পারিবারিক কলহের সময় যেসব কথা বলা উচিত নয়

সময়ের আলো ডেস্ক

ফিচার

পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য বা ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়। তবে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে শুরু হওয়া বিরোধ পুরোনো ক্ষোভ

2026-11-17T14:43:57+00:00
2026-11-17T14:46:27+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ফিচার
পারিবারিক কলহের সময় যেসব কথা বলা উচিত নয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ২:৪৬ পিএম
রাগের মাথায় এমন কিছু কথা বলা হয়, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ছবি : সংগৃহীত
পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য বা ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়। তবে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে শুরু হওয়া বিরোধ পুরোনো ক্ষোভ ও অভিমানের কারণে বড় আকার ধারণ করে। টাকা-পয়সা, ঘরের কাজ কিংবা পারিবারিক দায়িত্ব নিয়ে সামান্য মতবিরোধ একপর্যায়ে অতীতের নানা ঘটনা সামনে নিয়ে আসে। তখন রাগের মাথায় এমন কিছু কথা বলা হয়, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়।

পরিবারের সদস্যরা একে অপরের দুর্বলতা, ব্যক্তিগত কষ্ট ও স্পর্শকাতর বিষয়গুলো ভালোভাবেই জানেন। ফলে, উত্তপ্ত পরিস্থিতিতে এসব বিষয় নিয়ে আঘাত করলে তা অন্যদের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। মতের অমিল থাকলেই যে একমত হতে হবে, তা নয়। তবে ঝগড়ার সময় কিছু কথা এড়িয়ে চলা জরুরি। কারণ, এসব কথা মূল সমস্যার সমাধান না করে সম্পর্কের দূরত্ব আরও বাড়িয়ে দিতে পারে।


পারিবারিক কলহের সময় যে ৫ কথা না বলাই ভালো-

‘তুমি যদি কখনো আমার জীবনে না আসতে!’

রাগ বা অভিমানের মুহূর্তে এমন কথা মুখ থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু এটি কেবল নির্দিষ্ট কোনো ঘটনার প্রতি অসন্তোষ প্রকাশ করে না, বরং সম্পর্কের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে। এতে অপর পক্ষের মনে হতে পারে, এই পরিবার বা সম্পর্কে তার কোনো প্রয়োজন নেই। পরে ক্ষমা চাইলেও কথাটি তার মনে দীর্ঘদিন থেকে যেতে পারে।

কেউ কোনো আচরণে কষ্ট দিলে তার ব্যক্তিগত অস্তিত্বকে আক্রমণ না করে নির্দিষ্ট কাজটি নিয়ে কথা বলা উচিত। যেমন, ‘তোমার ওই আচরণে আমি কষ্ট পেয়েছি।’ এতে মূল সমস্যাটি নিয়ে আলোচনা করার সুযোগ থাকে।

‘তুমি সবসময় এমনটাই করো’

‘সবসময়’ বা ‘কখনোই’-এ ধরনের শব্দ ছোট একটি বিরোধকে বড় করে তুলতে পারে। হয়ত কোনো নির্দিষ্ট ঘটনায় একজনের আচরণে অন্যজন কষ্ট পেয়েছেন। কিন্তু সেই ঘটনার সঙ্গে অতীতের সব ভুল জুড়ে দিলে মূল সমস্যা থেকে আলোচনা সরে যায়। এতে অপর পক্ষ আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়ে।

তাই সাধারণীকরণ না করে নির্দিষ্ট ঘটনার কথা বলা ভালো। যেমন, ‘তুমি যখন এমনটা করেছিলে, তখন আমার মনে হয়েছে আমাকে উপেক্ষা করা হচ্ছে।’ এতে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্যজনের বক্তব্য শোনার সুযোগও তৈরি হয়।


‘এই পরিবারের সবাই তোমাকে নিয়ে বিরক্ত’

পারিবারিক বিরোধের মধ্যে অন্য সদস্যদের টেনে আনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একজনের সঙ্গে মতবিরোধ থাকলেও পরিবারের সবাই একইভাবে ভাবেন- এমন দাবি করা ঠিক নয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তি অপমানিত ও একঘরে বোধ করতে পারেন। পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও অপ্রয়োজনীয় বিরোধে জড়িয়ে পড়তে পারেন।

অন্যদের হয়ে কথা না বলে নিজের অনুভূতি প্রকাশ করাই ভালো। যেমন, ‘তোমার ওই আচরণে আমি কষ্ট পেয়েছি।’ এতে আলোচনার বিষয়টি দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং ভুল বোঝাবুঝি কমার সুযোগ তৈরি হয়।

‘তুমি অমুকের মতোই’

অপছন্দের কোনো আত্মীয়, সাবেক সঙ্গী কিংবা পরিচিত ব্যক্তির সঙ্গে তুলনা করা অত্যন্ত আঘাতদায়ক হতে পারে। বিশেষ করে যার সঙ্গে অপর পক্ষের আগে থেকেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তার সঙ্গে তুলনা করলে কষ্ট আরও বাড়তে পারে। এতে বর্তমান সমস্যার আলোচনা বাদ দিয়ে তুলনার বিষয়টি নিয়েই নতুন বিরোধ তৈরি হয়।

কোনো ব্যক্তির আচরণ অপছন্দ হলে সরাসরি সেই আচরণের সমালোচনা করা উচিত। অন্য কারও পরিচয় বা অতীত টেনে এনে আঘাত করার প্রয়োজন নেই।


‘তোমার সঙ্গে আর কখনো কথা বলব না’

ঝগড়ার সময় রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে অনেকেই সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। অথচ উত্তপ্ত পরিস্থিতিতে কিছুটা সময় বিরতি নেওয়া অনেক সময় উপকারী। কিন্তু সাময়িক রাগের কারণে সম্পর্ক শেষ করার ঘোষণা দিলে অপর পক্ষের মধ্যে নিরাপত্তাহীনতা ও দূরত্ব তৈরি হতে পারে।

এ ধরনের কথা না বলে নিজের মানসিক অবস্থার কথা জানানো ভালো। যেমন, ‘আমি এখন খুব রাগান্বিত। এই মুহূর্তে কথা বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমরা পরে শান্তভাবে কথা বলি।’ এতে কাউকে আঘাত না করেই কিছুটা সময় ও দূরত্ব নেওয়া সম্ভব।

পারিবারিক সম্পর্কে মতপার্থক্য থাকতেই পারে। তবে রাগের মুহূর্তে ব্যক্তিগত আক্রমণ, পুরোনো ভুলের পুনরাবৃত্তি কিংবা সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই ঝগড়ার সময় নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন হলে কিছুটা বিরতি নেওয়া জরুরি। মনে রাখতে হবে, মতের অমিলের চেয়ে অনেক সময় রাগের মাথায় বলা কথাই সম্পর্কের ওপর বেশি নেতিবাচক প্রভাব ফেলে।

সময়ের আলো/মহু
  বিষয়:   পারিবারিক কলহ  কথা  ঝগড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: