হিজাব বা হেলমেট পরলে কি চুল পড়ে, কী বলছেন বিশেষজ্ঞরা

সময়ের আলো ডেস্ক

ফিচার

কেউ কেউ মনে করেন, হিজাব বা হেলমেট পরলে চুলের গোড়ায় বাতাস পৌঁছায় না, ফলে চুল দুর্বল হয়ে যায় এবং ঝরে

2026-11-17T14:18:24+00:00
2026-11-17T14:20:43+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ফিচার
হিজাব বা হেলমেট পরলে কি চুল পড়ে, কী বলছেন বিশেষজ্ঞরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ২:২০ পিএম
বিশেষজ্ঞদের মতে, হিজাব বা হেলমেট পরা সরাসরি চুল পড়ার কারণ নয়। ছবি : সংগৃহীত
কেউ কেউ মনে করেন, হিজাব বা হেলমেট পরলে চুলের গোড়ায় বাতাস পৌঁছায় না, ফলে চুল দুর্বল হয়ে যায় এবং ঝরে পড়ার ঝুঁকি বাড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, এসব ধারণার সরাসরি বৈজ্ঞানিক ভিত্তি নেই।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য অনুযায়ী, বংশগত কারণ, হরমোনের ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি, মানসিক চাপসহ বিভিন্ন কারণে চুল পড়তে পারে। তবে, প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়া এবং সেই অনুপাতে নতুন চুল না গজানোর পরিস্থিতিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অ্যালোপেশিয়া বলা হয়। 

পুরুষদের ক্ষেত্রে সাধারণত অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন বল্ডনেস বেশি দেখা যায়। এতে কপালের দুই পাশ থেকে চুল পাতলা হতে থাকে এবং মাথার মাঝখানে টাক পড়তে পারে। নারীদের ক্ষেত্রে সাধারণত মাথার মাঝখানের সিঁথি ক্রমে চওড়া হয় এবং চুলের ঘনত্ব কমে যায়। বংশগত কারণের পাশাপাশি হরমোনের পরিবর্তন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), গর্ভাবস্থা ও সন্তান জন্মের পরও নারীদের চুল পড়তে পারে।


চিকিৎসকদের মতে, শরীরে প্রোটিন, আয়রন, জিংক, ভিটামিন ডি, ভিটামিন বি-১২ ও বায়োটিনের ঘাটতি হলে চুল দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষ করে আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা চুল পড়ার অন্যতম কারণ। এ ছাড়া হঠাৎ ওজন কমানো, দীর্ঘদিন না খেয়ে থাকা, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, জ্বর, ডেঙ্গু, টাইফয়েড, কোভিড, অস্ত্রোপচার কিংবা সন্তান জন্মের দুই থেকে তিন মাস পরও অতিরিক্ত চুল পড়তে পারে। খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস, ফাঙ্গাল ইনফেকশন এবং অ্যালোপেশিয়া এরিয়াটার মতো রোগও চুল পড়ার কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হিজাব বা হেলমেট পরা সরাসরি চুল পড়ার কারণ নয়। তবে, বাংলাদেশের মতো গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘক্ষণ মাথা ঢেকে রাখলে ঘাম ও আর্দ্রতা জমতে পারে। এতে মাথার ত্বকে খুশকি, ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এ ধরনের সমস্যা থাকলে চুল পড়ার পরিমাণও বেড়ে যেতে পারে।

আবার হিজাব, টুপি কিংবা হেলমেট খুব শক্ত করে পরলে চুলের গোড়ায় নিয়মিত টান পড়তে পারে। একইভাবে প্রতিদিন একই স্টাইলে শক্ত করে চুল বাঁধলেও চুলের ওপর চাপ তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের সমস্যাকে ট্র্যাকশন অ্যালোপেশিয়া বলা হয়। তবে সাধারণভাবে হেলমেট বা টুপি পরলেই এ সমস্যা হয় না। হেলমেট অতিরিক্ত আঁটসাঁট হলে চুল ভেঙে যাওয়া এবং মাথার ত্বকে অস্বস্তি বা সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে।

এ কারণে চিকিৎসকেরা হেলমেটের ভেতরের প্যাড নিয়মিত পরিষ্কার রাখা, ঘামে ভেজা হেলমেট দীর্ঘক্ষণ ব্যবহার না করা এবং গোসলের পর চুল পুরোপুরি শুকিয়ে হেলমেট পরার পরামর্শ দেন। হিজাবের ক্ষেত্রেও অতিরিক্ত আঁটসাঁট করে না বাঁধা এবং মাথার ত্বকে বাতাস চলাচলের সুযোগ রাখার কথা বলেন বিশেষজ্ঞরা।


চুল পড়া কমাতে কী করবেন?

চুল পড়া কমাতে প্রথমেই এর প্রকৃত কারণ শনাক্ত করা জরুরি। বংশগত কারণে চুল পড়লে এক ধরনের চিকিৎসা প্রয়োজন হতে পারে। আবার হরমোনের সমস্যা কিংবা পুষ্টির ঘাটতির কারণে চুল পড়লে সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা ও প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নিতে হতে পারে। তাই অতিরিক্ত চুল পড়া শুরু হলে নিজে নিজে ওষুধ বা সাপ্লিমেন্ট ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, আয়রন, জিংক ও ভিটামিন রাখা প্রয়োজন। ডিম, মাছ, মাংস, ডাল, ছোলা, বাদাম, পালং শাক, লাল শাক, কলা, পেয়ারা, লেবু ও মৌসুমি ফল পুষ্টির ভালো উৎস। বিশেষ করে চুল কেরাটিন নামের প্রোটিন দিয়ে তৈরি হওয়ায় খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকা জরুরি।

নিয়মিত চুল ও মাথার ত্বকের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। প্রতিদিন শ্যাম্পু করা সবার জন্য জরুরি নয়। তবে যারা নিয়মিত ধুলাবালি ও ঘামের মধ্যে থাকেন, তারা প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পর কন্ডিশনার চুলের গোড়ায় না দিয়ে আগায় লাগানো, ভেজা চুল জোরে না আঁচড়ানো এবং চুল শুকাতে অতিরিক্ত গরম হেয়ার ড্রায়ার ব্যবহার না করার পরামর্শ দেন চিকিৎসকেরা। পাশাপাশি চুলে অতিরিক্ত কেমিক্যাল ট্রিটমেন্ট, রিবন্ডিং কিংবা ক্ষতিকর প্রসাধনীর ব্যবহার কমানো উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ, চুল পড়ার সমস্যা দীর্ঘদিন অবহেলা না করে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে হঠাৎ গোছা গোছা চুল পড়া, মাথার ত্বকে ক্ষত, চুলকানি বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। চুলের যত্নের পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণ, সুষম খাবার গ্রহণ এবং মাথার ত্বক পরিষ্কার রাখাও চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
  বিষয়:   হিজাব  হেলমেট  চুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: