শিশুর ছোট ছোট প্রশ্নের গুরুত্ব অনেক। ছবি : সংগৃহীত কথা বলতে শেখার পর থেকেই শিশুর মনে তৈরি হয় নানা প্রশ্ন। চারপাশের নতুন জগৎ সম্পর্কে জানার আগ্রহ থেকে তারা প্রতিনিয়ত নানা বিষয়ে প্রশ্ন করে। কখনো তাদের এসব প্রশ্ন অভিভাবকদের কাছে বিরক্তিকর মনে হতে পারে। ব্যস্ততার কারণে অনেকেই শিশুর কথা মনোযোগ দিয়ে শোনেন না। অথচ শিশুর আধো আধো কথা কিংবা ছোট ছোট প্রশ্নের গুরুত্ব অনেক। তার কথা মনোযোগ দিয়ে শুনলে আত্মবিশ্বাস, মানসিক বিকাশ ও নিরাপত্তাবোধ তৈরির পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে সম্পর্কও দৃঢ় হয়।
আত্মবিশ্বাস বাড়ে
শিশুরা যখন বুঝতে পারে তাদের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন নিজেদের মূল্যবান মনে করে। এতে তাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ তৈরি হয়। ছোটবেলা থেকেই শিশুর কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস তার ব্যক্তিত্ব গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।
বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়
শিশুর কথা মনোযোগ দিয়ে শুনলে বাবা-মায়ের সঙ্গে তার আস্থার সম্পর্ক তৈরি হয়। কোনো সমস্যায় পড়লে কিংবা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে, সে অভিভাবকের কাছে সাহায্য চাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি কোনো ভুল করলেও ভয় না পেয়ে বাবা-মাকে সবকিছু জানাতে পারে। এতে বড় ধরনের বিপদ এড়ানো সহজ হয়।
মানসিক বিকাশে সহায়তা করে
শিশুর মতামত শোনা এবং তার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া চিন্তাশক্তির বিকাশে সাহায্য করে। কোনো বিষয় নিয়ে তাকে ভাবতে উৎসাহিত করলে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা বাড়ে। পাশাপাশি বিশ্লেষণ করার দক্ষতাও তৈরি হয়।
শিশুর পছন্দ-অপছন্দ বোঝা যায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর নিজস্ব পছন্দ-অপছন্দ, ভয়, উদ্বেগ ও আগ্রহ তৈরি হয়। তার কথা মনোযোগ দিয়ে শুনলে এসব বিষয় সম্পর্কে জানা যায়। এতে অভিভাবকেরা শিশুর ব্যক্তিত্ব বুঝতে পারেন এবং তার বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন।
সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া যায়
শিশুরা শুধু পরিবার থেকেই শেখে না। স্কুল, বন্ধু, আশপাশের পরিবেশ ও বিভিন্ন মানুষের কাছ থেকেও নানা বিষয় শেখে। তাদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতার কথা শুনলে কোন বিষয়গুলো তাদের প্রভাবিত করছে, তা বোঝা যায়। এতে ভালো অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়া এবং নেতিবাচক অভ্যাস থেকে দূরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
সৃজনশীলতা বিকশিত হয়
শিশুর কথা শুনলে তার আগ্রহ ও সৃজনশীলতার বিষয়গুলো জানা যায়। কেউ ছবি আঁকতে পছন্দ করে, কেউ গল্প বলতে কিংবা নতুন কিছু তৈরি করতে ভালোবাসে। শিশুর আগ্রহ বুঝে তাকে উপযুক্ত সুযোগ ও উৎসাহ দিলে তার সৃজনশীল প্রতিভা বিকশিত হয়।
ভালো আচরণ গড়ে ওঠে
শিশুরা মনোযোগ ও ভালোবাসা পেলে নিজেদের নিরাপদ ও গুরুত্বপূর্ণ মনে করে। এতে অন্যের সামনে অযথা চিৎকার করে মনোযোগ আকর্ষণের প্রবণতা কমতে পারে। পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া তৈরি হয়। ফলে, শিশুকে শিষ্টাচার ও ভালো আচরণ শেখানো সহজ হয়।
নিরাপত্তাবোধ তৈরি হয়
শিশুর নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে সব সময় শিশুর পাশে থাকা সম্ভব নয়। তাই এমন পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে সে নির্ভয়ে নিজের অভিজ্ঞতা, ভয় কিংবা অস্বস্তির কথা বাবা-মাকে জানাতে পারে। শিশুকে বোঝাতে হবে, তার কথা মনোযোগ দিয়ে শোনা হবে এবং কোনো সমস্যায় পড়লে তাকে দোষারোপ না করে সহযোগিতা করা হবে। এতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলেও সে অভিভাবককে জানাতে সাহস পাবে।
ভাষার দক্ষতা বাড়ে
শিশুর সঙ্গে নিয়মিত কথোপকথন তার ভাষা ও যোগাযোগের দক্ষতা বাড়ায়। তার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং বয়স অনুযায়ী সহজ ও স্পষ্ট ভাষায় উত্তর দিন। এতে নতুন শব্দ শেখার পাশাপাশি নিজের ভাবনা গুছিয়ে প্রকাশ করার অভ্যাস তৈরি হবে।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়
ছোটবেলা থেকেই শিশুর মতামতকে গুরুত্ব দিলে তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়। পোশাক নির্বাচন, খেলনা বাছাই কিংবা দৈনন্দিন ছোটখাটো বিষয়ে তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। তবে, অভিভাবকদের কাছাকাছি থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে। ভুল সিদ্ধান্ত নিলে বকাঝকা না করে ভুলের কারণ বুঝিয়ে সঠিক পথ দেখানো জরুরি।
শিশুর কাছে বাবা-মা ই সবচেয়ে বড় আদর্শ। তারা বড়দের কথা ও আচরণ অনুকরণ করেই অনেক কিছু শেখে। তাই শিশুকে শুধু উপদেশ দিলেই হবে না, তার কথাও গুরুত্ব দিয়ে শুনতে হবে। এতে শিশুর সঙ্গে অভিভাবকের সম্পর্ক যেমন গভীর হবে, তেমনি তার আত্মবিশ্বাস, চিন্তাশক্তি ও ব্যক্তিত্বের বিকাশও ইতিবাচকভাবে এগিয়ে যাবে।
সময়ের আলো/মহু