক্ত খাবার ও ওষুধের প্রভাবেও গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। এ ছাড়া, মায়ের পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের মধ্যে গর্ভপাতের ইতিহাস থাকলেও সতর্ক থাকা প্রয়োজন।
যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে
গর্ভাবস্থায় যেকোনও ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে কয়েক দিন ধরে রক্তপাত বা অস্বাভাবিক স্রাব হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। অধ্যাপক ডা. আনোয়ারা বেগমের মতে, এ ধরনের লক্ষণ দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গর্ভের শিশুর অবস্থা যাচাই করা জরুরি। কোনো সমস্যা থাকলে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।
এ ছাড়া, পেট বা কোমরে ব্যথা শুরু হলে কিংবা গর্ভাবস্থার পরবর্তী সময়ে শিশুর নড়াচড়া কমে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আগে স্বতঃস্ফূর্ত গর্ভপাতের অভিজ্ঞতা থাকলে পরবর্তী গর্ভধারণের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। ডায়াবেটিস, স্থূলতা, কিডনির রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখাও জরুরি।
চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে থাকলে গর্ভাবস্থার সম্ভাব্য জটিলতা সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া যায়। বিশেষ করে যাদের আগে গর্ভপাত হয়েছে, তাদের ক্ষেত্রে শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ।
গর্ভপাত হলে কী করতে হবে?
গর্ভপাতের মতো জটিল পরিস্থিতিতে হাতুড়ে চিকিৎসক বা অদক্ষ কারও শরণাপন্ন হওয়া বিপজ্জনক। বাংলাদেশে এ ধরনের ব্যক্তির মাধ্যমে গর্ভপাত করাতে গিয়ে নারীর মৃত্যুর ঘটনাও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তাই গর্ভপাতের লক্ষণ দেখা দিলে কিংবা মা বা শিশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
অধ্যাপক ডা. আনোয়ারা বেগম জানান, অনেক সময় স্বাভাবিকভাবেই গর্ভপাত হয়ে যায়। আবার পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক ওষুধ দিতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে গর্ভের শিশু মারা গেলেও তা বের হয় না, অথবা কিছু অংশ বের হওয়ার পর বাকিটা জরায়ুর ভেতরে থেকে যায়। এমন পরিস্থিতিতে ওষুধের প্রয়োজন হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রোপচারও করতে হয়।
তার মতে, গর্ভধারণের আট থেকে ১০ সপ্তাহের মধ্যে গর্ভপাত হলে মায়ের ঝুঁকি তুলনামূলক কম থাকে। অধিকাংশ ক্ষেত্রে ওষুধের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব। তবে, প্রতিটি পরিস্থিতিতে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।
গর্ভপাতের পর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হতে সাধারণত এক থেকে দুই মাস সময় লাগতে পারে। তবে, শারীরিক ক্ষতির পাশাপাশি অনেক নারী মানসিকভাবেও ভেঙে পড়েন। এ সময় প্রয়োজনীয় মানসিক সহায়তা ও চিকিৎসা না পেলে দীর্ঘস্থায়ী বিষণ্ণতা তৈরি হতে পারে। তাই গর্ভপাতের পর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
গর্ভপাতের পর আবার কখন সন্তান নেওয়া যাবে?
গর্ভপাতের পর আবার সন্তান নেওয়ার ক্ষেত্রে সবার জন্য একই সময়সীমা প্রযোজ্য নয়। নারীর শারীরিক অবস্থা, আগের গর্ভপাতের কারণ এবং অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে চিকিৎসক পরবর্তী গর্ভধারণের উপযুক্ত সময় জানাতে পারেন।
গর্ভপাতের অভিজ্ঞতা থাকা নারীদের পরবর্তীবার গর্ভধারণের শুরু থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা উচিত। এতে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সতর্কতা নেওয়া সহজ হয়।
একবার গর্ভপাত হলেই কি বারবার হবে?
একবার গর্ভপাত হলেই পরবর্তী সময়ে আবার একই ঘটনা ঘটবে, এমন ধারণা ঠিক নয়। অনেক নারী একবার গর্ভপাতের পর পরবর্তী সময়ে সুস্থ-সবল সন্তানের জন্ম দিয়েছেন। আগের গর্ভপাতের সম্ভাব্য কারণ শনাক্ত করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া গেলে পরবর্তী গর্ভধারণের ঝুঁকি কমানো সম্ভব।
যুক্তরাজ্যের এনএইচএসের তথ্য অনুযায়ী, গর্ভপাতের অভিজ্ঞতা হওয়া প্রতি ১০০ নারীর মধ্যে একজনের ক্ষেত্রে পুনরায় গর্ভপাতের ঘটনা দেখা যায়।
গর্ভপাত সব সময় প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই গর্ভধারণের শুরু থেকেই নিজের শারীরিক অবস্থার প্রতি যত্নবান হওয়া এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে জরুরি।
সূত্র : বিবিসি
সময়ের আলো/মহু