কত দিন পরপর চুলে শ্যাম্পু করা উচিত?

সময়ের আলো ডেস্ক

ফিচার

চুল পরিষ্কার রাখতে নিয়মিত শ্যাম্পু করা জরুরি। তবে প্রতিদিন চুল ধোয়া ভালো, নাকি সপ্তাহে এক-দুদিন- এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

2026-11-05T17:36:34+00:00
2026-11-05T17:37:55+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
ফিচার
কত দিন পরপর চুলে শ্যাম্পু করা উচিত?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ৫:৩৭ পিএম
চুল পরিষ্কার রাখতে নিয়মিত শ্যাম্পু করা জরুরি। ছবি : সংগৃহীত
চুল পরিষ্কার রাখতে নিয়মিত শ্যাম্পু করা জরুরি। তবে প্রতিদিন চুল ধোয়া ভালো, নাকি সপ্তাহে এক-দুদিন- এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। আসলে সবার জন্য চুল ধোয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। মাথার ত্বকের ধরন, চুলের গঠন কিংবা জীবনযাপনের ওপর নির্ভর করে ঠিক করতে হয় চুল পরিষ্কারের সময়সূচি।

বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষের জন্য দুই থেকে তিন দিন পরপর বা সপ্তাহে দুই-তিনবার চুল ধোয়া ভালো। তবে, মাথার ত্বক দ্রুত তৈলাক্ত হলে প্রতিদিন বা এক দিন পরপর শ্যাম্পু করার প্রয়োজন হতে পারে। অন্যদিকে, শুষ্ক ও কোঁকড়ানো চুলে ঘন ঘন শ্যাম্পু না করাই ভালো।

যাদের মাথার ত্বক এক দিনের মধ্যেই তৈলাক্ত হয়ে যায়, তাদের তুলনামূলক বেশি ঘন ঘন চুল ধোয়া প্রয়োজন হতে পারে। অতিরিক্ত তেল চুলকে চ্যাপ্টা ও নিস্তেজ করে দেয়। পাশাপাশি ধুলাবালি ও প্রসাধনীর অবশিষ্টাংশও আটকে থাকে। এ ক্ষেত্রে মৃদু শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। চুলের সহনশীলতা অনুযায়ী প্রতিদিন শ্যাম্পু করাও যেতে পারে।


মাথার ত্বক শুষ্ক হলে চুল ধোয়ার পর টানটান ভাব, চুলকানি বা অস্বস্তি দেখা দিতে পারে। শক্তিশালী উপাদানযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে। তাই চুল ধোয়ার বিরতি বাড়ানো এবং ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করা ভালো। তবে, দীর্ঘদিন চুলকানি বা ত্বকে খোসা ওঠার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কোঁকড়ানো ও কুঁচকানো চুলে শুষ্কতা ও ভেঙে যাওয়ার প্রবণতা বেশি। কারণ মাথার ত্বকের প্রাকৃতিক তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সহজে পৌঁছাতে পারে না। তাই সপ্তাহে এক বা দুইবার, প্রয়োজনে আরও কমবার চুল ধোয়া যেতে পারে। পাশাপাশি কন্ডিশনার ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে।

খুশকি থাকলে মাথার ত্বকের তেল নিয়ন্ত্রণ ও মৃত কোষের স্তর দূর করতে নিয়মিত চুল পরিষ্কার করা প্রয়োজন হতে পারে। সমস্যার ধরন ও তীব্রতা অনুযায়ী কিটোকোনাজল বা সেলেনিয়াম সালফাইডযুক্ত চিকিৎসামূলক শ্যাম্পু ব্যবহার করা যায়। ব্যবহারের আগে পণ্যের নির্দেশনা মেনে চলতে হবে। তাতেও সমস্যা না কমলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

প্রতিদিন শ্যাম্পু করলেই চুল পড়ে যায়- এ ধারণা ঠিক নয়। আমেরিকান হেয়ার লস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শ্যাম্পু করার সময় যেসব চুল ঝরে পড়ে, সেগুলোর অনেকগুলোই আগে থেকেই ঝরে যাওয়ার পর্যায়ে ছিল। ধোয়ার সময় সেগুলো একসঙ্গে চোখে পড়ে বলে চুল পড়ার পরিমাণ বেশি মনে হতে পারে।


তবে চুল ধোয়ার সময় অতিরিক্ত ঘষাঘষি, তোয়ালে দিয়ে জোরে মোছা কিংবা নিয়মিত হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার ব্যবহার করলে চুল ভেঙে যেতে পারে। তাই শ্যাম্পু করার সময় মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করতে হবে। ভেজা চুলের যত্নেও সতর্ক থাকা জরুরি।

চুল অতিরিক্ত ঝরতে থাকলে, মাথার কোনো অংশে টাক দেখা দিলে কিংবা সিঁথি ক্রমেই চওড়া হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চুল ধোয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

- মাথার ত্বক ও চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন।
- চুলের পুরো অংশ ঘষার পরিবর্তে মাথার ত্বকে আলতোভাবে শ্যাম্পু ম্যাসাজ করুন।
- অতিরিক্ত গরম পানির পরিবর্তে হালকা গরম পানি ব্যবহার করুন।
- চুল শুষ্ক হলে মাঝখান থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগান।
- তোয়ালে দিয়ে জোরে ঘষে না মুছে আলতোভাবে চেপে পানি শুষে নিন।

প্রতিবার চুল ধোয়ার সময় দুইবার শ্যাম্পু করার প্রয়োজন নেই। তবে, মাথার ত্বক খুব তৈলাক্ত হলে বা চুলে বেশি প্রসাধনী জমে থাকলে দ্বিতীয়বার শ্যাম্পু করা যেতে পারে।

দীর্ঘদিন চুল না ধুলে মাথার ত্বকে তেল, ঘাম, মৃত কোষ ও প্রসাধনীর অবশিষ্টাংশ জমতে পারে। এতে চুলকানি, দুর্গন্ধ ও অস্বস্তি দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে খুশকির সমস্যাও বেড়ে যেতে পারে।

তবে চুল কত দিন না ধুলে তা অস্বাস্থ্যকর হয়ে উঠবে, তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। নিজের মাথার ত্বকের অবস্থা বুঝে চুল ধোয়ার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে ভালো। 

সময়ের আলো/মহু

  বিষয়:   শ্যাম্পু  চুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: