শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে পরিযায়ী পাখি। ছবি : সংগৃহীত শীত এলেই দেশের বিভিন্ন বিল, হাওর ও জলাভূমিতে দেখা মেলে নানা প্রজাতির অতিথি পাখির। সুদূর সাইবেরিয়া, হিমালয় কিংবা শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে এসব পাখি। শীতের কয়েক মাস এখানে কাটিয়ে আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে আবার ফিরে যায় নিজেদের আবাসস্থলে। প্রতিবছর শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি পাখি খাবারের সন্ধান ও প্রতিকূল আবহাওয়া এড়াতে দীর্ঘ পথ পাড়ি দেয়। কিন্তু কোনো মানচিত্র, কম্পাস কিংবা জিপিএস ছাড়াই কীভাবে তারা হাজার হাজার মাইল দূরের গন্তব্য খুঁজে পায়? কখনই-বা বুঝতে পারে কোথায় যেতে হবে?
বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, পরিযায়ী পাখির দিক নির্ণয়ের জন্য রয়েছে বেশ কিছু অসাধারণ প্রাকৃতিক ক্ষমতা। পৃথিবীর চৌম্বকক্ষেত্র, সূর্যের অবস্থান, রাতের আকাশের তারা, ঘ্রাণশক্তি ও স্মৃতির সাহায্যে তারা দীর্ঘ পথের দিক ঠিক রাখে।
পরিযায়ী পাখির দিক নির্ণয়ের অন্যতম বিস্ময়কর ক্ষমতা হলো ম্যাগনেটোরিসেপশন। এর মাধ্যমে তারা পৃথিবীর চৌম্বকক্ষেত্র অনুভব করতে পারে। পৃথিবীর চৌম্বকক্ষেত্র অনেকটা অদৃশ্য কম্পাসের মতো কাজ করে, যা পাখিদের কোন দিকে যেতে হবে তা বুঝতে সাহায্য করে।
বিজ্ঞানীদের ধারণা, পাখির চোখের রেটিনায় থাকা ক্রিপ্টোক্রোম নামের বিশেষ প্রোটিন এই প্রক্রিয়ায় ভূমিকা রাখে। চৌম্বকক্ষেত্রের প্রভাবে পাখির দৃষ্টিতে একধরনের বিশেষ সংকেত তৈরি হতে পারে। ফলে, আকাশ মেঘলা থাকলেও তারা দিক নির্ণয়ে সক্ষম হয়।
এ ছাড়া, পাখির শরীরে থাকা লৌহজাতীয় কণাও চৌম্বকক্ষেত্র অনুভব করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে গবেষণায় ধারণা পাওয়া গেছে।
দিনের বেলায় পরিযায়ী পাখিরা সূর্যের অবস্থান দেখে দিক নির্ধারণ করে। একে বলা হয় সূর্য কম্পাস। তবে শুধু সূর্যের অবস্থান দেখলেই হয় না, এর সঙ্গে পাখির শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়িও কাজ করে। সূর্য দিনের বিভিন্ন সময়ে আকাশে অবস্থান পরিবর্তন করে। পাখিরা নিজেদের অভ্যন্তরীণ সময়ের সঙ্গে সূর্যের অবস্থানের হিসাব মিলিয়ে কোন দিকে যেতে হবে, তা বুঝতে পারে।
বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, পাখির জৈবিক ঘড়ির স্বাভাবিক ছন্দে পরিবর্তন ঘটলে তাদের দিক নির্ণয়ের ক্ষমতাও প্রভাবিত হতে পারে।
আবার অনেক পরিযায়ী পাখি দিনের পরিবর্তে রাতে উড়তে বেশি পছন্দ করে। এ সময় তারা আকাশের নক্ষত্র দেখে দিক নির্ধারণ করে। বিশেষ করে আকাশের নক্ষত্রগুলোর আপাত ঘূর্ণন ও তাদের অবস্থান পর্যবেক্ষণ করে পাখিরা দিক বুঝতে পারে। তরুণ পাখিরা আকাশের নক্ষত্রের বিন্যাস দেখে দিক নির্ণয়ের কৌশল শিখতে পারে। ফলে, অন্ধকার রাতেও দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাদের জন্য সম্ভব হয়।
পাখির পথ চেনার ক্ষেত্রে ঘ্রাণশক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সামুদ্রিক পাখিরা ঘ্রাণের সাহায্যে নিজেদের অবস্থান বুঝতে পারে।
বিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে, স্কোপোলির শিয়ারওয়াটার নামের সামুদ্রিক পাখির ঘ্রাণ নেওয়ার পথ বন্ধ করে দিলে তারা সমুদ্রের ওপর দিয়ে চলার সময় দিক হারিয়ে ফেলে। তবে, স্থলভাগের ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে তাদের সমস্যা তুলনামূলক কম হয়।
এ ছাড়া একবার কোনো পথে চলাচল করলে পাখিরা নদী, পাহাড়, উপকূলীয় এলাকা ও অন্যান্য প্রাকৃতিক বৈশিষ্ট্য মনে রাখতে পারে। পরবর্তী সময়ে এসব পরিচিত স্থান তাদের গন্তব্য খুঁজে পেতে সাহায্য করে।
পরিযায়ী পাখির গন্তব্য নির্ধারণের পেছনে জিনগত বৈশিষ্ট্য ও অভিজ্ঞতা- দুটিই কাজ করে। অনেক প্রজাতির পাখির মধ্যে কখন, কোন ঋতুতে এবং কোন দিকে পরিযান করতে হবে, সে বিষয়ে জন্মগত প্রবণতা থাকে।
পাখিদের এই অসাধারণ দিক নির্ণয় ও পরিযানের ক্ষমতা প্রকৃতির এক বিস্ময়কর ব্যবস্থা। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই হাজার হাজার মাইল দূরের গন্তব্যে পৌঁছানোর এই দক্ষতা বিজ্ঞানীদের কাছেও এখনো গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্র : লাইভ সায়েন্স, ডিসকভার ওয়াইল্ডলাইফ
সময়ের আলো/মহু