আগামীকাল মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

সময়ের আলো ডেস্ক

বিবিধ

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর)। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রামের এই আপসহীন

2026-11-16T18:25:45+00:00
2026-11-16T18:28:04+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিবিধ
আগামীকাল মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৬:২৮ পিএম
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। ছবি : সংগৃহীত
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর)। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রামের এই আপসহীন নেতা উপমহাদেশের প্রগতিশীল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে তিনি পরিচিতি পান ‘মজলুম জননেতা’ ও ‘লাল মাওলানা’ হিসেবে।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সন্তোষ, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

ইতোমধ্যে সন্তোষে তার মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাজার প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে। এ ছাড়া টাঙ্গাইল শহরসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং স্মরণানুষ্ঠান হচ্ছে।


মৃত্যুবার্ষিকীর দিন সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে। মাওলানা ভাসানীর পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিরাও মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। শৈশবে মা-বাবাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। প্রথাগত শিক্ষার পাশাপাশি ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দে ইসলামি দর্শন ও সমাজতত্ত্বে উচ্চতর জ্ঞান অর্জন করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু হলেও পরবর্তী সময়ে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেই নিজেকে নিয়োজিত করেন।

আসামের ধুবড়ী জেলার ভাসানচরে বসবাসের সময় প্রজাস্বত্ব ও কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিশেষ পরিচিতি পান তিনি। এ আন্দোলনে তার অবদানের স্বীকৃতি হিসেবে জনতা তাকে ‘ভাসানী’ উপাধিতে ভূষিত করে।

মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ছিল এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণাধিকার ও মুক্তির সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্রিটিশ আমলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ ও ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তোলেন। জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। ১৯৪৭ সালের সিলেট গণভোটে সিলেটকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করার আন্দোলনেও তিনি সামনের সারিতে নেতৃত্ব দেন।


পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন তিনি। পরে অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিকে সংগঠিত করতে ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে এ আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন।

১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তিনি ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন। এর মধ্য দিয়ে পূর্ব বাংলার সম্ভাব্য স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন বলে রাজনৈতিক ইতিহাসে ঘটনাটি বিশেষ গুরুত্ব পায়।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আইয়ুব খানের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন ভাসানী। তার নেতৃত্বে রাজপথের আন্দোলন তীব্র হলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে সরকার বাধ্য হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে কাজ করেন।

স্বাধীনতার পরও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন মাওলানা ভাসানী। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তিনি। ৯৬ বছর বয়সে বার্ধক্য উপেক্ষা করে তার এই পদযাত্রা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ক্ষমতা বা পদ-পদবি নয়, শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। কৃষক-শ্রমিকের স্বার্থে আপসহীন অবস্থান এবং সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের কারণে তিনি দেশ-বিদেশে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পান। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন ও ত্যাগের জন্যও তিনি স্মরণীয় হয়ে আছেন।

জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার এবং ২০০২ সালে একুশে পদকে ভূষিত করা হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   মাওলানা ভাসানী  মৃত্যুবার্ষিকী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: