প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১২:৪৭ এএম
ছবি : সংগৃহীত নেপালের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে ইস্ট পর্বতশৃঙ্গ জয় করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) তিন সদস্য। গত ১৪ নভেম্বর বিখ্যাত নেপালি পর্বতারোহী ও গাইড তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে তারা সফলভাবে চূড়ায় আরোহণ করেন। তিন পর্বতারোহী হলেন প্রকৌশলী কাওছার রূপক, ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির।
‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’-এ অংশ নিতে দলের সদস্যরা বিভিন্ন সময়ে ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন। ৭ নভেম্বর ফাকদিংয়ে একত্রিত হওয়ার পর শুরু হয় তাদের মূল অভিযান। নামচে বাজার, ফোর্চে, ডিংবোচে ও থুকলা হয়ে কয়েক দিনের দীর্ঘ ট্রেকিং শেষে ১৩ নভেম্বর তারা পৌঁছান ৫ হাজার ২০০ মিটার উচ্চতার লবুচে হাই ক্যাম্পে।
পরদিন ১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে শুরু হয় চূড়ান্ত শৃঙ্গারোহণ। রাতের অন্ধকারে হেডল্যাম্পের আলোয় পাথুরে ও বরফাচ্ছাদিত খাড়া পথ পাড়ি দেন পর্বতারোহীরা। এ সময় ফিক্সড রোপ ও জুমারের সহায়তায় তারা সামনে এগিয়ে যান। দীর্ঘ ও কষ্টসাধ্য আরোহণ শেষে সকাল ৬টায় প্রথমে চূড়ায় পৌঁছান কাওছার রূপক। পরে সকাল ৮টায় শৃঙ্গ জয় করেন ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির।
তিন পর্বতারোহীরই রয়েছে উল্লেখযোগ্য উচ্চতার পর্বত আরোহণের অভিজ্ঞতা। কাওছার রূপক এর আগে আমা দাবলামসহ ৬ হাজার মিটারের বেশি উচ্চতার একাধিক পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন। ডা. শাহনাজ আক্তার ২০২৫ সালে জয় করেন ৬ হাজার ৪৭৬ মিটার উচ্চতার মেরা পিক। অন্যদিকে শামীম সাব্বির ২০১২ সালে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ নেন। পরে ভারতের ৬ হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ শৃঙ্গেও সফলভাবে আরোহণ করেন।
তিন সদস্যের সফল শৃঙ্গারোহণের মধ্য দিয়ে বিএমটিসির ‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’ সম্পন্ন হয়েছে। তাদের এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণের অগ্রযাত্রায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।
সময়ের আলো/এসএকে