বহুল পরিচিত শীতকালীন ফুল গাঁদা। ছবি : সংগৃহীত শীত মানেই কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি, ঝরা পাতা ও কিছুটা নীরবতা। তবে, শীতের এই রুক্ষতার মধ্যেও প্রকৃতি সাজে নানা রঙের ফুলে। বারান্দা, ছাদ কিংবা বাগান সবখানেই দেখা মেলে বাহারি শীতকালীন ফুলের। চলুন, এমন ১০টি জনপ্রিয় শীতকালীন ফুল সম্পর্কে জেনে নেওয়া যাক।
গাঁদা
উজ্জ্বল হলুদ ও কমলা রঙের এই ফুল বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জায় ব্যবহৃত হয়। বাংলাদেশে রাজগাঁদা, কালীগাঁদা, ছোটগাঁদাসহ বিভিন্ন জাতের গাঁদা পাওয়া যায়। বীজ ও শাখা কলমের মাধ্যমে এর চারা তৈরি করা যায়। দোআঁশ মাটি ও পর্যাপ্ত রোদ গাঁদা চাষের জন্য উপযোগী। বাগান ও বারান্দা উভয় জায়গাতেই গাঁদা ফুল ভালো ফোটে।
গোলাপ
ফুলের রানি গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবেও পরিচিত। লাল, সাদা, গোলাপি, হলুদসহ নানা রঙের গোলাপ দেখা যায়। শীতকাল গোলাপের জন্য বেশ উপযোগী। টবে বা বাগানে গোলাপ চাষ করতে পর্যাপ্ত রোদ, পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত উর্বর দোআঁশ মাটি প্রয়োজন।
ডালিয়া
মেক্সিকো ও মধ্য আমেরিকার আদি ফুল ডালিয়া। নানা রঙ ও আকৃতির কারণে শীতকালীন ফুলের মধ্যে এটি বেশ আকর্ষণীয়। আমাদের দেশে সাদা, হলুদ, কমলা, বেগুনি ও গোলাপি রঙের ডালিয়া পাওয়া যায়। বীজ, কন্দ ও ডালকলমের মাধ্যমে এর বংশবিস্তার করা যায়। পর্যাপ্ত সূর্যালোক পেলে ডালিয়া গাছে সুন্দর ফুল ফোটে।
জিনিয়া
মেক্সিকোর আদি ফুল জিনিয়া এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয়। সাদা, হলুদ, লাল, বেগুনি ও কমলাসহ বিভিন্ন রঙের এই ফুল বাগান ও ছাদের টবে চাষ করা যায়। সাধারণত বীজের মাধ্যমে এর চারা তৈরি হয়। উর্বর দোআঁশ মাটি ও পর্যাপ্ত সূর্যালোক জিনিয়া চাষের জন্য উপযোগী।
কসমস
মেক্সিকোর আরেকটি জনপ্রিয় শীতকালীন ফুল কসমস। সাদা, গোলাপি, কমলা ও চকলেট রঙের কসমস বাগানের সৌন্দর্য বাড়ায়। বীজের মাধ্যমে এর বংশবিস্তার করা যায়। অতিরিক্ত পানি এ ফুলের জন্য ভালো নয়। পর্যাপ্ত আলো ও পানি নিষ্কাশনের সুবিধা থাকলে কসমস সহজেই বেড়ে ওঠে।
সূর্যমুখী
সূর্যের দিকে মুখ করে থাকা উজ্জ্বল হলুদ সূর্যমুখী শীতের অন্যতম আকর্ষণ। সৌন্দর্যের পাশাপাশি এর বীজ থেকে তেল উৎপাদন করা হয়। বাগান ছাড়া বড় টবেও সূর্যমুখী চাষ সম্ভব। তবে এর জন্য পর্যাপ্ত সূর্যালোক, পানি ও উপযুক্ত মাটি প্রয়োজন।
চন্দ্রমল্লিকা
চন্দ্রমল্লিকা বা ক্রিসেনথিমাম শীতের পরিচিত ফুল। পূর্ব এশিয়ায় উৎপত্তি হলেও বাংলাদেশে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হলুদ, গোলাপি, বেগুনিসহ নানা রঙের চন্দ্রমল্লিকা বাগান ও টবে চাষ করা যায়। বীজ ও শাখা কলমের মাধ্যমে এর চারা তৈরি হয়। এ ফুলের জন্য পর্যাপ্ত রোদ ও পানি নিষ্কাশনের উপযোগী মাটি প্রয়োজন।
গাজানিয়া
দক্ষিণ আফ্রিকার আদি ফুল গাজানিয়া দেখতে অনেকটা ছোট সূর্যমুখীর মতো। উজ্জ্বল হলুদ, কমলা, লাল ও সাদা রঙের এই ফুলের পাপড়িতে প্রায়ই বৈচিত্র্যময় নকশা দেখা যায়। সকালে ফুল ফোটে, বিকেলে অনেক সময় বন্ধ হয়ে যায়। পর্যাপ্ত রোদ ও পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত মাটিতে গাজানিয়া ভালো জন্মে।
ডেইজি
ছোট আকৃতির ডেইজি দেখতে বেশ আকর্ষণীয়। সাদা, হলুদ ও বিভিন্ন রঙের এই ফুল শীতকালে বেশি ফোটে। গাছ সাধারণত এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা হয়। বীজের মাধ্যমে এর বংশবিস্তার করা যায়। পর্যাপ্ত সূর্যালোক ও উর্বর বেলে দোআঁশ মাটি ডেইজি চাষের জন্য ভালো।
ডায়ান্থাস
ডায়ান্থাস শীতের আরেকটি জনপ্রিয় বাহারি ফুল। এর নামের অর্থ ঈশ্বরের ফুল। ছোট আকৃতির হলেও নানা রঙ ও বৈচিত্র্যময় পাপড়ির কারণে ফুলটি বেশ আকর্ষণীয়। উর্বর বেলে দোআঁশ মাটি এবং দিনে তিন-চার ঘণ্টা রোদ পেলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে।
শীতের প্রকৃতিকে রঙিন করে তুলতে এসব ফুলের জুড়ি নেই। বাড়ির ছাদ, বারান্দা কিংবা ছোট্ট বাগান- যেখানেই হোক, কয়েকটি শীতকালীন ফুলের গাছ বদলে দিতে পারে চারপাশের পরিবেশ। যত্ন ও পরিচর্যায় শীতের এই ফুলগুলো হয়ে উঠতে পারে প্রকৃতির এক টুকরো সৌন্দর্য।
সময়ের আলো/মহু