ফোবিয়ার ক্ষেত্রে বাস্তব বিপদের তুলনায় ভয়ের মাত্রা অনেক বেশি থাকে। ছবি : সংগৃহীত কোনো কিছুতে ভয় পাওয়া মানুষের স্বাভাবিক প্রবণতা। তবে ভয় যখন মাত্রাতিরিক্ত, দীর্ঘস্থায়ী ও অযৌক্তিক হয়ে ওঠে এবং স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে, তখন তাকে ফোবিয়া বলা হয়। সাধারণ ভয় বিপদ থেকে সতর্ক করে, কিন্তু ফোবিয়ার ক্ষেত্রে বাস্তব বিপদের তুলনায় ভয়ের মাত্রা অনেক বেশি থাকে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের তথ্য অনুযায়ী, ফোবিয়া হলো নির্দিষ্ট কোনো বস্তু বা পরিস্থিতির প্রতি তীব্র ভয় কিংবা বিরূপ প্রতিক্রিয়া। আক্রান্ত ব্যক্তি অনেক সময় ভয়ের কারণটি এড়িয়ে চলতে গিয়ে দৈনন্দিন কাজেও বাধার মুখে পড়েন।
ফোবিয়া ও এ-সংক্রান্ত সমস্যার কয়েকটি ধরন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-
স্পেসিফিক ফোবিয়া
নির্দিষ্ট কোনো বস্তু, প্রাণী বা পরিস্থিতির প্রতি তীব্র ও দীর্ঘস্থায়ী ভয়। যেমন- সাপ, কুকুর, পোকামাকড়, রক্ত, বিমানযাত্রা, উঁচু জায়গা কিংবা বদ্ধ স্থানের ভয়।
অ্যাগোরাফোবিয়া
এমন পরিস্থিতি নিয়ে তীব্র ভয়, যেখানে বিপদ বা অস্বস্তি তৈরি হলে সেখান থেকে বের হওয়া কিংবা সাহায্য পাওয়া কঠিন হতে পারে। গণপরিবহন, ভিড়, খোলা বা বদ্ধ জায়গা এবং বাড়ির বাইরে একা থাকা এর উদাহরণ। গুরুতর অবস্থায় আক্রান্ত ব্যক্তি বাড়ি থেকে বের হওয়াও বন্ধ করে দিতে পারেন।
সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার
আগে এটি ‘সোশ্যাল ফোবিয়া’ নামে পরিচিত ছিল। অন্যরা কী ভাবছে, নেতিবাচকভাবে বিচার করছে কি না কিংবা সবার সামনে বিব্রত হতে হবে কি না- এমন আশঙ্কা থেকে সামাজিক পরিস্থিতিতে তীব্র ও দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হয়।
ফোবিয়া বুঝবেন যেভাবে
সাধারণত পরীক্ষা দেওয়া বা অনেক মানুষের সামনে কথা বলার সময় সাময়িক ভয় কিংবা উদ্বেগ তৈরি হতে পারে। কিন্তু ফোবিয়ার ক্ষেত্রে এই ভয় দীর্ঘস্থায়ী হয় এবং ব্যক্তি ভয়ের কারণ এড়িয়ে চলতে শুরু করেন। চিকিৎসকদের মতে, স্পেসিফিক ফোবিয়া নির্ণয়ে সাধারণত ভয় বা এড়িয়ে চলার প্রবণতা ছয় মাস বা তার বেশি সময় ধরে রয়েছে কি না, তা বিবেচনা করা হয়।
ফোবিয়ার কারণে শারীরিক ও মানসিক নানা উপসর্গ দেখা দিতে পারে। যেমন-
- তীব্র উদ্বেগ ও দুশ্চিন্তা
- মাথা ঘোরা বা মাথা হালকা লাগা
- হৃদস্পন্দন বেড়ে যাওয়া
- বুকে চাপ বা অস্বস্তি
- বমি বমি ভাব, বমি বা ডায়রিয়া
- শরীর কাঁপা
- অজ্ঞান হয়ে যাওয়া কিংবা নিয়ন্ত্রণ হারানোর ভয়
এসব উপসর্গের কারণে পড়াশোনা, কর্মক্ষেত্র ও সামাজিক জীবন ব্যাহত হতে পারে। মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে স্পেসিফিক ফোবিয়া বেশি দেখা যায়।
তবে, ফোবিয়া তৈরির নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। ভয়ংকর অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ ও উদ্বেগজনিত সমস্যার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। সাধারণত শৈশব, কৈশোর কিংবা তারুণ্যের শুরুর দিকে এ ধরনের ভয় তৈরি হয়।
ফোবিয়ার ঝুঁকি বাড়াতে পারে এমন কয়েকটি বিষয় হলো-
- শৈশবে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়া। যেমন- কুকুরের তাড়া খাওয়ার পর কুকুরের প্রতি তীব্র ভয় তৈরি হওয়া।
- পরিবারের সদস্য বা কাছের কারও মধ্যে ফোবিয়া থাকা। অন্যের আচরণ দেখেও কোনো কিছুকে ভয় পেতে শেখা সম্ভব।
- নিজের ভয় বা আতঙ্কের প্রতিক্রিয়া নিয়ে অন্যের নেতিবাচক আচরণের শিকার হওয়া।
- পরিবারে উদ্বেগজনিত সমস্যার ইতিহাস থাকা।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ১০ বছর বয়সের আগেই স্পেসিফিক ফোবিয়া তৈরি হয়। শিশুদের মধ্যে এ সমস্যার হার প্রায় ৩ থেকে ৯ শতাংশ। যুক্তরাষ্ট্রে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এ হার প্রায় ১৬ শতাংশ।
ফোবিয়ার উপসর্গ নিয়ন্ত্রণ ও ভয় কাটিয়ে উঠতে চিকিৎসা সহায়তা নিতে পারেন আক্রান্ত ব্যক্তি। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা অনুযায়ী, এর চিকিৎসায় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, হিপনোথেরাপি এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ব্যবহার করা হয়।
এ ছাড়া কিছু অভ্যাস উপসর্গ সামলাতে সাহায্য করতে পারে। যেমন- শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, বিশ্বাসযোগ্য কারও সঙ্গে নিজের সমস্যা নিয়ে কথা বলা এবং একই ধরনের অভিজ্ঞতা রয়েছে এমন মানুষের সহায়তা নেওয়া। ক্যাফেইন ও এনার্জি ড্রিংক উদ্বেগ বাড়াতে পারে বলে এগুলো এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।
পরিচিত কিছু ফোবিয়া
স্পেসিফিক ফোবিয়াকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে পরিচিত কিছু ফোবিয়া হলো-
প্রাণীসংক্রান্ত ভয়
- অ্যারাকনোফোবিয়া : মাকড়সার ভয়
- সাইনোফোবিয়া : কুকুরের ভয়
- এন্টোমোফোবিয়া : পোকামাকড়ের ভয়
- ওফিডিওফোবিয়া : সাপের ভয়
প্রাকৃতিক পরিবেশের ভয়
- অ্যাক্রোফোবিয়া : উঁচু জায়গার ভয়
- অ্যাকুয়াফোবিয়া : পানির ভয়
- অ্যাস্ট্রাফোবিয়া : বজ্রপাত ও বজ্রধ্বনির ভয়
রক্ত, চিকিৎসা ও আঘাতসংক্রান্ত ভয়
- অ্যালগোফোবিয়া : ব্যথার ভয়
- ডেন্টোফোবিয়া : দাঁতের চিকিৎসার ভয়
- হিমোফোবিয়া : রক্তের ভয়
- ট্রাইপ্যানোফোবিয়া : সুচ বা ইনজেকশনের ভয়
নির্দিষ্ট পরিস্থিতির ভয়
- অ্যারোফোবিয়া : বিমানে ভ্রমণের ভয়
- অ্যাম্যাক্সোফোবিয়া : গাড়ি চালানোর ভয়
- ক্লস্ট্রোফোবিয়া : বদ্ধ জায়গার ভয়
- নিক্টোফোবিয়া : অন্ধকারের ভয়
অন্যান্য
- কুলরোফোবিয়া : ক্লাউনের ভয়
- এমেটোফোবিয়া : বমি করার ভয়
- পাইরোফোবিয়া : আগুনের ভয়
- ট্রাইপোফোবিয়া : গুচ্ছ গুচ্ছ ছোট ছিদ্র বা গর্তের বিন্যাসে তীব্র অস্বস্তি বা ভয়
সাধারণ ভয় মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও, ফোবিয়া দীর্ঘস্থায়ী হলে তা অবহেলা করা উচিত নয়। ভয় যদি দৈনন্দিন জীবন, কাজ বা সম্পর্কের ওপর প্রভাব ফেলে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক চিকিৎসা ও সহায়তায় ফোবিয়ার উপসর্গ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সূত্র : বিবিসি
সময়ের আলো/মহু