সংগৃহীত ছবিউনিশ শতকের শুরুর দিকে স্কটল্যান্ডের এডিনবরায় চিকিৎসাশিক্ষার জন্য হঠাৎ করেই বেড়ে যায় মরদেহের চাহিদা। মানবদেহ ব্যবচ্ছেদ করে চিকিৎসা শেখার প্রয়োজন থাকলেও বৈধভাবে মরদেহ সংগ্রহের সুযোগ ছিল খুবই সীমিত। আর এই সংকটকেই অর্থ উপার্জনের সুযোগ হিসেবে দেখেছিলেন উইলিয়াম বার্ক ও উইলিয়াম হেয়ার। প্রথমে নিজেদের বাড়ির এক মৃত ভাড়াটের দেহ চিকিৎসকের কাছে বিক্রি করে ভালো অঙ্কের টাকা পান তারা। কিন্তু সেই লোভ একসময় তাদের নিয়ে যায় ভয়াবহ অপরাধের পথে। মরদেহের চাহিদা মেটাতে এরপর আর স্বাভাবিক মৃত্যুর অপেক্ষা করেননি বরং মানুষ হত্যা করে তাদের দেহ বিক্রি করতে শুরু করে। প্রায় ১০ মাসে অন্তত ১৬ জনকে হত্যার এই ঘটনা পরে ইতিহাসে কুখ্যাত হয়ে ওঠে ‘বার্ক অ্যান্ড হেয়ার মার্ডার্স’ নামে। তথ্যসূত্র : ন্যাশনাল লাইব্রেরি অব স্কটল্যান্ড, ইউনিভার্সিটি অব এডিনবরা ও যুক্তরাজ্যের পার্লামেন্ট।
চিকিৎসাশিক্ষার জন্য হাহাকার : তখন ইউরোপে অস্ত্রোপচার ও শারীরবিদ্যার চর্চা দ্রুত এগোচ্ছিল। চিকিৎসকদের কাছে মানবদেহের ভেতরের গঠন সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। শুধু বই পড়ে বা চিত্র দেখে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান, গঠন ও পারস্পরিক সম্পর্ক বোঝা সম্ভব ছিল না। এ জন্য প্রয়োজন ছিল মরদেহ ব্যবচ্ছেদ করে হাতে-কলমে শেখার।
নেপোলিয়নিক যুদ্ধের সময় এবং তার পরবর্তী বছরগুলোতে প্রশিক্ষিত সার্জনের চাহিদা বেড়ে যায়। একই সঙ্গে চিকিৎসাশিক্ষার পাঠ্যক্রমেও অ্যানাটমি ও ব্যবচ্ছেদের গুরুত্ব বাড়ে। স্কটল্যান্ডের এডিনবরা তখন চিকিৎসাশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। শহরটিতে একাধিক চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত অ্যানাটমি স্কুল গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বাড়ার সঙ্গে সঙ্গে মরদেহের প্রয়োজনও বাড়তে থাকে।
এডিনবরার অন্যতম পরিচিত অ্যানাটমি শিক্ষক ছিলেন চিকিৎসক রবার্ট নক্স। সার্জন স্কয়ারে তার পরিচালিত শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা মানবদেহের গঠন সম্পর্কে পাঠ নিতেন। কিন্তু প্রয়োজন অনুযায়ী মরদেহ পাওয়া কঠিন হয়ে উঠেছিল। সে সময়কার আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড পাওয়া অপরাধীদের দেহ ব্যবচ্ছেদের জন্য ব্যবহার করার সুযোগ ছিল। ১৭৫২ সালের ‘মার্ডার অ্যাক্ট’ এ ক্ষেত্রে একটি আইনি পথ তৈরি করেছিল। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর সংখ্যা চিকিৎসাশিক্ষার বিপুল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ছিল না।
অন্যদিকে, সাধারণ মানুষ মারা যাওয়ার পর তাদের দেহ চিকিৎসাবিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য স্বেচ্ছায় দেওয়ার সুসংগঠিত আইনি ব্যবস্থা তখনও গড়ে ওঠেনি। ফলে চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মরদেহ সংগ্রহের বিকল্প পথ খুঁজতে হতো। এই ঘাটতি থেকেই জন্ম নেয় মরদেহ চুরির একটি অবৈধ ব্যবসা।
কবর থেকে মরদেহ তুলে বিক্রি : সেই সময় মরদেহ চুরি করে চিকিৎসকদের কাছে বিক্রি করত একদল মানুষ। তাদের বলা হতো ‘রেজারেকশনিস্ট’। রাতের অন্ধকারে কবরস্থান থেকে সদ্য দাফন করা দেহ তুলে এনে বিভিন্ন অ্যানাটমি স্কুলে সরবরাহ করত তারা। চিকিৎসকদের কাছে এসব দেহের চাহিদা থাকায় কাজটি লাভজনক হয়ে উঠেছিল। অনেক ক্ষেত্রে মরদেহের উৎস নিয়ে খুব বেশি প্রশ্নও করা হতো না।
কিন্তু স্বজনদের কাছে প্রিয়জনের দেহ এভাবে কবর থেকে তুলে নেওয়ার আশঙ্কা ছিল অত্যন্ত আতঙ্কের। এডিনবরায় কবর চুরির ঘটনা এতটাই পরিচিত হয়ে উঠেছিল যে অনেক পরিবার মরদেহের সুরক্ষায় নিজস্ব ব্যবস্থা গ্রহণ করে। কেউ সদ্য দাফন করা স্বজনের কবরের পাশে দিনের পর দিন পাহারা দিতেন। আবার কোথাও কবরের ওপর বসানো হতো ভারী লোহার কাঠামো। এসব কাঠামো ‘মর্টসেফ’ নামে পরিচিত ছিল। কিছু ক্ষেত্রে লোহার খাঁচা বা বিশেষ নিরাপত্তাব্যবস্থায় কবর ঢেকে রাখা হতো, যাতে চোরেরা সহজে দেহ তুলে নিতে না পারে।
কবর থেকে মরদেহ চুরি করাও ঝুঁকিপূর্ণ ছিল। পাহারা, লোহার কাঠামো এবং পরিবারের নজরদারির কারণে সদ্য দাফন করা দেহ সংগ্রহ কঠিন হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে দ্রুত ও অক্ষত মরদেহ সরবরাহের জন্য আরও ভয়ংকর পথ বেছে নেন বার্ক ও হেয়ার।
এক ভাড়াটের মৃত্যু থেকে শুরু : উইলিয়াম বার্ক ও উইলিয়াম হেয়ার— দুজনই ছিলেন আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডে আসা অভিবাসী। তাদের পরিচয় হয় এডিনবরার ওয়েস্ট পোর্ট এলাকায়। হেয়ারের একটি আবাসিক বাড়ি ছিল, যেখানে ভাড়াটেরা থাকতেন। বার্কও একসময় সেখানে বসবাস শুরু করেন। পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বাড়ির দেখাশোনায় হেয়ারের স্ত্রী মার্গারেটও যুক্ত ছিলেন।
১৮২৭ সালের শেষদিকে তাদের বাড়ির এক বৃদ্ধ ভাড়াটে মারা যান। ইতিহাসে তিনি ‘ওল্ড ডোনাল্ড’ নামে পরিচিত। তার শরীরে পানি জমার রোগ ছিল, যা সে সময় ‘ড্রপসি’ নামে পরিচিত ছিল। মৃত্যুর সময় তার কিছু ভাড়া বকেয়া ছিল। বিষয়টি নিয়ে চিন্তা না করে হেয়ার ও বার্ক বরং মৃত ব্যক্তির দেহ থেকে অর্থ আয়ের সুযোগ খুঁজতে থাকেন।
তারা প্রথমে মৃত ব্যক্তিকে কফিনে রাখেন। পরে কফিন থেকে দেহটি সরিয়ে অন্য উপকরণ দিয়ে সেটি পূর্ণ করে দাফনের ব্যবস্থা করেন। এরপর মরদেহ নিয়ে যান চিকিৎসক রবার্ট নক্সের কাছে। প্রথমে তারা চিকিৎসক আলেকজান্ডার মনরোর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। পরে তাদের নক্সের কাছে পাঠানো হয়। নক্স দেহটি গ্রহণ করেন এবং বিনিময়ে দেন ৭ পাউন্ড ১০ শিলিং। সে সময়ের হিসাবে এটি ছিল উল্লেখযোগ্য অর্থ।
এই ঘটনাই দুই ব্যক্তির কাছে নতুন একটি সম্ভাবনার দরজা খুলে দেয়। কবর থেকে দেহ চুরি করার বদলে সরাসরি মরদেহ সংগ্রহ করতে পারলে আরও বেশি অর্থ পাওয়া সম্ভব— এমন ধারণা তৈরি হয় তাদের মধ্যে। কিন্তু এরপর তারা আর স্বাভাবিক মৃত্যুর অপেক্ষা করেনি। শুরু হয় পরিকল্পিত হত্যাকাণ্ড।
মরদেহের জন্য মানুষ হত্যা : ১৮২৮ সালের শুরুর দিকে বার্ক ও হেয়ার নিজেদের বাড়িতে মানুষ হত্যা করে দেহ বিক্রি করতে শুরু করে। তাদের কৌশল ছিল সহজ-সরল ও অসহায় মানুষকে বাড়িতে নিয়ে আসা। কখনো থাকার জায়গার আশ্বাস দেওয়া হতো, কখনো পরিচয়ের সূত্র ধরে মানুষকে কাছে টানা হতো। বাড়িতে আনার পর খাবার ও মদ্যপানের মাধ্যমে শিকারকে অচেতন বা দুর্বল করে ফেলা হতো। এরপর শ্বাসরোধ করে হত্যা করা হতো তাদের।
দেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না রাখার বিষয়েও সতর্ক ছিলেন তারা। কারণ চিকিৎসাশিক্ষার কাজে ব্যবহারের জন্য সদ্য মৃত ও তুলনামূলক অক্ষত দেহের চাহিদা ছিল বেশি। প্রচলিত বিবরণ অনুযায়ী, শিকারদের বুকের ওপর শরীরের ভার প্রয়োগ করে শ্বাস বন্ধ করে দেওয়া হতো। পরবর্তীতে এ ধরনের শ্বাসরোধের পদ্ধতি ‘বার্কিং’ নামে পরিচিত হয়ে ওঠে।
প্রায় ১০ মাস ধরে এই হত্যাকাণ্ড চালায় তারা। তাদের শিকারদের অধিকাংশই ছিলেন দরিদ্র নারী, যাদের নিখোঁজ হওয়ার খবর সমাজে খুব একটা গুরুত্ব পেত না। কারও স্থায়ী ঠিকানা ছিল না, কেউ ছিলেন ভাসমান জীবনযাপনে অভ্যস্ত, আবার কেউ জীবিকার তাগিদে শহরে এসেছিলেন। তাদের এমন পরিস্থিতিকেই কাজে লাগিয়েছিল দুই অপরাধী।
নিহতদের মধ্যে মেরি প্যাটারসন, জেমস উইলসন ও মার্গারেট ডোহার্টির নাম বিশেষভাবে আলোচিত। জেমস উইলসন স্থানীয়ভাবে ‘ডাফট জেমি’ নামে পরিচিত ছিলেন। তিনি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবন কাটাতেন এবং শহরের মানুষের কাছে পরিচিত ছিলেন। মেরি প্যাটারসন ছিলেন তরুণী। আর মার্গারেট ডোহার্টি ছিলেন তাদের শেষদিকের শিকার। এসব নাম পরবর্তীতে তদন্ত ও বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
বার্ক ও হেয়ার প্রতিটি দেহ নক্সের অ্যানাটমি স্কুলে পৌঁছে দিত। নক্স ও তার সহযোগীরা দেহগুলোর বিনিময়ে অর্থ দিতেন। তাদের কাছ থেকে পাওয়া অর্থের পরিমাণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে কিছু পার্থক্য রয়েছে। তবে দেহ বিক্রি থেকে যে তারা উল্লেখযোগ্য অর্থ পেতেন, সে বিষয়ে সন্দেহ নেই। চিকিৎসাশিক্ষার জন্য মরদেহের সংকট তাদের অপরাধের একটি লাভজনক বাজার তৈরি করে দিয়েছিল।
শেষ শিকার যেভাবে ফাঁস করল অপরাধ : ১৮২৮ সালের ৩১ অক্টোবর রাতে মার্গারেট ডোহার্টিকে হত্যা করা হয়। পরে তার দেহ বাড়ির একটি বিছানার নিচে লুকিয়ে রাখা হয়। কিন্তু বাড়ির অন্য বাসিন্দারা বিষয়টি টের পেয়ে যান। তারা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিতে বেরিয়ে গেলে বার্ক ও হেয়ার দ্রুত সেটি সরিয়ে ফেলে। পরে মরদেহটি নক্সের ব্যবচ্ছেদকক্ষে পৌঁছে দেওয়া হয়।
এদিকে পুলিশ বাড়িতে এসে তল্লাশি চালালেও প্রথমে মরদেহটি পায়নি। তবে বার্ক ও তার সঙ্গীদের বক্তব্যে অসংগতি ধরা পড়ে। তদন্তকারীদের সন্দেহ বাড়লে চিকিৎসাকেন্দ্রে খোঁজ নেওয়া হয়। শেষ পর্যন্ত নক্সের অ্যানাটমি স্কুলে ডোহার্টির দেহ শনাক্ত করা হয়। এরপরই সামনে আসতে থাকে একের পর এক হত্যাকাণ্ডের তথ্য।
১৮২৮ সালের ৩ নভেম্বর বার্ক, হেয়ার এবং তাদের স্ত্রীদের আটক করা হয়। তদন্তে দেখা যায়, এটি কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়। দীর্ঘ সময় ধরে দরিদ্র ও অসহায় মানুষকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার উদ্দেশ্য ছিল তাদের দেহ বিক্রি করে অর্থ পাওয়া।
তবে অপরাধের বিচার একভাবে হয়নি। তদন্তকারীরা হেয়ারকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেন। নিজের মুক্তির বিনিময়ে তিনি বার্কের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বার্কের বিরুদ্ধে মামলা এগিয়ে নেওয়া হয়। হেয়ার ও তার স্ত্রীকে পরে মুক্তি দেওয়া হয়। বার্কের সঙ্গী হেলেন ম্যাকডুগালও অভিযোগ থেকে রেহাই পান।
১৮২৮ সালের ২৪ ডিসেম্বর বার্কের বিচার শুরু হয়। বড়দিনের সময় হওয়ায় ঘটনাটি আরও আলোচনায় আসে। দীর্ঘ শুনানির পর আদালত তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। ১৮২৯ সালের ২৮ জানুয়ারি এডিনবরার লনমার্কেটে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় তাকে। আদালতের রায় অনুযায়ী, তার দেহ ব্যবচ্ছেদের জন্য চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়। ১৭৫২ সালের আইন অনুসারেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
হেয়ারের পরিণতি অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি। মুক্তি পাওয়ার পর সে কোথায় যায়, কীভাবে জীবন কাটায়— তা নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কিছু বিবরণে বলা হয়, সে আয়ারল্যান্ডে ফিরে গিয়েছিল। আবার তার শেষ জীবন নিয়ে অন্য কিছু কাহিনিও পাওয়া যায়। তবে নির্ভরযোগ্য নথিতে তার পরবর্তী জীবনের স্পষ্ট বিবরণ নেই।
কঙ্কাল হয়ে রইলেন নিজেরই ব্যবসার সাক্ষী : বার্কের মৃত্যুর পর তার দেহ ব্যবচ্ছেদ করা হয়। পরে কঙ্কালটি সংরক্ষণ করা হয় এডিনবরার বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি সংগ্রহে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমিক্যাল মিউজিয়ামে তার কঙ্কাল সংরক্ষিত রয়েছে। যে মরদেহের ব্যবসা করতে গিয়ে সে একের পর এক মানুষ হত্যা করেছিল, মৃত্যুর পর তার নিজের দেহও শেষ পর্যন্ত ব্যবচ্ছেদের উপকরণে পরিণত হয়। ইতিহাসের এই পরিণতি ঘটনাটিকে আরও আলোচিত করে তুলেছে।
অন্যদিকে, চিকিৎসক রবার্ট নক্সের জীবনেও এই কেলেঙ্কারির বড় প্রভাব পড়ে। তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন— এমন প্রমাণ আদালতে প্রতিষ্ঠিত হয়নি। বার্কের স্বীকারোক্তিতেও নক্স হত্যার বিষয়ে কিছু জানতেন না বলে উল্লেখ করা হয়। তবে দুই ব্যক্তি এতগুলো মরদেহ কোথা থেকে সংগ্রহ করছিলেন, সে বিষয়ে যথেষ্ট খোঁজ না নেওয়ায় তার বিরুদ্ধে প্রশ্ন ওঠে। জনমনে নক্সের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। তার পেশাগত সুনাম নষ্ট হয় এবং এডিনবরার চিকিৎসাশিক্ষা অঙ্গনেও তিনি আগের অবস্থান ধরে রাখতে পারেননি। পরবর্তীতে তিনি লন্ডনে চলে যান। ১৮৬২ সালে সেখানেই তার মৃত্যু হয়।
অপরাধের পর বদলে যায় আইন : বার্ক ও হেয়ারের হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর ব্রিটেনে মরদেহ সংগ্রহের আইন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে এই সংকট তাদের অপরাধের সঙ্গে শুরু হয়নি। দীর্ঘদিন ধরেই চিকিৎসাশিক্ষার জন্য বৈধ মরদেহের সরবরাহ কম ছিল। কবরচুরি, অবৈধ ব্যবসা এবং দরিদ্র পরিবারের অসহায়ত্ব নিয়ে চিকিৎসক, আইনপ্রণেতা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল।
১৮২৮ সালেই ব্রিটিশ পার্লামেন্ট মরদেহ সংগ্রহের সমস্যা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। তবে প্রথম দফায় আইন পরিবর্তনের উদ্যোগ সফল হয়নি। চিকিৎসাশিক্ষার প্রয়োজন মেটানোর পাশাপাশি দরিদ্র মানুষের মরদেহ ব্যবহারের নৈতিকতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বার্ক ও হেয়ারের অপরাধ সেই বিতর্ককে আরও তীব্র করে তোলে।
অবশেষে ১৮৩২ সালের ১ আগস্ট ‘অ্যানাটমি অ্যাক্ট’ পাস হয়। এর মাধ্যমে চিকিৎসাশিক্ষা ও গবেষণার জন্য মরদেহ ব্যবহারের একটি নিয়ন্ত্রিত আইনি ব্যবস্থা তৈরি করা হয়। হাসপাতাল, কারাগার ও দরিদ্রনিবাসে মারা যাওয়া যেসব মানুষের দেহ কেউ দাবি করত না, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সেগুলো ব্যবচ্ছেদের কাজে ব্যবহারের সুযোগ তৈরি হয়। মৃত ব্যক্তির আপত্তি থাকলে তার দেহ ব্যবচ্ছেদ করা যাবে না— এমন বিধানও রাখা হয়েছিল। পাশাপাশি দেহ সরানোর আগে নির্দিষ্ট সময় অপেক্ষা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নিয়ম করা হয়।
আইনটি মরদেহ চুরির অবৈধ ব্যবসা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এরও সমালোচনার জায়গা ছিল। কারণ আইনি ব্যবস্থার আওতায় দরিদ্র, পরিবারহীন ও দাবিদারহীন মানুষের দেহই বেশি করে চিকিৎসাশিক্ষার কাজে ব্যবহৃত হতে থাকে। সমাজের বিত্তবান মানুষের তুলনায় দরিদ্রদের মরদেহ ব্যবচ্ছেদের টেবিলে যাওয়ার আশঙ্কা ছিল অনেক বেশি। অর্থাৎ অবৈধ ব্যবসা কমলেও মানবদেহের অধিকার ও সম্মতির প্রশ্নটি পুরোপুরি সমাধান হয়নি।
বর্তমানে চিকিৎসাশিক্ষায় মরদেহ ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছায় দেহদানের ব্যবস্থা রয়েছে। ব্যক্তির সম্মতি, আইনি অনুমোদন ও নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করেই এসব দেহ শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণার কাজে ব্যবহার করা হয়।
সময়ের আলো/প্রিন্ট/জোই