পুরুষের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনে ভোগেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

মাইগ্রেন বহুল পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। এতে আক্রান্ত হলে তীব্র মাথাব্যথা হয়। এই ব্যথা শুধু শারীরিক কষ্টই বাড়ায় না, প্রভাব

2026-11-17T10:32:57+00:00
2026-11-17T10:34:59+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ফিচার
পুরুষের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনে ভোগেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ১৭.১১.২০২৬ ১০:৩৪ এএম
নারীদের বেশি মাইগ্রেনে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হরমোনের ওঠানামা। ছবি : সংগৃহীত
মাইগ্রেন বহুল পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। এতে আক্রান্ত হলে তীব্র মাথাব্যথা হয়। এই ব্যথা শুধু শারীরিক কষ্টই বাড়ায় না, প্রভাব ফেলে ব্যক্তিগত সম্পর্ক, কর্মজীবন ও মানসিক স্বাস্থ্যের ওপরও। তবে মাইগ্রেনের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, পুরুষের তুলনায় নারীরা এ সমস্যায় আক্রান্ত হন প্রায় ৩ গুণ বেশি।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা মাইগ্রেন ট্রাস্টের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি ৭ জনের মধ্যে প্রায় একজন মাইগ্রেনে ভোগেন। আক্রান্ত মানুষের সংখ্যা ১ বিলিয়নেরও বেশি। এটি মূলত জিনগত ও স্নায়ুবিষয়ক সমস্যা, যা মস্তিষ্ককে বিভিন্ন পরিবর্তনের প্রতি সংবেদনশীল করে তোলে। এর ফলে মাথাব্যথার পাশাপাশি বমি, মাথা ঘোরা ও চিন্তাভাবনায় অস্পষ্টতার মতো উপসর্গ দেখা দিতে পারে। একই ব্যক্তির ক্ষেত্রে প্রতিবার মাইগ্রেনের আক্রমণে উপসর্গের ধরনও ভিন্ন হতে পারে।

মাইগ্রেনের পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, অনিয়মিত ঘুম, রক্তে শর্করার মাত্রা ওঠানামা ও পানিশূন্যতা এর অন্যতম উদ্দীপক। এ ছাড়া আবহাওয়ার পরিবর্তন এবং আয়রনের ঘাটতি, সিলিয়াক রোগ ও থাইরয়েডের সমস্যার সঙ্গেও মাইগ্রেনের সম্পর্ক রয়েছে।


পুরুষের তুলনায় নারীদের বেশি মাইগ্রেনে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হরমোনের ওঠানামা। শৈশবে ছেলে ও মেয়েদের মধ্যে মাইগ্রেনের প্রবণতা প্রায় সমান থাকলেও বয়ঃসন্ধিতে মেয়েদের মাসিক চক্র শুরু হওয়ার পর পার্থক্য তৈরি হয়।

মাসিক শুরুর আগে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা হঠাৎ কমে যাওয়ায় অনেক নারীর মাইগ্রেনের আক্রমণ তীব্র হয়। একইভাবে মেনোপজের আগের সময় পেরিমেনোপজে হরমোনের দ্রুত পরিবর্তন মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে। তবে, মেনোপজের পর হরমোনের মাত্রা স্থিতিশীল হলে অনেকের ক্ষেত্রে আক্রমণের সংখ্যা ও তীব্রতা কমে আসে।

বিশেষজ্ঞদের মতে, নারীদের পারিবারিক ও কর্মক্ষেত্রের বাড়তি দায়িত্ব, মানসিক চাপ এবং ঘুমের অনিয়মও এ সমস্যাকে প্রভাবিত করে।

মাইগ্রেন সাধারণত কয়েকটি পর্যায়ে দেখা দেয়। শুরুতে অতিরিক্ত হাই তোলা, ক্লান্তি ও ঘাড়ে ব্যথার মতো পূর্বাভাস পাওয়া যেতে পারে। এরপর কারও কারও চোখের সামনে জিগজ্যাগ রেখা বা আলোর ঝলকানি দেখা দেয়, যাকে অরা বলা হয়। প্রায় এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে এই উপসর্গ দেখা যায়।

এরপর শুরু হয় মূল মাথাব্যথা, যা চার ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় বমি বমি ভাব ও বমিও হতে পারে। ব্যথা কমে যাওয়ার পরও এক থেকে দুই দিন ক্লান্তি ও দুর্বলতা থাকতে পারে।


মাইগ্রেন নিয়ন্ত্রণে নিয়মিত জীবনযাপন গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং ঘুমের নিয়ম বজায় রাখা প্রয়োজন। দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমের অনিয়ম ও অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা উচিত।

কোন পরিস্থিতিতে মাইগ্রেনের আক্রমণ হচ্ছে, তা বুঝতে খাবার, ঘুম ও দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন লিখে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে সম্ভাব্য উদ্দীপক চিহ্নিত করা সহজ হয়। তবে সবার ক্ষেত্রে একই খাবার বা অভ্যাস মাইগ্রেনের কারণ হয় না।

চিকিৎসার ক্ষেত্রে শুরুতেই উপযুক্ত ওষুধ গ্রহণ করা জরুরি। ব্যথানাশকের পাশাপাশি বমি প্রতিরোধক ও মাইগ্রেনের জন্য বিশেষ ওষুধ ট্রিপটানস ব্যবহার করা হয়। এ ছাড়া, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি২ সাপ্লিমেন্ট কিছু মানুষের ক্ষেত্রে আক্রমণের সংখ্যা কমাতে সহায়ক হতে পারে। নারীদের মাসিকজনিত মাইগ্রেন নিয়ন্ত্রণে হরমোনভিত্তিক চিকিৎসাও কখনো কখনো উপকারী হয়।

বর্তমানে সিজিআরপি নামের একটি পেপটাইডের কার্যক্রম বাধাগ্রস্ত করার বিশেষ ওষুধও মাইগ্রেন চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি কিছু রোগীর ক্ষেত্রে বোটক্স, আকুপাংচার ও যোগব্যায়াম সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেন নিয়ন্ত্রণের জন্য নিজের উপসর্গ ও আক্রমণের কারণ সম্পর্কে সচেতন হওয়া জরুরি। একটি চিকিৎসায় কাজ না হলে হতাশ না হয়ে চিকিৎসকের পরামর্শে বিকল্প পদ্ধতি গ্রহণ করা উচিত। সঠিক চিকিৎসা ও জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনলে মাইগ্রেনের প্রকোপ অনেকটাই কমানো সম্ভব।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
  বিষয়:   মাইগ্রেন  মাথাব্যথা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: