জলপাইয়ের আচার। ছবি : সংগৃহীত শীতের মৌসুমে বাজারে দেখা মেলে টাটকা জলপাইয়ের। টক স্বাদের এই ফল দিয়ে তৈরি করা যায় নানা পদের সুস্বাদু আচার। ভাত, খিচুড়ি কিংবা বিকালের নাশতার সঙ্গে একটুখানি আচার খাবারের স্বাদ বাড়িয়ে দেয় কয়েকগুণ। শুধু ঝাল বা মিষ্টি নয়, জলপাই দিয়ে তৈরি করা যায় টক-ঝাল, মিষ্টি, শুকনো, মসলা ও তেলের নানা ধরনের আচার। ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এসব আচার। স্বাদে ভিন্নতা আনতে রইল জলপাইয়ের বিভিন্ন পদের সহজ রেসিপি। লিখেছেন রন্ধনশিল্পী মিতি নেওয়াজ
মিষ্টি জলপাইয়ের আচার
উপকরণ : জলপাই ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, সরিষার তেল আধা কাপ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৫-৬টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, ভিনেগার ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে জলপাই ভালোভাবে ধুয়ে প্রতিটি ছুরি দিয়ে হালকা কয়েকটি দাগ কেটে অল্প পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিতে হবে। সুগন্ধ বের হলে হলুদ, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে হবে। এবার জলপাই দিয়ে ভালোভাবে মিশিয়ে চিনি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। চিনি গলে ঘন সিরা তৈরি হলে ভিনেগার দিয়ে আরও কয়েক মিনিট জ্বাল দিতে হবে। ঠান্ডা হলে পরিষ্কার শুকনো বয়ামে ভরে সংরক্ষণ করা যাবে।
রসুন-মরিচের ঝাল জলপাইয়ের আচার
উপকরণ : জলপাই ১ কেজি, সরিষার তেল ১ কাপ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, সরিষা গুঁড়া ২ টেবিল চামচ, রসুন ১৫-২০ কোয়া, শুকনা মরিচ ৮-১০টি, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ভিনেগার ৩ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : জলপাই ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রতিটি জলপাইয়ে কয়েকটি চিরে দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিতে হবে। এরপর সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও রসুন দিতে হবে। রসুন হালকা বাদামি হলে হলুদ, মরিচ ও সরিষা গুঁড়া দিয়ে নেড়ে নিতে হবে। এবার জলপাই ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। জলপাই থেকে মসলা মাখা ভাপ এলে ভিনেগার দিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে শুকনো বয়ামে সংরক্ষণ করা যাবে।
জলপাইয়ের টক-ঝাল আচার
উপকরণ : জলপাই ১ কেজি, সরিষার তেল আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সরিষা গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ২ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, ভিনেগার ৩ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : জলপাই ধুয়ে প্রতিটি ফল দুই বা চার টুকরা করে কেটে নিতে হবে। অল্প পানিতে সামান্য সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে হলুদ, মরিচ, জিরা, ধনে ও সরিষা গুঁড়া দিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এবার জলপাই ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এর সঙ্গে চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। সবশেষে ভিনেগার দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে বয়ামে ভরে রাখতে হবে।
জলপাইয়ের খেজুরে গুড়ের আচার
উপকরণ : জলপাই ১ কেজি, খেজুরের গুড় ৫০০ গ্রাম, সরিষার তেল আধা কাপ, শুকনা মরিচ ৫-৬টি, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, সরিষা গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ভিনেগার ২ টেবিল চামচ (ঐচ্ছিক)।
প্রস্তুত প্রণালি : প্রথমে জলপাই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রতিটি জলপাইয়ে হালকা করে চিরে দিতে হবে। চাইলে জলপাই অর্ধেক করেও কেটে নেওয়া যেতে পারে। এরপর সামান্য লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটি পাত্রে পানি গরম করে জলপাইগুলো দিয়ে দিতে হবে। জলপাই কিছুটা নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে। তবে বেশি সেদ্ধ করা যাবে না। পানি ঝরিয়ে জলপাইগুলো একটি পরিষ্কার কাপড়ে ছড়িয়ে রাখতে হবে, যেন অতিরিক্ত পানি শুকিয়ে যায়। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করতে হবে। তেলে শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর সরিষা গুঁড়া, মরিচের গুঁড়া ও সামান্য হলুদ দিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এবার মসলার মধ্যে জলপাই দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করতে হবে যেন জলপাইয়ের সঙ্গে মসলা ভালোভাবে মিশে যায়। খেজুরের গুড় ছোট ছোট টুকরা করে কড়াইয়ে দিয়ে দিতে হবে। গুড় গলে জলপাইয়ের সঙ্গে মিশে গেলে অল্প আঁচে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। স্বাদ অনুযায়ী লবণ যোগ করতে হবে। গুড়ের রস ঘন হয়ে এলে এবং জলপাইয়ের গায়ে মসলার আস্তরণ তৈরি হলে চুলা বন্ধ করে দিতে
হবে। চাইলে শেষ পর্যায়ে ভিনেগার মেশানো যায়। ঠান্ডা হলে আচারটি পরিষ্কার ও শুকনো কাচের বয়ামে ভরে সংরক্ষণ করা যায়।
জলপাইয়ে কাসুন্দি আচার
উপকরণ : জলপাই ১ কেজি, সরিষার দানা ১০০ গ্রাম (সাদা ও কালো মিলিয়ে), সরিষার তেল ১ কাপ, শুকনা মরিচ ৮-১০টি, কাঁচামরিচ ৮-১০টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, মেথি ১ চা চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভিনেগার আধা কাপ, চিনি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে জলপাই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রতিটি জলপাইয়ে হালকা করে চিরে দিতে হবে। একটি পাত্রে পানি গরম করে জলপাইগুলো ৫-৭ মিনিট সেদ্ধ করতে হবে। জলপাই নরম হলে নামিয়ে পানি ঝরিয়ে পরিষ্কার কাপড়ে ছড়িয়ে রাখতে হবে। সম্পূর্ণ ঠান্ডা ও শুকনো হতে দিতে হবে। সরিষার দানা ধুয়ে পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনা মরিচ ও সামান্য মেথিসহ সরিষা মিহি করে গুঁড়া করতে হবে। চাইলে সামান্য ভিনেগার দিয়ে সরিষা বেটেও নেওয়া যেতে পারে। এতে কাসুন্দির মতো মসৃণ মিশ্রণ তৈরি হবে। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে ঠান্ডা করে নিতে হবে। এবার তেলে পাঁচফোড়ন ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে একে একে আদা বাটা, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে জলপাই দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিট নেড়ে রান্না করার পর সরিষা বাটা, লবণ ও চিনি দিয়ে দিতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে বাকি ভিনেগার অল্প অল্প করে দিতে হবে। মিশ্রণটি ঘন ও মাখা মাখা হয়ে এলে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে হবে। অল্প আঁচে আরও কয়েক মিনিট রান্না করে চুলা বন্ধ করে ঠান্ডা করলেই হয়ে যাবে জলপাইয়ে কাসুন্দি আচার।
শুকনো জলপাইয়ের আচার
উপকরণ : জলপাই ১ কেজি, সরিষার তেল আধা কাপ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, লবণ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ভিনেগার ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : জলপাই ধুয়ে চার টুকরা করে কেটে নিতে হবে। সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রোদে এক দিন শুকিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন দিতে হবে। একে একে জিরা, ধনে, মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। এবার শুকনো জলপাই দিয়ে ভালোভাবে মিশিয়ে চিনি ও বাকি লবণ দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। জলপাইয়ের অতিরিক্ত পানি শুকিয়ে মসলা মাখা হয়ে এলে ভিনেগার দিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে পরিষ্কার শুকনো বয়ামে ভরে সংরক্ষণ করা যাবে।
সময়ের আলো/প্রিন্ট/আতা