বন্ধুতালিকায় এই ৭ ধরনের মানুষকে রাখবেন না

সময়ের আলো ডেস্ক

ফিচার

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুতালিকায় থাকা সব মানুষই আপনার জন্য ইতিবাচক নয়। কিছু মানুষের পোস্ট, মন্তব্য কিংবা আচরণ অজান্তেই আপনার মানসিক অশান্তির

2026-11-16T18:04:21+00:00
2026-11-16T18:06:45+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ফিচার
বন্ধুতালিকায় এই ৭ ধরনের মানুষকে রাখবেন না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৬:০৬ পিএম
ভার্চুয়াল জগতে কাদের সঙ্গে যুক্ত থাকবেন, সে বিষয়ে সচেতন হওয়া জরুরি। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুতালিকায় থাকা সব মানুষই আপনার জন্য ইতিবাচক নয়। কিছু মানুষের পোস্ট, মন্তব্য কিংবা আচরণ অজান্তেই আপনার মানসিক অশান্তির কারণ হয়ে উঠতে পারে। তাই ভার্চুয়াল জগতে কাদের সঙ্গে যুক্ত থাকবেন, সে বিষয়ে সচেতন হওয়া জরুরি। জেনে নিন, বন্ধুতালিকায় যে ৭ ধরনের মানুষকে রাখবেন না- 

যারা নিয়মিত রাজনৈতিক উসকানিমূলক পোস্ট করেন

রাজনীতি সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। তবে কিছু মানুষ আছেন, যারা যেকোনো বিষয়কে রাজনৈতিক বিতর্কে রূপ দিতে পছন্দ করেন। সাধারণ আলোচনা কিংবা ব্যক্তিগত কথাবার্তাতেও রাজনীতি টেনে আনেন। তাদের পোস্ট ও মন্তব্য অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্ক ও মানসিক অস্বস্তি তৈরি করে। তাই যারা সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং অন্যদের উসকে দেন, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো।

যারা সবসময় বিদ্রূপ ও ব্যক্তিগত আক্রমণ করেন

কিছু মানুষ অন্যকে বিদ্রূপ করে আনন্দ পান। স্থান, কাল কিংবা পরিস্থিতি বিবেচনা না করেই ব্যঙ্গাত্মক মন্তব্য বা পোস্ট করেন। আবার কারও কারও কাছে ব্যক্তিগত আক্রমণই যেন স্বাভাবিক আচরণ। এমন মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকলে যেকোনও সময় আপনিও অযাচিত আক্রমণের শিকার হতে পারেন। তাই যারা নিয়মিত অন্যকে ছোট করেন বা অপমানজনক মন্তব্য করেন, তাদের এড়িয়ে চলুন।


যারা সবসময় নেতিবাচকতা ছড়ান

কিছু মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টজুড়েই থাকে হতাশা, অভিযোগ, দুঃখ ও নেতিবাচকতা। ভালো কোনো ঘটনাতেও তারা নেতিবাচক দিক খুঁজে বের করেন। তাদের প্রোফাইলে ঢুকলেই মনে হতে পারে, পৃথিবীতে ভালো কিছুই ঘটছে না। অন্যের দুঃখ-কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া অবশ্যই প্রয়োজন। তবে, নিয়মিত নেতিবাচক বিষয়বস্তু দেখতে দেখতে নিজের মনেও বিরূপ প্রভাব পড়তে পারে। তাই এমন কনটেন্ট থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন।

যাদের সঙ্গে অতীতের সম্পর্ক এখন তিক্ত

প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা, পুরোনো বন্ধু কিংবা একসময় ঘনিষ্ঠ ছিলেন- এমন কারও সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকা অস্বস্তির কারণ হতে পারে। অতীতের স্মৃতি সহজে ভুলে যাওয়া যায় না। ফলে তাদের নতুন জীবন, ছবি কিংবা বিভিন্ন আপডেট দেখতে গিয়ে পুরোনো কষ্ট আবার ফিরে আসতে পারে। তবে প্রাক্তনকে আনফ্রেন্ড বা আনফলো করতেই হবে, এমন নয়। যদি তাদের প্রোফাইল দেখা আপনার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে, তখন দূরত্ব তৈরি করাই ভালো।

যাদের আপনি শুধু সমালোচনা করার জন্য অনুসরণ করেন

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক মানুষ আছেন, যাদের আপনি পছন্দ করেন না, অথচ নিয়মিত তাদের পোস্ট দেখেন। তাদের সমালোচনা করার জন্য বারবার প্রোফাইলে ঢুঁ মারেন। এই প্রবণতাকে বলা হয় ‘হেইট ফলো’। এতে অজান্তেই আপনার অনেক সময় নষ্ট হয় এবং নেতিবাচক চিন্তা বাড়ে। তাই যাদের অনুসরণ করে কোনো ইতিবাচক কিছু পাওয়া যায় না, বরং বিরক্তি ও ক্ষোভ তৈরি হয়, তাদের আনফ্রেন্ড বা আনফলো করাই ভালো।


যাদের সঙ্গে নিজের জীবন তুলনা করেন

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের ছবি, ভ্রমণ, সাফল্য কিংবা জীবনযাপন দেখে অনেকেই নিজের জীবনের সঙ্গে তুলনা শুরু করেন। কারও ভালো বাড়ি, দামি পোশাক কিংবা আনন্দময় মুহূর্ত দেখে নিজের জীবনকে কম সুন্দর মনে হতে পারে। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ সাধারণত জীবনের সুন্দর মুহূর্তগুলোই বেশি তুলে ধরেন। তাই অন্যের জীবন দেখে ঈর্ষা বা হীনম্মন্যতায় ভুগলে সেই প্রোফাইল থেকে দূরে থাকুন। মনে রাখবেন, অন্যের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে নিজের আনন্দ নষ্ট করার কোনো অর্থ নেই।

যারা সমালোচনা করতে জানেন, কিন্তু সহ্য করতে পারেন না

কিছু মানুষ অন্যের ভুল ধরতে বা সমালোচনা করতে পছন্দ করেন, কিন্তু নিজের বিষয়ে সামান্য সমালোচনাও সহ্য করতে পারেন না। আবার কেউ কেউ প্রকাশ্যে বা ব্যক্তিগত আলোচনায় নিয়মিত অন্যকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। গঠনমূলক সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকা জরুরি। তবে কারও সমালোচনা যদি নিয়মিত অপমান, আক্রমণ বা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তার সঙ্গে যোগাযোগ সীমিত করতে পারেন।

সবশেষে মনে রাখা জরুরি, সামাজিক যোগাযোগমাধ্যম আপনার ব্যক্তিগত পরিসর। এখানে কাকে বন্ধু হিসেবে রাখবেন, কার পোস্ট দেখবেন কিংবা কার কাছ থেকে দূরে থাকবেন- সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারই। নিজের সময় ও মানসিক শান্তিকে গুরুত্ব দিয়ে বন্ধুতালিকা সাজান।

সময়ের আলো/মহু
  বিষয়:   বন্ধুতালিকা  ফেসবুক  আনফ্রেন্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: