ডেঙ্গুর থাবায় মুছে গেল ছোট্ট নুসাইবার হাসি

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ছোট্ট নুসাইবার বয়স মাত্র ৬ বছর ৮ মাস। এই বয়সে তার পৃথিবীজুড়ে ছিল পরিবার, স্কুল আর খেলার সাথিরা। চঞ্চল স্বভাবের

2026-11-16T21:38:34+00:00
2026-11-16T21:38:59+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিবিধ
ডেঙ্গুর থাবায় মুছে গেল ছোট্ট নুসাইবার হাসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৯:৩৮ পিএম
প্রতীকী ছবি
ছোট্ট নুসাইবার বয়স মাত্র ৬ বছর ৮ মাস। এই বয়সে তার পৃথিবীজুড়ে ছিল পরিবার, স্কুল আর খেলার সাথিরা। চঞ্চল স্বভাবের নুসাইবা বাড়ির সবাইকে মাতিয়ে রাখত। তার হাসি, দুষ্টুমি আর ছোটাছুটিতে মুখর থাকত পরিবারের প্রতিটি মুহূর্ত।

দুই বছরের বড় বোনের সঙ্গে একই ক্লাসে পড়ত সে। শুধু সহপাঠী নয়, বোন ছিল তার সবচেয়ে কাছের খেলার সাথিও। স্কুলে যাওয়া, একসঙ্গে সময় কাটানো কিংবা ঘরের ভেতর খুনসুটি; দুই বোনের দিনগুলো যেন এক সুতোয় বাঁধা ছিল।

কিন্তু সেই চেনা দিনগুলো হঠাৎ করেই বদলে গেল। ডেঙ্গুতে আক্রান্ত হয় নুসাইবা। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে চিকিৎসকদের চেষ্টা আর পরিবারের অপেক্ষার মধ্য দিয়ে কাটছিল সময়। প্রতিটি মুহূর্তে হয়তো স্বজনদের মনে ছিল একটাই আশা—নুসাইবা সুস্থ হয়ে আবার বাড়ি ফিরবে। কিন্তু সেই অপেক্ষার শেষটা হলো না।

সোমবার (১৬ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ বছর বয়সী নুসাইবা তাসনিম। যে বয়সে তার স্কুলের ক্লাস, খেলাধুলা আর বেড়ে ওঠার কথা, সেই বয়সেই থেমে গেল তার জীবন।

নুসাইবার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোক। যে ঘরে তার হাসি আর দুষ্টুমিতে সময় কাটত, সেখানে এখন শুধুই শূন্যতা। সবচেয়ে বেশি বদলে গেল তার বড় বোনের পৃথিবী। একই ক্লাসে পড়া, একসঙ্গে বেড়ে ওঠা, প্রতিদিনের খেলার সাথি—সেই ছোট বোনটি আর ফিরবে না। বোনের সঙ্গে ভাগ করে নেওয়া স্কুলের দিনগুলো থাকবে, থাকবে একসঙ্গে খেলার স্মৃতি; শুধু পাশে থাকবে না নুসাইবা।

একটি পরিবার হারাল তাদের ছোট্ট মেয়েকে, আর এক শিশু হারাল তার সবচেয়ে কাছের সঙ্গীকে। ডেঙ্গু কেড়ে নিল ছোট্ট নুসাইবার জীবন। তার পরিবারের কাছে এই শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয়।

নুসাইবা তাসনিম দৈনিক সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মারের আদরের ভাতিজি। নুসাইবার মৃত্যুতে দৈনিক সময়ের আলো পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। মৃত্যুগুলো কেবলই সংখ্যা নয়, প্রতিটি মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে একেকটি পরিবারের অপূরণীয় ক্ষতির চিহ্ন।

সময়ের আলো/কেআই
  বিষয়:   ডেঙ্গু  নুসাইবা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: