অপরিচ্ছন্ন শৌচাগার থেকে যেসব রোগ ছড়ায়

সময়ের আলো ডেস্ক

ফিচার

আগামীকাল ১৯ নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস। নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী শৌচাগার ব্যবহারে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা

2026-11-18T13:42:18+00:00
2026-11-18T13:50:27+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ফিচার
আগামীকাল বিশ্ব শৌচাগার দিবস
অপরিচ্ছন্ন শৌচাগার থেকে যেসব রোগ ছড়ায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১:৫০ পিএম
অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর শৌচাগারও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ছবি : সংগৃহীত
আগামীকাল ১৯ নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস। নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী শৌচাগার ব্যবহারে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। তবে শুধু শৌচাগারের অভাবই নয়, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর শৌচাগারও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। অপরিষ্কার কমোড, দূষিত পানি কিংবা শৌচাগার ব্যবহারের পর হাত না ধোয়ার অভ্যাস থেকে ছড়াতে পারে নানা রোগজীবাণু। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার সঙ্গে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, অন্ত্রের কৃমি সংক্রমণ ও পোলিওর মতো রোগের বিস্তারের সম্পর্ক রয়েছে। সংস্থাটির ২০২৬ সালের ৫ নভেম্বর প্রকাশিত স্যানিটেশনবিষয়ক তথ্যে বলা হয়েছে, অনিরাপদ স্যানিটেশনের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৫ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়। এর বড় অংশই ডায়রিয়াজনিত কারণে।


ডায়রিয়া

অপরিচ্ছন্ন শৌচাগারের মাধ্যমে ছড়ানো অন্যতম সাধারণ রোগ ডায়রিয়া। মল থেকে ছড়ানো ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী দূষিত পানি, খাবার কিংবা হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে এ রোগ হতে পারে। ঘন ঘন পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা এর সাধারণ লক্ষণ। অতিরিক্ত পানিশূন্যতা দেখা দিলে পরিস্থিতি প্রাণঘাতীও হতে পারে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, নিরাপদ পানির ব্যবস্থা, উন্নত স্যানিটেশন ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


কলেরা

কলেরা একটি তীব্র ডায়রিয়াজনিত সংক্রামক রোগ। ভিব্রিও কলেরি নামের ব্যাকটেরিয়ায় দূষিত পানি বা খাবার গ্রহণের মাধ্যমে এ রোগ ছড়ায়। এতে আক্রান্ত ব্যক্তির প্রচুর পানির মতো পায়খানা, বমি ও দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে কয়েক ঘণ্টার মধ্যেও রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিরাপদ পানি, উন্নত শৌচাগার ও স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা বজায় রাখা কলেরা প্রতিরোধের অন্যতম উপায়।


আমাশয়

অপরিচ্ছন্ন পরিবেশ ও মলদূষিত খাবার-পানির মাধ্যমে আমাশয়ের জীবাণু ছড়াতে পারে। ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণে এ রোগ হয়। আক্রান্ত ব্যক্তির পেটে ব্যথা, বারবার পায়খানার চাপ এবং কখনো মলের সঙ্গে রক্ত বা শ্লেষ্মা যেতে পারে। বিশেষ করে দূষিত পানি ও খাবার গ্রহণের অভ্যাস এ রোগের ঝুঁকি বাড়ায়।


টাইফয়েড

টাইফয়েড জ্বরের জন্য দায়ী সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া। আক্রান্ত ব্যক্তির মল বা প্রস্রাবের মাধ্যমে পরিবেশ দূষিত হতে পারে। সেই দূষণের সংস্পর্শে আসা পানি ও খাবার গ্রহণ করলে অন্য ব্যক্তিও সংক্রমিত হতে পারেন। দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, দুর্বলতা ও পেটের সমস্যা এ রোগের লক্ষণ হতে পারে। অপর্যাপ্ত স্যানিটেশন ও নিরাপদ পানির অভাব টাইফয়েড ছড়ানোর ঝুঁকি বাড়ায়।

অন্ত্রের কৃমি সংক্রমণ

অপর্যাপ্ত স্যানিটেশন ও মলদূষিত মাটির সংস্পর্শে আসার কারণে অন্ত্রের কৃমি সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশুদের মধ্যে এ সমস্যা বেশি উদ্বেগের। দূষিত মাটিতে খালি পায়ে হাঁটা, অপরিষ্কার হাতে খাবার খাওয়া কিংবা অপরিচ্ছন্ন পরিবেশে খেলাধুলার মাধ্যমে কৃমির ডিম শরীরে প্রবেশ করতে পারে। এতে পেটব্যথা, অপুষ্টি, রক্তস্বল্পতা ও শিশুর স্বাভাবিক শারীরিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।


কীভাবে ছড়ায় জীবাণু?

শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত না ধোয়া জীবাণু ছড়ানোর অন্যতম কারণ। শৌচাগার ব্যবহারের সময় হাতে মলবাহিত জীবাণু লেগে যেতে পারে। পরে সেই হাত দিয়ে খাবার খাওয়া, পানি পান করা কিংবা চোখ, নাক ও মুখ স্পর্শ করলে জীবাণু শরীরে প্রবেশের সুযোগ পায়।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, মানুষের মলে থাকা সালমোনেলা, ই. কোলাই ও নরোভাইরাসের মতো জীবাণু ডায়রিয়ার কারণ হতে পারে। হাত না ধুলে এসব জীবাণু বিভিন্ন বস্তু ও পৃষ্ঠের মাধ্যমে অন্য মানুষের কাছেও ছড়িয়ে পড়তে পারে।

এ ছাড়া শৌচাগার নিয়মিত পরিষ্কার না করা, অপর্যাপ্ত পানি সরবরাহ, মলমূত্রের সঠিক নিষ্কাশন না হওয়া এবং খাবার তৈরির জায়গার সঙ্গে শৌচাগারের অপরিচ্ছন্নতার সংযোগ থাকাও সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

অপরিচ্ছন্ন শৌচাগার থেকে রোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি শৌচাগারের পরিবেশ পরিষ্কার রাখাও জরুরি। এ ক্ষেত্রে কয়েকটি অভ্যাস মেনে চলা প্রয়োজন।

- প্রতিবার শৌচাগার ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।
- কমোড, ফ্লাশ, পানির কল, দরজার হাতল ও মেঝে নিয়মিত পরিষ্কার করতে হবে।
- শৌচাগারে পর্যাপ্ত পানি ও সাবানের ব্যবস্থা রাখতে হবে।
- শৌচাগার ব্যবহারের পর ফ্লাশ করতে হবে এবং মলমূত্রের নিরাপদ নিষ্কাশন নিশ্চিত করতে হবে।
- খাবার তৈরি ও খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে হবে।
- নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে হবে।
- শিশুদের শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

সিডিসির পরামর্শ অনুযায়ী, সাবান ও পরিষ্কার প্রবাহমান পানি দিয়ে হাত ধোয়া জীবাণু দূর করার এবং সংক্রমণ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

ডায়রিয়া বা বমি হলে শরীর থেকে দ্রুত পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। এ অবস্থায় পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত খাবার স্যালাইন খাওয়ানো এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মলের সঙ্গে রক্ত গেলে, অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে, প্রস্রাব কমে গেলে কিংবা পান করতে না পারলে দ্রুত চিকিৎসা নিতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

সূত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসি

সময়ের আলো/মহু

  বিষয়:   শৌচাগার  রোগ  টয়লেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: